ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগ সভাপতি দেলোয়ার হোসেন মিয়া দলের ছাড়ার ঘোষণা দেন


সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগ সভাপতি দেলোয়ার হোসেন মিয়া দলের ছাড়ার ঘোষণা দেন

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি রবিবার বেলা ১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন মিয়া সালথা উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সদস্য। ছাত্রজীবনে তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সব পদ এবং দলীয় রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত পরিস্থিতি এবং রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ঘটনা, বঞ্চনা, হামলা-মামলা ও কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৬৭ বছর বয়সী এই প্রবীণ আওয়ামী লীগ নেতা।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন মিয়া জানান, ১৯৭৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি ২৫ বছর বিভিন্ন জনসেবামূলক দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯১ সালে অবিভক্ত নগরকান্দা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুইবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

এ ছাড়া একাধিকবার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

আরও পড়ুন: হুথিদের সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি

বক্তব্যের শেষ পর্যায়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার রাজনৈতিক জীবন ও জনপ্রতিনিধি থাকাকালীন সময়ে যদি কোনো ভুল করে থাকি কিংবা কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। যারা সুখে-দুঃখে আমার ছায়ার মতো পাশে ছিলেন, তাঁদের অবদান আমি আজীবন হৃদয়ে স্মরণ রাখব।”

দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলার ইতি টানার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে তিনি তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


শেরপুর সীমান্তে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়েছে

 

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের নির্ধারিত সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, টহল দলের বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় বডি স্প্রে উদ্ধার করা হয়। পরে জব্দ করা পণ্যের সিজার মূল্য নির্ধারণ করা হয় ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালাচ্ছে। মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা সৌরভ সিকদার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা সৌরভ সিকদার গ্রেপ্তার

পুলিশ টাঙ্গাইল জেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৌরভ সিকদার (২৫) কে গ্রেপ্তার করেছে। শনিবার রাত সাড়ে ১০টার সময় মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সৌরভ সিকদার, যিনি সদ্য বহিষ্কৃত মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কবীর সিকদারের পুত্র, সড়কে চাঁদা আদায় করার অভিযোগে গ্রেপ্তার হন।

স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্য অনুযায়ী, সৌরভ নিজেকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাগিনা হিসেবে পরিচয় দিতেন। তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম খান বাবু ও সাইফুজ্জামান শিখরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

সৌরভ জেলা ছাত্রলীগের কোনো পদে না থাকলেও সংগঠনের শীর্ষ পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছিলেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হন মির্জাপুরের সুজন মিয়া। পরে তিনি দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ এম


সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা উদযাপন

সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা বা ছটপূজা বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে শহরের যমুনা নদীর তীরে বিভিন্ন বয়সের নারী-পুরুষ জড়ো হন। নদীর তীরে পূজা ও প্রার্থনার মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

পূজার রীতি অনুসারে, ভক্তরা টানা ৩৬ ঘণ্টা উপবাস থেকে নদীতে নেমে সূর্য দেবতার উদ্দেশে প্রার্থনা করেন। প্রথম দিন বিকেলে সূর্যাস্ত পর্যন্ত পানিতে দাঁড়িয়ে প্রার্থনা চলতে থাকে। পরদিন ভোরে সূর্যোদয়ের আগমুহূর্তে সূর্য দেবতার উদ্দেশে পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয়।

রোববার দুপুর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে পূজার ডালা সাজিয়ে ভক্তরা দলে দলে যমুনার তীরে আসতে শুরু করেন। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নদীর ঘাটে ফল, ফুল ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন দিয়ে সূর্য দেবতার উদ্দেশে নৈবেদ্য সাজানো হয়। প্রতিটি ডালায় জ্বালানো হয় মঙ্গলপ্রদীপ।

এই সময় পুণ্যার্থীরা দেশ, জাতি ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। পূজা দেখতে দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা আসেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু জানান, অন্যান্য বছরের তুলনায় এবার যমুনার তীরে পূজার আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হয়েছে। ভক্তদের নির্বিঘ্নে পূজার অর্ঘ্য নিবেদন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল সিং বলেন, সূর্যপূজাকে আরও আনন্দময় করতে বিভিন্ন এলাকার ভক্তদের একত্র করে আয়োজন করা হয়েছে। প্রতিটি এলাকার ভক্তদের জন্য নদীর তীরে নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে যমুনার তীরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন সিনেমার জন্য চুল ছোট করলেন সাই পল্লবী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ এম


নতুন সিনেমার জন্য চুল ছোট করলেন সাই পল্লবী

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী, ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয়ের পর এবার একেবারেই ভিন্ন রূপে পর্দায় হাজির হচ্ছেন। তিনি ‘ওএম: চ্যাপ্টার ১ – উদিরাম: দ্য ব্লাড উড’ সিনেমায় একজন সিবিআই কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন। অবৈধ চন্দনকাঠের ব্যবসার তদন্তের দায়িত্ব পাওয়া এই চরিত্রের প্রয়োজনে নিজের চুল ছোট করেছেন। তবে তার এই সিদ্ধান্তে মা-বাবা বেশ অবাক হয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চুল ছোট করার অভিজ্ঞতা শেয়ার করেছেন সাই পল্লবী। তিনি বলেছেন, সিনেমার গল্প শোনার পর এবং চরিত্রটি কীভাবে পর্দায় উপস্থাপন করা হবে, তা বোঝার পর নিজেকে সেই অনুযায়ী তৈরি করার সিদ্ধান্ত নেন। গল্পটি তার এতটাই ভালো লেগেছিল যে চরিত্রের প্রয়োজনে চুল কাটতেও রাজি হয়ে যান।

অভিনেত্রী জানান, চুল কাটার পর প্রথমে ভিডিও কলের মাধ্যমে মাকে নিজের নতুন চেহারা দেখান। তা দেখে তার মা বেশ অবাক হয়ে যান। কেন চুল কেটেছেন, তা নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তার বাবা ফোন করে জানতে চান, তিনি পরচুলা পরেছেন কি না। তখন সাই জানান, চরিত্রের প্রয়োজনে সত্যিই চুল ছোট করেছেন। নতুন এই চেহারার সঙ্গে মানিয়ে নিতে মা-বাবার বেশ কিছুটা সময় লেগেছিল।

সিনেমাটির পরিচালক রাজকুমার পেরিয়াসামি বলেন, এই চরিত্রের জন্য সাই পল্লবীর এমন চেহারাই উপযুক্ত ছিল। একটি সিনেমায় নায়কের চরিত্রের প্রয়োজনে যেমন বিভিন্ন পরিবর্তন আনা হয়, তেমনি সাইও চরিত্রটির জন্য চুল ছোট করার ত্যাগ স্বীকার করেছেন। গল্পের প্রতি তার ভালোবাসাই এই পরিবর্তন সম্ভব করেছে।

সাই জানান, পরিচালক ও চিত্রনাট্যের ওপর তার পূর্ণ আস্থা ছিল। চরিত্রের প্রয়োজনে চুল ছোট করার সিদ্ধান্তও তিনি সানন্দে নিয়েছেন। শুটিংয়ের সময় স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখতেন, যাতে মুক্তির অনেক আগেই তার নতুন চেহারা প্রকাশ না পায়।

এর আগে রাজকুমার পেরিয়াসামির প্রথম সিনেমা ‘আমরান’-এ অভিনয় করেছিলেন সাই। সিনেমাটি ব্যাপক সাফল্য পায় এবং সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন রাজকুমার।

‘ওএম: চ্যাপ্টার ১’ সিনেমায় কাঠুরিয়ার চরিত্রে অভিনয় করছেন ধানুশ। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মাম্মুটিও। এ ছাড়া শ্রীলীলা, সঞ্জয় স্বরূপ এবং নাসিরুদ্দিন শাহ অভিনয় করছেন। তামিল সিনেমায় এটিই নাসিরুদ্দিন শাহর অভিষেক। ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর সংগীত পরিচালনায় রয়েছেন সাই অভয়ঙ্কর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%