ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি ’২৭ নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা: অকৃতকার্যদের ফরমপূরণের সুযোগ নেই


বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি ’২৭ নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা: অকৃতকার্যদের ফরমপূরণের সুযোগ নেই

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ও নিয়মাবলী ঘোষণা করা হয়েছে। প্রকাশিত নোটিশ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২১ সেপ্টেম্বর ২০২৬ প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বর্তমানে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য সকল শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী পরীক্ষায় কেবল উত্তীর্ণ শিক্ষার্থীরাই ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরমপূরণের (ফরম ফিল-আপ) সুযোগ পাবে। পরীক্ষায় অকৃতকার্য কোনো শিক্ষার্থীকে কোনোভাবেই ফরমপূরণের সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী সুলতানা স্বাক্ষরিত নোটিশে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও শতভাগ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পরিচালনা কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে রয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে রয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্ত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

ড. আবদুল মঈন খান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে আমরা হাসপাতালে এসেছি। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।"

তিনি আরও বলেন, "সরকার এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।"

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, "দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, "আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে রয়েছে সরকার। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। হতাহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।"

তিনি আরও জানান, "দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় টুটপাড়া এলাকায় যুবক কাজী সাজ্জাদ গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


খুলনায় টুটপাড়া এলাকায় যুবক কাজী সাজ্জাদ গুলিবিদ্ধ

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন কাজী সাজ্জাদ (৩৫) নামের এক যুবক। গুলিবিদ্ধ সাজ্জাদ, টুটপাড়া জোড়াকল বাজার এলাকার কাজী কামালের পুত্র। তিনি পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নগরীর টুটপাড়া এলাকায় একটি মসজিদের কাছে এই ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে টুটপাড়া বাজারে ডেলিভারি দিতে যাওয়ার সময় সাজ্জাদের ওপর আকস্মিক হামলা চালানো হয়। দুর্বৃত্তরা প্রথমে কাজী সাজ্জাদকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং পরে একাধিক গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার ডান পায়ে লেগেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কিভাবে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিড নেওয়ার পরও হারই সঙ্গী বাংলাদেশের মালয়েশিয়ার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


লিড নেওয়ার পরও হারই সঙ্গী বাংলাদেশের মালয়েশিয়ার বিরুদ্ধে

বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমস শুরু হয়েছিল চীনের কাছে বিধ্বস্ত হয়ে। সেই হতাশা ভুলে আজ তারা মাঠে নেমেছিল জয়ের লক্ষ্যে। ম্যাচে বাংলাদেশ এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের হারই তাদের সঙ্গী হয়েছে।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শক্তিশালী মালয়েশিয়ার বিরুদ্ধে বাংলাদেশ শুরুতে লিড নিয়েছিল। ২৫ মিনিটে কনা আক্তার বাংলাদেশকে ১-০ ব্যবধান এনে দেন। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় কোয়ার্টারের ৪০ মিনিটে নুরামিরাহ জুলকিফলির গোলে মালয়েশিয়া সমতায় ফেরে।

মালয়েশিয়ার সমতাকরণের পর ৪৪ মিনিটে জাতি মুহাম্মদ গোল করে তাদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশ সমতায় ফেরার চেষ্টা করলেও ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে। ৫৯ মিনিটে নুরামিরাহ নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। সেই গোলের পর রেফারির শেষ বাঁশি শোনা যায় বাংলাদেশ দলের জন্য।

এর আগে, চীনের কাছে প্রথম ম্যাচে বাংলাদেশ ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ২০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ২০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন

রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে।

এই উদ্বোধনী অনুষ্ঠানটি সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. ওয়াজেদ আলী।

অনুষ্ঠানে ডা. মো. ওয়াজেদ আলী মন্তব্য করেন, "ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সময়মতো সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে জটিলতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।" তিনি আরও জানান, রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য পৃথক ২০ শয্যার ওয়ার্ড চালু হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা আরও সুসংগঠিত হবে। বিশেষায়িত এই ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা, পর্যবেক্ষণ ও নার্সিংসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল শুরু থেকেই সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড চালুর মাধ্যমে সংকটকালীন সময়ে রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, "মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব।" তিনি উল্লেখ করেন, আর্থিক অসচ্ছলতা যেন কোনো রোগীর চিকিৎসার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য পৃথক ২০ শয্যার ওয়ার্ড চালু করা হয়েছে, যাতে রোগীরা প্রয়োজন অনুযায়ী দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা পান। ভবিষ্যতেও সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালনা পর্ষদের পরিচালক মেজর (অব.) মো. নাসিম উদ্দিন, মো. মোয়াজ্জেম হোসেন সরকার, মোশাররফ হোসেন দীপ্তি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ বি এম আবু হানিফ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শরিফুল ইসলামসহ রংপুর গ্রুপ এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%