১১:০০ পি.এম
ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহত সেনার পরিচয় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রকাশ করেছে। নিহত সেনার বয়স ৩০ বছর। তিনি মাইকেল ইমানুয়েল সুইন্টন, যিনি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিলের বাসিন্দা। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত রবিবার উত্তর ইরাকের ইরবিল বিমানঘাঁটিতে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ড্রোনটি নিষ্ক্রিয় করার সময় সুইন্টন নিহত হন। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সুইন্টনকে মরণোত্তর ‘ব্রোঞ্জ স্টার’, ‘পার্পল হার্ট’ এবং ‘কমব্যাট অ্যাকশন’ ব্যাজ প্রদান করা হবে। এছাড়াও, তাকে পদোন্নতি দিয়ে স্টাফ সার্জেন্ট করা হবে। নিহত সেনার স্ত্রী মিয়া গনজালেজ-সুইন্টন জানান, গত রবিবার তাকে স্বামীর মৃত্যুর খবর জানানো হয়। তাদের একটি ছোট মেয়ে রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমি কখনোই এই শোক কাটিয়ে উঠতে পারব না। তোমার তো বাড়ি ফেরার কথা ছিল। তুমি ফিরে এলে আমাদের কত পরিকল্পনা ছিল। আমার ভেতরটা ভেঙে যাচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন