ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার


চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা,  অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টেশনে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ওঠার সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি হলো মো. শাহিন শেখ, যিনি নড়াইলের লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয় স্টেশনের ‘কার্গো ক্যাফে’ ফুড কার্টের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে ক্লাস শেষে, যখন তিনি বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন, তখন তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত মো. শাহিন তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ আনা হচ্ছে। তখন ভুক্তভোগীর সহপাঠীরা তাৎক্ষণিকভাবে শাহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। যদিও অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী

পাশাপাশি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত এবং ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টরদের উপস্থিতিতে অভিযুক্তকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

রাত ১০টার দিকে শাহিনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। সেখানে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী জানিয়েছেন, ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। মামলা দায়েরের পর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নুরুল হুদা জানিয়েছেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে মামলা করা হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: নেতানিয়াহু হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান, দাবি বিরোধীদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৩ বছরেও অমলিন রাইসুল ইসলাম আসাদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


৭৩ বছরেও অমলিন রাইসুল ইসলাম আসাদ

৭৩-এও রাইসুল ইসলাম আসাদ অমলিন হয়ে রয়েছেন। ‘কুবের’ আজও পদ্মার ঢেউয়ে ভাসে, ‘মজিদ’ প্রশ্ন তোলে বিশ্বাস আর ক্ষমতার, ‘দুখাই’ ছুঁয়ে যায় মানুষের হৃদয়। সিনেমায় অমর এই চরিত্রগুলোর প্রাণপুরুষ রাইসুল ইসলাম আসাদ। বাংলা অভিনয়ের এক বিশাল বটগাছ; যার ছায়ায় বেড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্ম। আজ এই কিংবদন্তি অভিনেতার ৭৩তম জন্মদিন।

১৯৫৩ সালের ১৫ জুলাই ঢাকার পুরানা পল্টনে জন্মগ্রহণ করেন রাইসুল ইসলাম আসাদ। তরুণ বয়সেই জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হন তিনি। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে যোগ দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। যে তরুণ যুদ্ধক্ষেত্রে দেশের জন্য লড়েছিলেন, স্বাধীনতার পর সেই মানুষটিই সংস্কৃতির মঞ্চে হয়ে ওঠেন শিল্পের যোদ্ধা।

১৯৭২ সালে বেতার, মঞ্চ ও টেলিভিশনের মাধ্যমে অভিনয়যাত্রা শুরু হয় রাইসুল ইসলামের। ১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত 'আবার তোরা মানুষ হ' চলচ্চিত্র দিয়ে তিনি বড় পর্দায় অভিষেক ঘটান। এরপর একের পর এক চরিত্রে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। কখনো গ্রামের সাধারণ মানুষ, কখনো সংগ্রামী এক নায়ক, কখনো ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র। তার অভিনয় যেন নদীর স্রোতের মতো- স্বাভাবিক, গভীর আর নিরন্তর।

ঘুড্ডি, লাল সবুজের পালা, সুরুজ মিঞা, পদ্মা নদীর মাঝি, দুখাই, লালসালু- প্রতিটি কাজেই তিনি রেখে গেছেন নিজের স্বাক্ষর। ক্যামেরার সামনে কখনো অভিনয় করেন না, বরং বেঁচে থাকেন চরিত্র হয়ে। আর সেখানেই তিনি আলাদা।

দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি এসেছে বারবার। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন। ‘ঘানি’ ও ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মান। ৪৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অর্জন করেন আজীবন সম্মাননা। ২০২১ সালে বাংলাদেশ সরকার তাকে সম্মানিত করেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'একুশে পদক'-এ।

১৯৭৯ সালে তাহিরা দিল আফরোজের সঙ্গে সংসারজীবন শুরু করেন রাইসুল ইসলাম আসাদ। তাদের একমাত্র কন্যা রুবায়না জামান। জীবনের ৭৩ বসন্তে থাকলেও শিল্পের প্রতি তার ভালোবাসা আজও তরুণ।

রাইসুল ইসলাম আসাদ শুধু একজন অভিনেতা নন, তিনি অভিনয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। মুক্তিযোদ্ধার সাহস, শিল্পীর নিষ্ঠা আর মানুষের প্রতি ভালোবাসা- অনন্য এই মেলবন্ধনেই গড়ে উঠেছে কিংবদন্তির পথচলা। সময় বদলাবে, বদলাবে প্রজন্ম; তবে পদ্মার ঢেউয়ে ‘কুবের’, বিশ্বাসের প্রশ্নে ‘মজিদ’ আর মানুষের হৃদয়ে ‘দুখাই’ হয়ে রাইসুল ইসলাম আসাদ বেঁচে থাকবেন বারবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইরানের পাল্টা হামলা

যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সব ‘রপ্তানি করিডোর’ বন্ধের ঘোষণা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সব ‘রপ্তানি করিডোর’ বন্ধের ঘোষণা তেহরানের

যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক সকল গুরুত্বপূর্ণ ‘রপ্তানি করিডোর’ বন্ধের ঘোষণা করেছে তেহরান।

ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার পর এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করার পর, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য লাভজনক অন্য সব রপ্তানি করিডোর’ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে।

ট্রাম্পের নতুন ইরান অবরোধের নির্দেশের পরিপ্রেক্ষিতে আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবরোধের হুমকি দিয়েছে ইরান। 

বুধবার (১৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আঞ্চলিক জ্বালানি রপ্তানি হয় সকলের মধ্যে ভাগ করে নেয়া হয় অথবা সকলের জন্য তা নিষিদ্ধ করা হয়।’

বিশ্লেষকরা বলেছেন, ইরান ইঙ্গিত দিচ্ছে যে, তারা ইয়েমেনে তাদের হুতি মিত্রদের ব্যবহার করে লোহিত সাগরের বাব আল-মানদেব প্রবেশপথ বন্ধ করে দিতে পারে। এর মাধ্যমে ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট তৈরি হবে এবং বিশ্বের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালনি সরবরাহ পথ ঝুঁকির মুখে পড়বে।

এই সংকীর্ণ প্রবেশপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে সংযুক্ত করে, যেখানে সৌদি আরবের তেল রপ্তানি এবং বিশ্বের একটি উল্লেখযোগ্য অংশ জাহাজ চলাচল করে।

ইরানের প্রেস টিভি ওয়েবসাইটের একটি প্রতিবেদন অনুসারে, সোমবার একজন ঊর্ধ্বতন হুতি কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখে, তবে তাদের গোষ্ঠী বাব আল-মানদেব প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত। এই পদক্ষেপের ফলে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

সোমবার তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বিমানবন্দরে বোমা হামলার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করার পর হুতি বাহিনী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মাধ্যমে সৌদি আরব এবং ইরান-সমর্থিত এই গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতে চার বছরের যুদ্ধবিরতি ভঙ্গ হলো।

হুতিরা ইতোমধ্যেই দেখিয়েছে যে তারা বাব আল-মানদেব প্রণালীর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যকে রুদ্ধ করে দিতে পারে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালায় এবং দাবি করে যে তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের সাথে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।

বৈশ্বিক জাহাজ চলাচলের ওপর এই সর্বশেষ হুমকিটি এমন এক সময়ে এলো, যখন মার্কিন সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ আক্রমণে ব্যবহৃত ইরানি সক্ষমতা হ্রাস অব্যাহত রাখতে নতুন করে হামলা শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে। উদ্ধারের কার্যক্রমের পাশাপাশি, এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মন্ত্রী মঙ্গলবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রামে অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধির সঙ্গে আলোচনা সভার বক্তৃতায় এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু জানান, চট্টগ্রাম অঞ্চলে একদিনে প্রায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত হওয়া একটি অস্বাভাবিক ঘটনা। এর ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়ে জনজীবন, কৃষি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগকালীন সময়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উল্লেখ করেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে উঁচু স্থানে বীজতলা তৈরির ব্যবস্থা, প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে, যাতে আসন্ন মৌসুমে খাদ্য উৎপাদন ব্যাহত না হয়।

মন্ত্রী আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ বিষয়টি বিবেচনায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয় মাঠপর্যায়ে প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ মোকাবিলার চিকিৎসাসামগ্রী প্রস্তুত রেখেছে। স্থানীয় প্রশাসনকে স্বাস্থ্য সেবার প্রস্তুতির বিষয়ে নিয়মিত তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার তিন ধাপে কাজ করে; দুর্যোগের আগে আগাম সতর্কতা, দুর্যোগ চলাকালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন এবং দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম প্রেসক্লাবে সভাপতি জাহিদুল করিম কচি বক্তৃতা করেন। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মিছিল করার সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) মীরপুর গাবতলী ব্রিজ হয়ে সাভার থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এবং আমিনবাজারের মাঝামাঝি ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে ১০০/১৫০ জন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করার প্রস্তুতিতে ছিলেন, এ সময় পুলিশ তাদের নজরে আনে। পরে, পুলিশ ধাওয়া করে মোট ১৩ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তারা ৩টি মাইক্রোবাস এবং ৭টি মোটরসাইকেলও জব্দ করে।

রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেছে এক বৃদ্ধের। ভাকুর্তা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে সাভার পৌর এলাকার বাসিন্দার সংখ্যা বেশি। আটককৃতদের মধ্যে রয়েছে সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুণ্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন এবং সজীব মিয়া।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে প্রথম চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক এবং বাকি ৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ জানিয়েছেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%