ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশার লার্ভা নিধন অভিযান শুরু


খুলনায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশার লার্ভা নিধন অভিযান শুরু

খুলনা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : মহানগরীতে ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মশার লার্ভা নিধন অভিযান শুরু করা হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সকাল সাড়ে ৯টায় নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রশাসক উল্লেখ করেন, মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কেসিসি সর্বশক্তি নিয়োগ করে কাজ করছে। তিনি বলেন, ওষুধ স্প্রে করে মশা নিয়ন্ত্রণ করা গেলেও সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এডিস মশার বংশবিস্তার রোধ করতে হলে আমাদের নিশ্চিত করতে হবে যে ঘরের ভেতর, ছাদ, বারান্দা এবং আশপাশে কোথাও ৩ দিনের বেশি পানি জমে না থাকে। প্রশাসক আরও বলেন, এই লড়াইয়ে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

মশার লার্ভা নিধন অভিযান সফল করার জন্য বিদ্যমান লোকবলের পাশাপাশি ৩১টি ওয়ার্ডে অতিরিক্ত ৫ জন স্প্রেম্যান নিযুক্ত করা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিটি ওয়ার্ডের ড্রেনসহ সকল জলাবদ্ধ পানিতে এবং বাড়ির অভ্যন্তরীণ ড্রেনসমূহে মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানোর কাজ করবে। আজ থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে এবং চলতি মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে।

ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রশাসক। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা অপসারণসহ নিজ নিজ বাড়ির আঙ্গিনা নিয়মিত পরিষ্কার রাখতে। একইসাথে এই উদ্যোগ সফল করতে মাঠ পর্যায়ে কর্মরত সকলকে কাজ করার নির্দেশ দেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, মো. ইসহাক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেসিসি’র সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প একটি চিঠিতে উল্লেখ করেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

সোমবার, হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে এই কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্যটি নিশ্চিত করেছেন।

চিঠির মধ্যে ট্রাম্প উল্লেখ করেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এবং দেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।

ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একইসঙ্গে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন।

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ বছর পর বিগ ব্যাশে ফিরছেন বেন স্টোকস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


৮ বছর পর বিগ ব্যাশে ফিরছেন বেন স্টোকস

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকস এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) ফিরে আসছেন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৬-১৭ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। বিগ ব্যাশে সর্বশেষ তিনি ২০১৭-১৮ মৌসুমে অংশগ্রহণ করেছিলেন।

সেভেন নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্টোকসকে দলে নেওয়ার জন্য অ্যাডিলেড স্ট্রাইকার্স প্রায় ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার) খরচ করেছে।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। পেইনের অধীনে এবার খেলতে যাচ্ছেন স্টোকস, যিনি একসময় অ্যাশেজে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হয়েছিলেন।

দলে যোগ দেওয়া নিয়ে স্টোকস মন্তব্য করেন, ‘অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। অ্যাডিলেড ওভাল ক্রিকেট খেলার জন্য দারুণ একটি জায়গা। নতুন সতীর্থদের সঙ্গে মিলে দলের সাফল্যের জন্য নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।’

স্টোকসকে পেয়ে উচ্ছ্বসিত কোচ টিম পেইনও বলেন, ‘বেন স্টোকস এই খেলার সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন এবং চাপ সামলে ম্যাচ জেতানোর এক অনন্য কারিগর। আমাদের স্কোয়াডে তাকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’

২০১৭-১৮ মৌসুমের পর থেকে অ্যাডিলেড স্ট্রাইকার্স আর বিগ ব্যাশের শিরোপা জিততে পারেনি। স্টোকসের অন্তর্ভুক্তিতে দীর্ঘ শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভর্নিং বডি শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারে না : হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


গভর্নিং বডি শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারে না : হাইকোর্ট

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : হাইকোর্ট জানায়, শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া গভর্নিং বডি শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারে না।

গচিহাটা কলেজের সহকারী অধ্যাপক আবুল মনসুরকে পেশায় পুনর্বহালের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশের বিরুদ্ধে করা রিটের রুল খারিজ করে বিচারপতি মো. সোহরাওয়ার্দী ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করে। সম্প্রতি পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে।

২০১৫ সালের ৩১ জানুয়ারি গভর্নিং বডির সভায় গচিহাটা কলেজের সহকারী অধ্যাপক আবুল মনসুরকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করা হয়। পরবর্তীতে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদনের জন্য ১৬ ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটিতে পাঠানো হলে, ২০ এপ্রিলের সভায় তা নামঞ্জুর করে ওই শিক্ষককে বকেয়া বেতন-ভাতাসহ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। তবে, বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন গভর্নিং বডির সভাপতি আখতারুজ্জামান। এই রিটের চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, গভর্নিং বডি শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারে না, তারা কেবল প্রস্তাব দিতে পারে। বরখাস্ত কার্যকরের জন্য আপিল ও সালিশ কমিটির মাধ্যমে বোর্ডের অনুমোদন অপরিহার্য। স্বীকৃত বেসরকারি কলেজের শিক্ষককে বরখাস্ত করার ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া ধাপে ধাপে অনুসরণ করা বাধ্যতামূলক।

হাইকোর্ট আরও উল্লেখ করে, টেলিফোনে তদন্ত কমিটি গঠন বেআইনি। তদন্ত কমিটি গঠন করতে হবে যথাযথভাবে ডাকা গভর্নিং বডির সভায় আনুষ্ঠানিক রেজ্যুলেশনের মাধ্যমে। গভর্নিং বডির সভাপতি বা অন্য কারো মৌখিক কিংবা টেলিফোনিক নির্দেশ আনুষ্ঠানিক রেজ্যুলেশনের বিকল্প হতে পারে না।

এই রায়ে হাইকোর্ট ঘোষণা করে, গচিহাটা কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত বাতিল করে শিক্ষককে স্বপদে পুনর্বহাল এবং বকেয়া পাওনা বুঝিয়ে দিতে ঢাকা শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির সিদ্ধান্ত সম্পূর্ণ যথাযথ ও আইনসম্মত। তবে, মামলার বিচারাধীন অবস্থায় শিক্ষক আবুল মনসুর অবসরের বয়সে পৌঁছে যাওয়ায় তাকে আগের পদে পুনর্বহালের সুযোগ নেই বলে রায়ে উল্লেখ করা হয়। তবে, অবসরের বয়সে পৌঁছানোর তারিখ পর্যন্ত তার বকেয়া বেতন, চাকরিসংক্রান্ত সুবিধা এবং প্রযোজ্য পেনশন সুবিধা পাওয়ার অধিকার রয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুজ্জামান। শিক্ষকের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আনিসুর রহমান খান ও সুলতান মাহমুদ বান্না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন : আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন : আমান

ঢাকা দক্ষিণ, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বিএনপিকে ক্ষমতায় আসীন করার পেছনে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগ, হামলা-মামলা ও নিরলস শ্রমের অবদানের স্বীকৃতি রয়েছে বলে মন্তব্য করেছেন আমান উল্লাহ আমান (এমপি), যিনি দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। তিনি বলেন, দেশের মানুষের এই ভালোবাসার পেছনে নেতাকর্মীদের আত্মত্যাগের মূল কারণ রয়েছে। নেতাকর্মীরা অতীতেও যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

সারাদেশে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাজার জিয়ারত সম্পন্ন হয়েছে। পরবর্তীতে জিয়া উদ্যান সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, যা বর্তমানে সমগ্র বাংলাদেশে একযোগে পালিত হচ্ছে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের স্বনির্ভরতার দর্শন স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগে তিনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তখন তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন। তিনি সেসময়েই স্লোগান দিয়েছিলেন একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা।

গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষের মাঝে হাঁস, মুরগি, গরু, ছাগল ও বীজ বিতরণের মাধ্যমে স্বনির্ভরতার যে বীজ তিনি বপন করেছিলেন, আজ তা পূর্ণতা পাচ্ছে। একটি পরিবার স্বাবলম্বী হলে পুরো দেশ স্বাবলম্বী হবে এই নীতিতেই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বৃষ্টিতে ভিজে এতে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ঢাকা-২ আসনের প্রতিটি ওয়ার্ডে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং দলের সার্বিক সাফল্যের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%