০৭:২০ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আগামী মার্চে অনুষ্ঠিত ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিলিপ দিয়ালোকে পরাজিত করতে পারলে চার বছরের মেয়াদে দায়িত্ব শেষ করার পরিকল্পনা প্রকাশ করেছেন জাপানের প্রার্থী কোজো তাশিমা।
ফিফার ‘সততা’ পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন তাশিমা। নির্বাচনের প্রার্থী তালিকায় বর্তমান সভাপতি ইনফান্তিনো এবং ফরাসি ফুটবল প্রধান দিয়ালোর নামও অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাতিল করার কারণে ইনফান্তিনো তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। তবে তাঁর চতুর্থ ও শেষ মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য এখনও যথেষ্ট সমর্থন রয়েছে।
আরও পড়ুন: কেইন উইলিয়ামসন ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ
জয়ের সম্ভাবনা কম বলে স্বীকার করলেও, নির্বাচিত হলে অল্প সময়ের জন্য দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন তাশিমা।
টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৬৯ বছর বয়সী তাশিমা বলেন, “আমি বর্তমানে একটি নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি। তবে মূলত চার বছরের মেয়াদে দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে আমার।
“এই চার বছরে ফিফার পরিচালনব্যবস্থায় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিতে চাই। আমার বিশ্বাস, ফিফার অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ করতে হবে।”
গত সপ্তাহে তাশিমা বলেছিলেন, ইনফান্তিনোর বিরুদ্ধে দিয়ালোকে সরাসরি লড়াইয়ের সুযোগ করে দিতে আপাতত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না তিনি।
আরও পড়ুন: সেঞ্চুরিয়ান টেস্টে বাংলাদেশ ইনিংস ও ২১৯ রানে পরাজিত
দিয়ালোর প্রতি ইউরোপের সমর্থন রয়েছে। বর্তমান সভাপতিকে পরাজিত করার সম্ভাবনাও তাঁর বেশি বলে মনে করা হচ্ছে।
তাশিমা জানিয়েছেন, দিয়ালোর সঙ্গে ফোনে কথা হয়েছে এবং ইউরোপে সরাসরি সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে। নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করবেন তাঁরা।
তাশিমা বলেন, “আমরা দুজনই একই দিকে এগোচ্ছি। তবে সামনে এগোতে গিয়ে যোগাযোগ অব্যাহত রাখলে দেখা যেতে পারে, আমাদের লক্ষ্য সত্যিই এক, অথবা কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য রয়েছে।
“মূল লক্ষ্য হলো ফিফাকে সঠিক পথে ফিরিয়ে আনা। সেটি অর্জনের জন্য আমরা বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছি।
আরও পড়ুন: পিটি ঊষা অংশ নিচ্ছেন না ভারতীয় অলিম্পিক এসোসিয়েশন নির্বাচনে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন