ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে যৌন পীড়নে শিক্ষক গোলাম কবিরের ৫ বছর কারাদণ্ড


চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে যৌন পীড়নে শিক্ষক গোলাম কবিরের ৫ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) যৌন পীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত গোলাম কবির (৫৮) নামের এক শিক্ষকের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডের রায় প্রদান করেছেন। একই সঙ্গে, তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরো তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাইনুদ্দীন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া গ্রামের মৃত তাজেবুল হকের পুত্র। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

মামলার এজাহার, আদালত সূত্র এবং বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালামের বক্তব্য অনুযায়ী, গোলাম কবির বিভিন্ন সময় ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২২ সালের ২৩ আগস্ট বই দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি ওই ছাত্রীকে স্কুলে ডেকে নেন। পরে, একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে যৌন পীড়ন করেন।

এ ঘটনার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন এবং গোলাম কবিরকে পুলিশের হাতে সোপর্দ করেন।

মামলার দিনেই মেয়েটির চাচা বাদী হয়ে শিবগঞ্জ থানায় গোলাম কবিরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল আনাম ২০২২ সালের ২২ সেপ্টেম্বর গোলাম কবিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলায় ১০ জনের সাক্ষ্য, প্রমাণ এবং উভয় পক্ষের শুনানি শেষে আদালত সোমবার গোলাম কবিরকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি রবিউল হক দোলন এবং সহকারী স্পেশাল পিপি ইব্রাহীম হোসেন বুলবুল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজমুল আজম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ আটকে দিলো পুলিশ, বলছে নিরাপত্তাঝুঁকি আছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ আটকে দিলো পুলিশ, বলছে নিরাপত্তাঝুঁকি আছে

কুষ্টিয়া শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় বিক্ষোভকারীদের অগ্রসর হতে দেওয়া হয়নি।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভের জন্য নেতাকর্মীরা বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে রোববার সন্ধ্যায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর দলটি রাতের দিকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে। প্রতিবাদ হিসেবে সোমবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

এনসিপি নেতাকর্মীরা জানিয়েছেন, লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এনসিপি কুষ্টিয়া জেলার সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, "আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করব। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখন কেউ ফোনও রিসিভ করছেন না।"

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীদের কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "বিক্ষোভকারীদের নিরাপত্তাঝুঁকি আছে। তারা যতক্ষণ ইচ্ছা পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে বিক্ষোভ করতে পারেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্টেনেগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


মন্টেনেগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা

মন্টেনেগ্রোর পার্লামেন্ট সদস্য গোরদান স্তোয়োভিচ জানিয়েছেন, বাংলাদেশ থেকে প্রতি বছর ৫০ হাজারের বেশি দক্ষ ও পেশাজীবী কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, বাংলাদেশ থেকে পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও চিকিৎসাসেবা সহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির সম্ভাবনা রয়েছে।

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশ ও মন্টেনেগ্রোর মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়টিও গুরুত্ব পায়।

শামা ওবায়েদ ইসলাম বৈঠকে বাংলাদেশ ও মন্টেনেগ্রোর সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের পার্লামেন্টের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ, সংসদীয় কূটনীতি জোরদার, প্রতিনিধি দলের সফর বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ-মন্টেনেগ্রো পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো দূর করে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

গোরদান স্তোয়োভিচ বলেন, মন্টেনেগ্রো একটি আমদানিনির্ভর দেশ। তিনি জানান, বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাট ও পাটজাত পণ্য আমদানি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সুযোগের বিষয়টিও তুলে ধরেন। তিনি কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক খাদ্য, পরিবেশবান্ধব পর্যটন, তৈরি পোশাক, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতে বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেন।

এ প্রসঙ্গে, মন্টেনেগ্রোর পার্লামেন্ট সদস্য নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।

গোরদান স্তোয়োভিচ বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে যৌথ সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহের কথাও উল্লেখ করেন, মন্টেনেগ্রোর গুরুত্বপূর্ণ আঞ্চলিক অবস্থানের কথা উল্লেখ করে।

বৈঠকে শিক্ষা, নারীর ক্ষমতায়ন, খেলাধুলা ও সংস্কৃতি, জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ, মানব চলাচল ও অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশীদারত্ব নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তির বৈধ অভিবাসন বাড়াতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি পেশাজীবী, প্রকৌশলী, নির্মাণশ্রমিক ও স্বাস্থ্যসেবা কর্মীসহ বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি রয়েছে।

এ প্রসঙ্গে, মন্টেনেগ্রোর পার্লামেন্ট সদস্য জানান, তার দেশে প্রতি বছর ৫০ হাজারের বেশি দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। তিনি বাংলাদেশ থেকে পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও চিকিৎসাসেবার মতো খাতে জি-টু-জি চুক্তির মাধ্যমে কর্মী নিয়োগের সম্ভাবনার বিষয়ে ইতিবাচক সাড়া দেন।

উভয় পক্ষ গুরুত্ব দেয়, যাতে বাংলাদেশি কর্মীরা মন্টেনেগ্রোর অর্থনীতিতে আরো কার্যকরভাবে অবদান রাখতে পারে, সেই জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা এবং শ্রমিকদের চলাচলসংক্রান্ত চুক্তি কার্যকর করা প্রয়োজন।

বৈঠকে বাল্টিক অঞ্চলসহ এর বাইরেও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে মন্টেনেগ্রোর সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। তারা বাংলাদেশ ও মন্টেনেগ্রোর মধ্যে সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনাগুলো কাজে লাগানোর বিষয়ে একমত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ
রাজশাহীকে পরিবেশবান্ধব গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সঠিক মাস্টার প্ল্যান, পরিকল্পিত আবাসন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। একই সঙ্গে ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলা এবং নগর উন্নয়নে কঠোর তদারকির আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ প্রতিপাদ্যে বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে রাস্তা থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখা, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা এবং অগ্নি ও ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় নেওয়া জরুরি। পরিকল্পিত নগরায়ণের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান, সবুজ এলাকা ও জলাশয় সংরক্ষণ করতে হবে। অনুমোদনহীন নকশায় ভবন নির্মাণ বা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত তলা নির্মাণ নগরীর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি।
গ্রিন এনার্জির প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ইউসুফ আলী বলেন, বাসাবাড়ি ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল চালু হয়েছে। পর্যায়ক্রমে সরকারি অন্যান্য ভবনেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
আরডিএকে কঠোর তদারকি ও কাজের দক্ষতা বাড়িয়ে নিয়মমাফিক পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে রাজশাহীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় মুখ্য আলোচক ছিলেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবদুল ওয়াকিল। আলোচক ছিলেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী। আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে সভায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন, আরডিএর প্রধান নির্বাহী মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।#
 

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করা হয়।

এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা অভিযানের উদ্বোধন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অভিযানে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার এবং পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন বা ওষুধের ওপর নির্ভর করলে হবে না; নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বাসাবাড়ি, অফিস ও নির্মাণাধীন ভবনের আশপাশে পানি জমতে না দিলে এবং মশার প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ কর্মস্থল ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%