০৭:২২ পি.এম
রাজধানীতে চলছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শিত হচ্ছে। পোশাক, জুতা, চামড়াজাত পণ্য, প্রসাধনী, গয়না, পাটপণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং হস্ত ও কারুশিল্পের মতো বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে এই মেলায়। এর মধ্যে বিশেষ নজর কাড়ছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির স্টল। এখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি হস্তশিল্প ও জুয়েলারি পণ্য বিক্রি হচ্ছে। বিস্ময়ের বিষয় হলো, এফ-২২ নম্বর স্টলের বিক্রয় প্রতিনিধিরা হলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। তারা আন্তরিকতার সঙ্গে ক্রেতাদের সঙ্গে কথা বলছেন এবং নিজেদের তৈরি পণ্য বিক্রি করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গণে এমন দৃশ্য দেখা গেছে। এবারের মেলায় ৪০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ এই মেলায় আসছেন এবং পছন্দের পণ্য কিনছেন।
মনোরমা আক্তার, যিনি রাজধানীর শুক্রাবাদ থেকে এসেছেন, দুই ঘণ্টা ঘুরে বিভিন্ন স্টল থেকে বেশ কিছু পণ্য কিনেছেন। তবে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির স্টলে এসে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, কোনটি কিনবেন এবং কোনটি রাখবেন। তিনি বলেন, "হাতে তৈরি যে কোনো পণ্যই আমার কাছে স্পেশাল। তবে যদি হয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি, তবে সেটি আরও স্পেশাল হয়ে যায়। সে কারণে এই স্টলে এসে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। বেশ কয়েকটি পণ্য কিনেছি।"
আরও পড়ুন: মিরপুরে হকারদের পুনর্দখল ঠেকাতে ডিএনসিসির অভিযান পরিচালনা
তিনি আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা কতটা আন্তরিকতা ও মেধা দিয়ে এই পণ্যগুলো তৈরি করেছে, তা না দেখলে বোঝা যাবে না।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলামের সঙ্গে কথা হয় স্টলে। তিনি বলেন, "বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নিজেদের মেধা কাজে লাগিয়ে এই পণ্যগুলো তৈরি করেছে। শুধু তাই নয়, পণ্যগুলো বিক্রির জন্য স্টলে নিজেরা সময়ও দিচ্ছে। এটা খুবই ভালো লাগার বিষয়। এভাবেই তারা এগিয়ে যাবে। সেই সঙ্গে এগিয়ে যাবে লাল-সবুজের বাংলাদেশও।"
সৈয়দা মুনিরা ইসলাম আরও বলেন, "সরকারের পাশাপাশি আমাদেরও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াতে হবে। তারা কী চায় বা তাদের আগ্রহটা কোথায়- সেটাও আমাদের গুরুত্ব দিতে হবে। তবেই ওরা নিজেদের বোঝা না মনে করে ‘সম্পদ’ মনে করবে।"
মিরপুর থেকে মেলা দেখতে এলেও জান্নাতুল মাওয়া অর্পিতা দু-হাতভর্তি কেনাকাটা করেছেন। তিনি বলেন, "এখানে এসে দেখলাম এক প্রাঙ্গণে সারাদেশের পণ্য পাওয়া যাচ্ছে। তাই আর দেরি করলাম না। যা যা মন চাইল, পছন্দ হলো- বিভিন্ন স্টল ঘুরে সবই কিনে ফেললাম।"
আরও পড়ুন: বাকৃবিতে ইয়াবা সেবনরত অবস্থায় এক কর্মচারী আটক
ব্যবসায়ী সাব্বির রহমান তার বাচ্চার জন্য তিন রকমের চকলেট কিনেছেন। তিনি যাত্রাবাড়ী থেকে এসেছেন। তার ভাষ্য, "আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছাড়া সব সময় এক জায়গায় এত সব পণ্যের পসরা সচরাচর দেখা যায় না। নিঃসন্দেহে এসএমই পণ্য মেলা সরকারের একটি মহতী উদ্যোগ। এই উদ্যোগ যেন চলমান থাকে। তাহলে অন্তত ঢাকার মানুষ পছন্দের পণ্য ঘুরে ঘুরে দেখে কিনতে পারবে।"
২২ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলার সমাপ্তি হবে আগামী ২৮ নভেম্বর। তাই সময়-সুযোগ মিললে ঘুরে আসতে পারেন আপনিও।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী আয়োজিত এই মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করা যাবে মেলা প্রাঙ্গণে।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির নেতৃত্বে পুলিশের যৌথ টহল চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন