০১:৩৩ এম
মার্চ-মে’র গরমে আইপিএল আয়োজনের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা নাইট রাইডার্সের সহমালিক জুহি চাওলা। তিনি পরামর্শ দিয়েছেন, তুলনামূলক শীতল সময় অর্থাৎ জানুয়ারিতে আইপিএল আয়োজন করা উচিত।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জুহি এই প্রশ্নটি উত্থাপন করেন। তাঁর মতে, আইপিএল এখন ক্রিকেটের ক্যালেন্ডারে নিজেদের জন্য জায়গা খুঁজে পাওয়ার প্রয়োজন নেই। বরং, ক্রিকেটের ক্যালেন্ডারকে প্রভাবিত করার মতো অবস্থান আইপিএল ইতিমধ্যেই অর্জন করেছে।
জুহি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি কেন বছরের সবচেয়ে প্রচণ্ড গরমের সময় আয়োজন করতে হবে? আর যদি ক্রিকেটের সূচি নতুন করে বিবেচনা করা হয়, তাহলে এপ্রিল-মের পরিবর্তে জানুয়ারি কেন নয়? এতে আবহাওয়া ভালো থাকবে, ক্রিকেটের মান বাড়বে এবং সবার অভিজ্ঞতাও আরও উন্নত হবে।’
আরও পড়ুন: সেঞ্চুরিয়ানে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশের অবনতি
তিনি আরও বলেন, ‘আইপিএল অনেক দূর এগিয়েছে। এখন হয়তো এর আয়োজনের সময়সূচি পরিবর্তন করার সময় এসেছে।’
আইপিএলের অন্যতম পরিকল্পনাকারী ললিত মোদি জুহি চাওলার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন। মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আইপিএলের জন্য আইসিসির কাছ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা বা উইন্ডো পাওয়ার প্রয়োজন নেই। আইপিএল বিসিসিআইয়ের মালিকানাধীন ও পরিচালিত একটি ঘরোয়া টুর্নামেন্ট। এটি কখন আয়োজন করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআইয়ের রয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এবং খেলোয়াড়দের প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তবে সেটি সম্পূর্ণ আলাদা বিষয়। বছরের নির্দিষ্ট সময়ে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি চাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরও বড় বিষয় হলো, আইপিএল এখন আর বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা খুঁজে বেড়ানো কোনো টুর্নামেন্ট নয়। বরং বিশ্ব ক্রিকেটকেই আইপিএলের অর্জিত অবস্থানকে স্বীকৃতি দিতে হবে।
আরও পড়ুন: কেইন উইলিয়ামসন ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন