বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:১২ পি.এম
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প নারায়ণগঞ্জ জেলার শিমরাইল এলাকায় (ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল সংলগ্ন চট্টগ্রাম রোড।
মহাসড়কে যানজট নিরসন, ট্রাফিক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অবৈধ পণ্য পরিবহন বিরোধী অভিযান পরিচালনা করা তাদের দায়িত্ব। কিন্তু যানজট নিরসনের জায়গায় টোটাল রাস্তা জুড়ে যেন পরিবহন রাতে থাকে ভরপুর নেয়া হয় মাসোয়ার।
রাজধানীর উপকণ্ঠ চিটাগাং রোডের শিমরাইল হাইওয়ে থানার অন্তর্গত এলাকায় দায়িত্বরত সার্জেন্ট খোরশেদের বিরুদ্ধে সংবাদপত্রের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশায় মামলা দেওয়া এবং এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও সংবাদপত্র অফিস সূত্রে জানা যায়, আজ মহাসড়কে দুটি সিএনজি অটোরিকশায় মোট ১৫ হাজার টাকার মামলা দেন সার্জেন্ট খোরশেদ। এর মধ্যে একটি সিএনজি অটোরিকশা একটি সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং সেটি নিয়মিত সংবাদপত্রের দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়। দায়িত্বরত অবস্থায় চালক বিষয়টি সার্জেন্ট খোরশেদকে অবহিত করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চালকের সাথে দুর্ব্যবহার করেন।
পরবর্তীতে চালক বিষয়টি তার সংবাদপত্র অফিসে জানালে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিমরাইল ক্যাম্প ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ইনচার্জ) বিষয়টি অবগত করেন। এরপর ঘটনার সত্যতা জানতে সাংবাদিকরা সার্জেন্ট খোরশেদের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের সাথে চড়াও হয়ে কথা বলেন। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যা পারেন করেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমার নামে বিচার দেন।
এদিকে স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, শিমরাইল ক্যাম্প আওতাধীন এলাকায় প্রায় দুই হাজারের অধিক ফিটনেসবিহীন সিএনজি অটোরিকশা, ট্রাক ও অন্যান্য পরিবহন চলাচল করে। যাত্রাবাড়ী থেকে শুরু করে ঢাকার বিভিন্ন পয়েন্টে এসব ফিটনেসবিহীন যানবাহন আটক করা হলে চালকরা সার্জেন্ট খোরশেদের নাম ব্যবহার করে ছাড় পেয়ে যান বলেও জনশ্রুতি রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হবে।
রিজভী বলেন, "ইতোমধ্যে আমরা বিজয়ের মাস হিসেবে ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। সেই মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা একটু বড় সমাবেশের মাধ্যমে শুরু করব। আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই আজ আমাদের প্রস্তুতি সভা হয়েছে।"
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তের নেশা এখনো তীব্র। তাই ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে বিভিন্ন নাশকতা চালাচ্ছে। এখন পর্যন্ত বিএনপির ৩ জনকে হত্যা করেছে। ১৭ বছর পর দেশে যে স্থিতিশীলতা চলছে তা কলঙ্কিত করার জন্য তারা এ নাশকতা চালাচ্ছে।"
তিনি আরও বলেন, "আজ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অন্য কোনো রাজনৈতিক দল এভাবে নাশকতা চালালে তাদের ক্রসফায়ার দেয়া হতো। এমনকি গুম ও খুন করা হতো। কিন্তু সরকার সহনশীলতার পরিচয় দিয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।"
রিজভী মন্তব্য করেন, "আন্তর্জাতিকভাবেই তারা আজ ধিক্কার পাচ্ছে। তারা এত জ্বালাও-পোড়াও করছে কিন্তু আমরা তা নিয়মতান্ত্রিকভাবে সামলানোর চেষ্টা করছি। এটা সভ্য সরকারের পরিচয়।"
তিনি যোগ করেন, "বিদেশি এক মন্ত্রী ১৬ ডিসেম্বর ঢাকা দখল করতে চাইলেন, আর দেশের মানুষ কি আমলকী চুষবে? আমরা ধিক্কার জানাই তার এই বক্তব্যের।"
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা বিশ্বস্বীকৃত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের দায়িত্ব পালনের জন্য মনোনীত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিজয়ের মাসকে এক তারিখ থেকেই পালন করা শুরু করব। সেই হিসেবে সরকারি সব কর্মসূচি প্রণয়ন হয়েছে এবং দলীয় ভিত্তিতে আমাদের সব কর্মসূচি ঘোষিত হয়েছে। এটি শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে একটি গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে। এর আয়োজন উপলক্ষ সাংগঠনিক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সব নেতা এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব অঙ্গসংগঠনের নেতারা কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন।"
তিনি বলেন, "আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশগ্রহণ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন করেছে সরকার।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভা বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুমোদন প্রদান করা হয়।
এ বিষয়ে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
অনুমোদনের আওতায়, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭.৯৮৫৮ মার্কিন সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৬.৭৮ টাকা।
এই ট্যারিফের মধ্যে ক্যাপাসিটি চার্জ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৩.১০৭৮ মার্কিন সেন্ট এবং জ্বালানি ব্যয় ৪.৮৭৮০ মার্কিন সেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের পরিচালিত ১ হাজার ৩২০ মেগাওয়াট (২×৬৬০ মেগাওয়াট) মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফও অনুমোদন করেছে কমিটি।
অনুমোদিত কাঠামোর ভিত্তিতে, প্রাথমিক পরিচালন তারিখ (আইওডি) থেকে বাণিজ্যিক পরিচালন তারিখ (সিওডি) পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টার লেভেলাইজড ট্যারিফ ৮.২৮২৮ মার্কিন সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৯.১১১১ টাকা।
অন্যদিকে, বাণিজ্যিক পরিচালন তারিখের (সিওডি) পর প্রতি কিলোওয়াট ঘণ্টার লেভেলাইজড ট্যারিফ হবে ৮.১৬৪৮ মার্কিন সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৮.৯৮১৩ টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উভয় প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, "দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি; তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।"
তিনি আরও বলেন, "আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।"
সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে। তিনি বলেন, "ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।"
তিনি উল্লেখ করেন, "যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।"
বিজয় মাস উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "গ্র্যান্ড র্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
আজ বৃহস্পতিবার, সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের নগর উন্নয়ন, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতায় বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করা হয়।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের নগর উন্নয়ন ও আবাসন খাতের অগ্রাধিকার, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন, যাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করা যায়।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের পক্ষে সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার মি. জশুয়া মুলান্দি মাভিতি এবং অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার হেসুং আন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশ-এর ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ফারিবা আলমও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ