০১:১৮ পি.এম
নারীদের হৃদরোগের ঝুঁকি শুধুমাত্র বয়সের উপর নির্ভরশীল নয়, বরং জীবনের বিভিন্ন পর্যায়ে হরমোনের পরিবর্তনের সঙ্গেও এটি সম্পর্কিত। বিশেষজ্ঞদের মতে, প্রথম মাসিক শুরু হওয়া থেকে গর্ভাবস্থা ও মেনোপজ পর্যন্ত বিভিন্ন সময় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা নারীদের হৃদস্বাস্থ্য রক্ষার জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছেন। এই নির্দেশনায় শৈশব থেকেই হৃদরোগের ঝুঁকি চিহ্নিত করা এবং প্রতিরোধের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ১০ বছর বয়সের আগে প্রথম মাসিক হলে ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এছাড়া অনিয়মিত বা অতিরিক্ত মাসিক, হরমোনজনিত সমস্যা এবং গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে পরবর্তী জীবনে হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে।
আরও পড়ুন: লিভার ক্যানসারের লুকিয়ে থাকা ৫টি লক্ষণ
গর্ভাবস্থা নারীদের হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। সন্তান জন্মের পর প্রথম এক বছরও হৃদরোগের ঝুঁকির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ সময়ে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি বা পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।
এছাড়া মেনোপজের (মেনোপজ হলো এমন একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যখন একজন নারীর মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং তার গর্ভধারণের ক্ষমতা শেষ হয়।) আগে কয়েক বছর ধরে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকে। এর ফলে ক্ষতিকর কোলেস্টেরল বৃদ্ধি পেতে পারে, রক্তনালি শক্ত হয়ে যেতে পারে এবং শরীরে চর্বি জমার প্রবণতা বাড়ে। মেনোপজের পর নারীদের হৃদরোগের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা শিশু বয়স থেকেই স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, মাসিকের ইতিহাস, গর্ভাবস্থার জটিলতা এবং মেনোপজের সময় নারীদের প্রজননস্বাস্থ্যের তথ্য হৃদরোগের ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ।
সূত্র: সিএনএন
আরও পড়ুন: রমেক হাসপাতালে যন্ত্রপাতি অচল, সংকটে চিকিৎসা সেবা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন