সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১০:৪৮ এম
সিটি গ্রুপকে তিন মাসের বিশেষ সুবিধা দেওয়ার পরও ঋণখেলাপি হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি। সুবিধার মেয়াদ শেষ হওয়ার পর গ্রুপটির অধিকাংশ প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকে খেলাপি হয়ে যায়। এর ফলে নতুন ঋণ এবং ঋণপত্র (এলসি) খোলার সুযোগ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে গ্রুপটির ব্যবসা সচল রাখতে এবং ব্যাংকগুলোর ঋণ আদায়ের স্বার্থে নতুন ঋণ ও এলসি সুবিধা দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইনের একটি ধারার বিধিনিষেধ থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি চাওয়া হয়েছে কয়েকটি ব্যাংকের পক্ষ থেকে।
সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ঋণ শ্রেণিকরণ স্থগিত রাখাসহ সাত ধরনের নীতি সহায়তা চেয়ে চিঠি দেয় সিটি গ্রুপ। পরবর্তীতে ব্যাংকগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) একই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দেয়। এর ফলস্বরূপ, গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংক সিটি গ্রুপের ঋণের বিদ্যমান শ্রেণিমান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখার নির্দেশ দেয়। ফলে ওই সময়ের মধ্যে গ্রুপটির ২৬ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হতে পারেনি। তবে সুবিধার মেয়াদ শেষ হওয়ার পর তা আর বাড়ানো হয়নি। এর ফলে গ্রুপটির অধিকাংশ প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকে খেলাপি হয়ে পড়ে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী খেলাপি গ্রাহককে নতুন ঋণ সুবিধা প্রদান করা যায় না। ফলে সিটি গ্রুপের যেসব প্রতিষ্ঠান খেলাপি হয়ে গেছে, সেগুলো নতুন ঋণ ও এলসি সুবিধা পাচ্ছে না। এই পরিস্থিতিতে ব্যবসা চালু রাখা এবং ব্যাংকগুলোর পাওনা আদায়ের স্বার্থে আইনি বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিয়েছে অর্থায়নকারী ব্যাংকগুলো।
জানা গেছে, ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারায় খেলাপি ঋণগ্রহীতাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নতুন ঋণ সুবিধা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে আইনের ১২১ ধারায় সরকারের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট ক্ষেত্রে এ বিধান থেকে অব্যাহতি দিতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে সিটি গ্রুপকে নতুন করে ঋণ ও এলসি সুবিধা দেওয়ার অনুমতি চেয়েছে ছয়টি ব্যাংক। সেগুলো হলোÑসিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ্-বাংলা, প্রাইম ব্যাংক ও এনসিসি ব্যাংক।
এ বিষয়ে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকে ঋণদাতা ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে ডেপুটি গভর্নর কবির আহাম্মদ ও সরোয়ার হোসেন এবং সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান উপস্থিত ছিলেন। ব্যাংকগুলোর পক্ষে এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খালিদ মাহমুদ খানসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি অংশ নেন।
জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, "সিটি গ্রুপ একটি ভালো ব্যবসায় প্রতিষ্ঠান। তবে কিছু ভুল সিদ্ধান্ত ও মূল ব্যবসার বাইরের খাতে বিনিয়োগের কারণে গ্রুপটি সংকটে পড়েছে। কীভাবে এ সংকট থেকে প্রতিষ্ঠানটিকে বের করে আনা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।"
তিনি আরও বলেন, নতুন করে যেসব ব্যাংক অর্থায়ন করবে, তাদের জন্য একটি এসক্রো অ্যাকাউন্ট রাখা হবে। নতুন অর্থায়ন থেকে যে আয় হবে, তা থেকে শুধু অর্থায়নকারী ব্যাংকগুলোই অর্থ পাবে। অন্য কোনো ব্যাংক ওই অর্থ থেকে টাকা পাবে না। এ ছাড়া গ্রুপটির বকেয়া ঋণ সমন্বয়ের জন্য আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সম্পদ বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে ঋণের ডাউন পেমেন্টের ক্ষেত্রে কোনো বিশেষ ছাড় দেওয়া সম্ভব হবে না।
সৈয়দ মাহবুবুর রহমান আরো বলেন, "গ্রুপটি খেলাপি হয়ে পড়ায় নতুন অর্থায়নের সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাক, তা চায় না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো ব্যাংককে ঋণ দিতে বাধ্য করা হবে না। ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। জামানত নিশ্চিত করতে সিটি গ্রুপকে সব স্থাবর-অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলা হয়েছে।"
বেসরকারি খাতের একটি শীর্ষস্থানীয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সিটি গ্রুপকে নতুন করে অর্থায়ন করছে সাত-আটটি ব্যাংক। কিন্তু অন্য অনেক ব্যাংকে গ্রুপটির ঋণ খেলাপি হয়ে পড়েছে। এ অবস্থায় ব্যবসা সচল রাখা এবং ব্যাংকগুলোর সমন্বিত অর্থায়নের সুযোগ তৈরিতে ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় বিশেষ অনুমতি চাওয়া হয়েছে। বৈঠকে গভর্নর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নিতে তিনি অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলেও জানিয়েছেন।
তিনি বলেন, "গ্রুপটির বিভিন্ন ব্র্যান্ড টিকিয়ে রাখা এবং আসন্ন রমজানের জন্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে এলসি খোলার সুযোগ দেওয়া জরুরি। দেশের খাদ্যনিরাপত্তার স্বার্থেও প্রতিষ্ঠানটির আমদানি কার্যক্রম সচল রাখা প্রয়োজন।"
আইনের বিধান থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেওয়া একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "সিটি গ্রুপকে নতুন ঋণ ও এলসি সুবিধা দেওয়া না হলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এতে ব্যাংকগুলোর ঋণ আদায় আরো কঠিন হবে। এ কারণে গ্রুপটির ব্যবসা সচল রাখতে আইনি ছাড় চাওয়া হয়েছে।"
সিটি গ্রুপের ঋণ ২৬ হাজার কোটি টাকা
গত মার্চ পর্যন্ত দেশি-বিদেশি ৪৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের ঋণের স্থিতি ছিল ২৪ হাজার ১৮৫ কোটি টাকা। এর মধ্যে ফান্ডেড ঋণ ১৬ হাজার ২৪৬ কোটি এবং নন-ফান্ডেড ঋণ সাত হাজার ৯৩৯ কোটি টাকা। পরবর্তী সময়ে ঋণের পরিমাণ বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা হয়েছে।
সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানের বক্তব্য জানতে ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, "নির্দিষ্ট গ্রুপ ধরে ধরে নীতিমালায় ছাড় দেওয়া ইতিবাচক নয়। তবে সংকটে পড়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অনুরোধে গ্রাহক সম্পর্ক বিবেচনায় বাংলাদেশ ব্যাংক কিছুটা শিথিলতা দিচ্ছে। এর পেছনে কর্মসংস্থান ও বিনিয়োগ সচল রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এটি সাধারণ বা স্থায়ী সমাধান নয়; বরং বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ চরম হতাশার এক ত্রিদেশীয় সিরিজ সম্পন্ন করেছে সংযুক্ত আরব আমিরাতে। একই সফরে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় হাতছাড়া করার পর বাংলাদেশ হতাশার মধ্যে রয়েছে। তবে, তাদের জন্য খুব বেশি সময় নেই হতাশা হজম করার, কারণ দুদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের সিরিজে মাঠে নামতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিক থেকে এই সিরিজের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনের সামনে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। ঘরের মাঠে সিরিজ হওয়ায় প্রেরণার অভাব থাকার কথা নয়।
ওয়েস্ট ইন্ডিজ ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতি ও শুক্রবার তারা দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে।
অনুশীলনের শুরুতে পুরো দল উপস্থিত না থাকলেও, সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়রা অনুশীলনে যোগ দিয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ মাথায় রেখে এই ঘরের মাঠের সিরিজে দলের প্রত্যাশা আকাশচুম্বী।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের দল এক-দেড় বছর ধরে লঙ্গার ভার্সনে ভালো ক্রিকেট খেলছে। এখন আমাদের সামনে একটি বড় সুযোগ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার, তাই আমরা সেই ধারাবাহিকতাটা চাইব। এ সিরিজ জয়ের যে কোনো বিকল্প নেই, সেটা খেলোয়াড়রাও জানে। সবাই এখানে ভালো খেলার জন্য মুখিয়ে আছে।’
টেস্ট ফরম্যাটে বাংলাদেশ শেষ ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছে; বাকি পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে হার এবং তিনটিতে ড্র হয়েছে। এই ১০ ম্যাচের মধ্যে চারটি ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ সবগুলোতেই জয় লাভ করেছে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান চারে, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম। এ সিরিজে অতিথিদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনা নিয়েই কোমর বেঁধেছে বাংলাদেশ।
এ প্রসঙ্গে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ তো এখন টেস্টে তেমন ভালো দল নয়। আমাদের টেস্ট দলটি যেভাবে খেলছে এবং ঘরের মাঠে সুবিধা তো আছেই। আশা করি বাংলাদেশ ওদের হোয়াইটওয়াশ করবে। দুদেশের শক্তির পার্থক্য তো এমনটাই নির্দেশ করে। তবুও ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা।’
গত দুবছরে বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম ভরসার নাম নাহিদ রানা। বিশেষ করে লাল বলে তার সময়টা দুর্দান্ত কেটেছে। কিন্তু চোটের কারণে এ সিরিজে নাহিদকে পাচ্ছে না বাংলাদেশ। তবে আলমগীর বিশ্বাস করেন, এটি খুব একটা প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘নাহিদ রানা নেই, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তবে তাকে ছাড়াও আমাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। আমাদের পুরো পেস ইউনিটটাই শক্তিশালী। হাসান, ইবাদত ভালো করছে। নাহিদের ইনজুরিটা গেমেরই অংশ।’
এশিয়ান কন্ডিশনে যেকোনো সিরিজ মানেই উইকেট নিয়ে আলোচনা। সঙ্গত কারণেই উইকেটের সুবিধা থাকে হোম টিমের। বাংলাদেশে সাধারণত স্লো ও স্পিন সহায়ক উইকেট বানানো হয়ে থাকে। তবে সম্প্রতি পেস সহায়ক উইকেটও দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কেমন উইকেট হতে পারে, সে বিষয়ে বিসিবি পরিচালক বলেন, ‘এক থেকে দেড় বছর ধরে যেমন স্পোর্টিং উইকেট বানানো হচ্ছে, সেখান থেকে বোর্ড সরবে না। আমরা চাই ভালো উইকেট হোক, ভালো ক্রিকেট খেলুক। হার-জিত থাকবে। ভালো উইকেট হবে এখানে। কোনো ক্রিকেটার নেই বলে যে উইকেটের ধরন পরিবর্তন করে ফেলা হবেÑ সেটি আমার মনে হয় না। আমি চাই আদর্শ উইকেটে খেলা হোক। আমাদের পেস ইউনিট উন্নতি করছে। ভালো উইকেটে খেলে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছি। এ ধারা থেকে সরে আসা উচিত হবে না।’
আগামী ২৮ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে। সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর শিবপুরের বান্দারদিয়া গ্রামের লুৎফর রহমান সরকার রিকশাচালক থেকে নার্সারি প্রতিষ্ঠা করে স্বাবলম্বী হয়েছেন। তিনি নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন। তার উদাহরণ দেখিয়ে প্রমাণ করেছেন যে, চেষ্টা থাকলে যেকোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব। বর্তমানে তাকে আর রিকশা চালাতে হচ্ছে না। এখন তিনি কোটিপতি। তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরাও খুশি। তিনি বিভিন্ন জাতের গাছ ও ফলফুলের চারা বিক্রি করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করছেন। জানা গেছে, ১৯৮৯ সালে মাত্র ৭০০-৮০০ টাকা পুঁজি নিয়ে তিনি এ ব্যবসা শুরু করেন। বর্তমানে লুৎফর সরকার প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করেন। তার নার্সারিতে বর্তমানে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার বিভিন্ন জাতের গাছের মজুত রয়েছে। তিনি নার্সারির নাম রেখেছেন মেসার্স পল্লি নার্সারি সেন্টার।
লুৎফর সরকার জানান, ১৯৮৭ সালে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়ার সময় তিনি স্কুলের টিফিনের সময় অন্য বন্ধুদের মতো আড্ডা না দিয়ে শিবপুর বন বিভাগে ঘুরে বেড়াতেন। সেই সময় থেকেই তার নার্সারি গড়ার স্বপ্ন জাগে। এতে দেশের উপকার হবে এবং তার অভাব দূর হবে। সংসারের অভাব-অনটন দূর করতে তিনি কখনো রিকশা চালাতেন, কখনো বেতের দরজা বানিয়ে বিক্রি করতেন। ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর লেখাপড়ার খরচ চালাতে না পেরে বাবার অগচোরে বাড়ির আঙ্গিনায় ছোট পরিসরে চারা লাগাতে শুরু করেন। ধীরে ধীরে মানুষের চাহিদা বাড়তে থাকে, ফলে তিনি নার্সারি সম্প্রসারণ করতে থাকেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ একজন সফল নার্সারি ব্যবসায়ী হয়ে উঠেছেন।
শিবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে ১০ বিঘা জমির ওপর তার নার্সারি অবস্থিত। এর মধ্যে পাঁচ বিঘা জমি তিনি ক্রয় করেছেন এবং পাঁচ বিঘা ভাড়া নিয়েছেন। নার্সারি চাষে সফল হওয়ায় তিনি শিবপুর উপজেলায় ১৩ বার, জেলায় সাত বার এবং জাতীয়ভাবে ২০১০ ও ২০২৬ সালে পুরস্কৃত হয়েছেন। এর মধ্যে ১৯৯৮ সালে শিবপুর উপজেলায় প্রথম, জেলায় দ্বিতীয়, ১৯৯৯ সালে উপজেলায় ও জেলায় প্রথম এবং ২০০৯ সালে মেলায় প্রথম স্থান অর্জন করেন। এবার ২০২৬ সালের ৯ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলায় তিনি প্রথম স্থান লাভ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্টল পরিদর্শন করেছেন এবং লুৎফর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন। বর্তমানে লুৎফর রহমানের নার্সারিতে ফুল, ফলদ, বনজ ও ঔষধিগাছসহ হাজার হাজার চারাগাছ রয়েছে। সারা বছর যেকোনো ধরনের গাছ তার নার্সারিতে পাওয়া যায়। এর মধ্যে বিদেশি ফল রামবুটান, এবুকাডু, পার্সিমন, ডুরিয়ান, আপেল, থাই লংঘান, বারমাসি ভিয়েতনামের পিংক কাঁঠাল ইত্যাদি। দেশীয় ফল লটকন, নারিকেল, সফেদা, বেল, পেয়ারা, বড়ই, কাঁঠাল, জলপাই, আম ইত্যাদি ওষুধি গাছের চারা হরতকি, আমলকি, দেশীয় নিম, আর্জুন ইত্যাদি। ফুলের মধ্যে বিভিন্ন জাতের রঙ্গন, গোলাপ, জবা, হাসনাহেনা, গন্ধরাজ, কামেনি, বেলি ইত্যাদি, সবজি জাতীয় মরিচ, টমেটো, বেগুন, পেঁপে, শসা, জালি ইত্যাদি। কাঠ জাতীয় মেহগনি, সেগুন, গর্জন ইত্যাদি জাতের চারা গাছও রয়েছে।
লুৎফর রহমান আরও জানান, তার নার্সারিতে ১৭ জন শ্রমিক প্রতিনিয়ত কাজ করছেন।
সব খরচ বাদ দিয়ে তিনি প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা আয় করেন। এতে তার পিতামাতাসহ সাত সদস্যের সংসার ভালোভাবে চলছে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ছয়জন ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে উঠেছে। ভুক্তভোগীদের মতে, হামলাকারীরা জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভের অনুসারী। এই হামলার ফলে বালুমহালের একজন ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মজুচৌধুরীর হাট বালুর ঘাট এলাকায় মোটরসাইকেলে করে ১২ থেকে ১৫ জনের একটি দল হামলা চালায়। ভুক্তভোগীরা জানান, হামলাকারীদের হাতে লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র ছিল।
হামলাকারীরা পাঁচটি অফিস এবং একটি দোকানে ভাঙচুর করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, সন্ধ্যায় তার বালুমহালের অফিসে হামলা হয়েছে। দোকানের টাকাপয়সা, সিসিটিভি ক্যামেরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এছাড়া আরো কয়েকটি বালুমহালে হামলা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, সকালে মজুচৌধুরীর হাট এলাকায় ছাত্রলীগ একটি মিছিল করেছে। বিকালে মিছিল করার খবর পেয়ে ছাত্রদল সেখানে যায়। তবে তিনি দাবি করেন, ছাত্রদল কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেনি এবং ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়ে ছাত্রদলের ওপর দায় চাপিয়ে দিতে পারে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, মজুচৌধুরীর হাটে বালুর গদিতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের গ্রিন পার্টি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ সংগঠন হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে ব্রিটিশ ইহুদিদের বৃহত্তম সংগঠন বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউস। সংগঠনটি দলের ‘জায়নবাদই হলো বর্ণবাদ’ নীতির সমালোচনা করে এই অভিযোগ করেছে।
বোর্ড অব ডেপুটিজের বক্তব্য অনুযায়ী, গ্রিন পার্টির এই ঘোষণা ‘ইহুদিবিদ্বেষী’ এবং এর ফলে দলটি একটি ‘বর্ণবাদী দলে’ পরিণত হয়েছে। তাদের ভাষ্য, এ ধরনের ঘোষণা ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক বৈধতা তৈরি করে।
তবে গ্রিন পার্টি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলের এক মুখপাত্র জানিয়েছেন, জায়নবাদী মতাদর্শে বিশ্বাসী হওয়ার কারণে কাউকে বৈষম্যের শিকার করা বা দল থেকে বাদ দেওয়ার নীতি গ্রিন পার্টির নেই।
মুখপাত্রটি বলেন, ‘আমাদের সম্মেলনে গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি জনগণের জাতিগত নিধন ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তুলে ধরা হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বোর্ড অব ডেপুটিজের এই প্রস্তাব ও আমাদের দল সম্পর্কে দেওয়া বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। তবে এর ফলে গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলা এবং ইসরাইল সরকার ও দেশটির নেতাদের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো থেকে আমরা বিরত হব না।’
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ