প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানটি সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. ওয়াজেদ আলী।
অনুষ্ঠানে ডা. মো. ওয়াজেদ আলী মন্তব্য করেন, "ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সময়মতো সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে জটিলতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।" তিনি আরও জানান, রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য পৃথক ২০ শয্যার ওয়ার্ড চালু হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা আরও সুসংগঠিত হবে। বিশেষায়িত এই ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা, পর্যবেক্ষণ ও নার্সিংসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল শুরু থেকেই সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড চালুর মাধ্যমে সংকটকালীন সময়ে রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, "মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব।" তিনি উল্লেখ করেন, আর্থিক অসচ্ছলতা যেন কোনো রোগীর চিকিৎসার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য পৃথক ২০ শয্যার ওয়ার্ড চালু করা হয়েছে, যাতে রোগীরা প্রয়োজন অনুযায়ী দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা পান। ভবিষ্যতেও সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালনা পর্ষদের পরিচালক মেজর (অব.) মো. নাসিম উদ্দিন, মো. মোয়াজ্জেম হোসেন সরকার, মোশাররফ হোসেন দীপ্তি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ বি এম আবু হানিফ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শরিফুল ইসলামসহ রংপুর গ্রুপ এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন