বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১৪ পি.এম
মার্কিন রাজনৈতিক অঙ্গনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা বর্তমানে তীব্রভাবে চলছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পর্দার আড়ালে ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারণে এবং এআই সংক্রান্ত বিতর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৮ সালের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থীদের জন্য এআই নিয়ে সুনির্দিষ্ট ও কার্যকর রূপরেখা তৈরির আহ্বান জানাচ্ছেন ওবামা। তবে সিলিকন ভ্যালি এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা নিয়ে পার্টির অনেক শীর্ষ নেতা এখনও কিছুটা সতর্ক ও দ্বিধান্বিত অবস্থানে রয়েছেন।
সম্প্রতি কোলগেট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক মঞ্চে ওবামা সতর্ক করে বলেছেন, প্রাইভেট টেক জায়ান্টদের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তিনি যুক্তি দেন যে, যেভাবে এভিয়েশন বা খাদ্য নিরাপত্তা কেবল বাজারের ওপর ছেড়ে দেওয়া হয় না, তেমনি এআই-এর নিরাপত্তাও কেবল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ঐচ্ছিক সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।
বর্তমানে মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এআই নীতি এবং ডেমোক্র্যাটদের অবস্থান মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। সাবেক প্রেসিডেন্ট ওবামা ডেমোক্রেটিক পার্টিকে এআই প্রযুক্তির ইতিবাচক দিকগুলো নিশ্চিত করার পাশাপাশি চাকরি হারানো, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং সম্ভাব্য জাতীয় ঝুঁকির বিরুদ্ধে সুনির্দিষ্ট সরকারি নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এসিআই পিএলসি-এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে নিযুক্ত হয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
প্রায় দুই দশক ধরে বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে তাঁর পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এসিআই পিএলসি-এর হাইজিন প্রোডাক্ট বিজনেসের উন্নয়ন ও সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর, খন্দকার ইশতিয়াক আহম্মদ এসিআই পিএলসি-এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের পরিধি বৃদ্ধি, নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব প্রদান করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র তিনজন নিয়মিত শিক্ষক দিয়ে। এর মধ্যে একজন শিক্ষক বিএড প্রশিক্ষণে থাকায় নিয়মিত পাঠদানেও তার উপস্থিতি সীমিত। অনুমোদিত ১২টি শিক্ষক পদের মধ্যে শূন্য রয়েছে ৯টি। পরিস্থিতি সামাল দিতে চারজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনো রকমে চলছে পাঠদান কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের দক্ষিণ শিবপুর মহল্লায় প্রায় দেড় একর জমির ওপর ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫ শতাধিক ছাত্রী পড়াশোনা করছে। ১৯৮৭ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের সময় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষকের অনুমোদিত পদ ছিল ১১টি। পরে আইসিটি বিষয়ের আরও একটি শিক্ষক পদ যুক্ত হয়। সব মিলিয়ে শিক্ষক পদ দাঁড়ায় ১২টি। বর্তমানে প্রধান শিক্ষক ও শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষকসহ নিয়মিত শিক্ষক রয়েছেন তিনজন। ইংরেজি বিষয়ের একজন শিক্ষক বিএড প্রশিক্ষণে থাকায় কার্যত নিয়মিত পাঠদানে শিক্ষকসংকট আরও প্রকট হয়ে উঠেছে। বিজ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা ও ধর্ম বিষয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। বাধ্য হয়ে চারজন খণ্ডকালীন অতিথি শিক্ষক দিয়ে পাঠদান চালু রাখা হয়েছে।
শিক্ষক সংকটের পাশাপাশি কর্মচারীর সংকটও রয়েছে বিদ্যালয়টিতে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির অনুমোদিত চারটি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র একজন নৈশপ্রহরী। ২০১৫ সাল থেকে অফিস সহকারী এবং ২০২১ সাল থেকে দপ্তরি পদ শূন্য রয়েছে। নেই কোনো আয়া বা পরিচ্ছন্নতাকর্মী।
বিদ্যালয় সূত্র আরও জানায়, জেএসসি ও এসএসসি পরীক্ষার সমন্বিত কেন্দ্র হিসেবে নির্মিত ছয়তলা ভবনটিতে বর্তমানে বিদ্যালয়ের পাঠদান চলছে। অন্যান্য ভবনগুলো বোর্ড পরীক্ষার সময় ব্যবহার করা হলেও বাকি সময় পরিত্যক্ত থাকে।
কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতাকর্মী না থাকায় ভবন ও এর আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কয়েকটি শৌচাগারের অবস্থাও নাজুক বলে জানায় তারা। একসময় নারী শিক্ষায় সুনাম থাকা প্রতিষ্ঠানটিতে শিক্ষকসংকট ও পাঠদানের নানা সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শিক্ষক না থাকায় ক্লাস নিয়মিত হয় না। বিজ্ঞানাগার থাকলেও শিক্ষকসংকটের কারণে দীর্ঘদিন ধরে সেখানে ব্যবহারিক কার্যক্রম হচ্ছে না। ঘাটতি পূরণে তাদের বাইরে প্রাইভেট পড়তে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চন্দ্র মণ্ডলের ভাষ্য, ‘চলতি বছরের ফেব্রুয়ারিতে এখানে যোগদানের পরই শিক্ষক-কর্মচারীর সংকটের বিষয়টি লিখিতভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা অঞ্চলের উপপরিচালককে জানিয়েছি। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয়কেও জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।’ সরকারি কোনো বরাদ্দ না থাকায় স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করে অতিথি খণ্ডকালীন শিক্ষকদের সামান্য সম্মানী দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত শূন্য পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের দাবি জানান তিনি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, ‘বিষয়টি জানার পর সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর দপ্তরকে জানিয়েছি। শিক্ষক-সংকট নিরসনে আমার পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, শিগগিরই শূন্য পদে শিক্ষক দেওয়া হবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।’
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের দাবি, মাধ্যমিক নারী শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠানটিকে রক্ষা ও নারী শিক্ষার মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় ও সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে তার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা করেছেন।
মোদি উল্লেখ করেন, দুই দেশ তাদের বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেছেন।
এদিকে, এই ফোনালাপের কয়েকদিন আগে রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের সুযোগ রেখে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্র। এই আইনটি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে।
ভারতের বাণিজ্যমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি দুই দেশের বাণিজ্য বিরোধ সমাধানের জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
গত ফেব্রুয়ারিতে ভারত এবং যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য বিরোধ নিরসনে একটি অন্তর্বর্তী কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। এর আগে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় দুই দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
২০২৫ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।
সূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্যাস সরবরাহ ছয় ঘণ্টা বন্ধ থাকবে গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ১ অক্টোবর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ এবং দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ চলবে। এই কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া এবং রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে যে, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ