বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫১ পি.এম
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার অবকাঠামোগত উন্নয়ন ও নগরায়ণের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পশ্চিমা ঋণ ও শর্তযুক্ত সাহায্যের ওপর নির্ভরতা কমিয়ে এবার চীনের সঙ্গে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল চুক্তিতে আবদ্ধ হয়েছে জাকার্তা। এই চুক্তির আওতায়, চীনা প্রতিষ্ঠানগুলোর একটি শক্তিশালী কনসোর্টিয়াম ইন্দোনেশিয়ায় ১০টি অত্যাধুনিক ‘ফিউচার স্মার্ট সিটি’ বা স্মার্ট শহর নির্মাণ করবে।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এবং ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদ সচিবালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উপস্থিতিতে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
ইন্দোনেশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল ‘দানান্তারা’র অধীনে প্রতিষ্ঠান ‘পিটি কোটা মাসা দেপান ইন্দোনেশিয়া’ (কেএমডিআই) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শানসি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
২৮ কোটি ৮০ লাখ জনসংখ্যার এ দ্বীপরাষ্ট্রটিতে বিদ্যমান শহরগুলোর তীব্র যানজট ও পরিবেশদূষণ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শহরে গড়ে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এই ১০টি স্মার্ট সিটিতে প্রায় ৩০ লাখ মানুষের বসবাসের জন্য ১৫ লাখ আধুনিক আবাসন ইউনিট নির্মাণ করা হবে। এর পাশাপাশি, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিং মল এবং নেটওয়ার্ক-সংযুক্ত সেন্সর ও আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলা হবে।
ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী ও দানান্তারার প্রধান নির্বাহী রোসান রোসলানি জানিয়েছেন, এটি দেশটির ইতিহাসের অন্যতম ঐতিহাসিক প্রকল্প হতে যাচ্ছে। আগামী ২০২৭ সালের শুরুতেই এর নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।
চীনের সঙ্গে ৭১.৮ বিলিয়ন ডলারের বৃহত্তর প্যাকেজ
এপেক সম্মেলনে ইন্দোনেশিয়া ও চীনের মধ্যে মোট ৭১.৮ বিলিয়ন মার্কিন ডলারের চারটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ৫০ বিলিয়ন ডলারের স্মার্ট সিটি প্রকল্পই সবচেয়ে বড়। এই প্যাকেজের বাকি চুক্তিগুলোর মধ্যে রয়েছে চীনা ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ‘হাইসেন্স’-এর সঙ্গে উৎপাদন ও গবেষণায় ১০ বিলিয়ন ডলারের চুক্তি, অবকাঠামো অর্থায়নে ১০ বিলিয়ন ডলারের আরেকটি বিশেষ তহবিল চুক্তি এবং কয়লা থেকে ইথানল প্রযুক্তি উদ্ভাবনে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি।
বিশ্লেষকদের মতে, গত বছর ইন্দোনেশিয়ায় মোট যে পরিমাণ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) এসেছিল, চীনের সঙ্গে স্বাক্ষরিত এই একক প্যাকেজ তার চেয়েও অনেক বড়। নিজ দেশে প্রায় ৫০০টি পাইলট স্মার্ট সিটি তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে চীন যেভাবে এশিয়ার দেশগুলোর অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসছে, তা বিশ্ব অর্থনীতিতে বেইজিংয়ের প্রভাব বিস্তারেরই বহিঃপ্রকাশ।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভোলা জেলার চরফ্যাশন থানার নিষিদ্ধ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ (৩৪) কে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
এ তথ্য আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফায়েল আহম্মেদ ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।
এছাড়া, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : শিক্ষা মন্ত্রণালয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ২০টি অঞ্চলে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের একটি তালিকা চেয়েছে।
এ তালিকা চাওয়ার উদ্দেশ্য হলো ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও পরিবীক্ষণ করা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে নির্দিষ্ট ছকের ভিত্তিতে তালিকা পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে মমাউশির মহাপরিচালকের কাছে একটি চিঠি প্রেরণ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৭ নভেম্বরের একটি পত্রের আলোকে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই লক্ষ্যে দুই সিটি কর্পোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অঞ্চলভিত্তিক তালিকা নির্ধারিত ছকের অনুযায়ী পাঠাতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পর্তুগালের সাবেক কোচ রবার্তো মার্তিনেজ বিশ্বাস করেন যে, ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড ভবিষ্যতে অন্য কোনো ফুটবলারের পক্ষে অতিক্রম করা সম্ভব নয়। তার মতে, রোনালদোর ফুটবলের প্রতি নিবেদন, পেশাদারিত্ব এবং দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এই অনন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে।
রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ ম্যাচের রেকর্ড দুটিই তার দখলে রয়েছে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।
রোনালদোকে কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে মার্তিনেজ বলেন, “আমার ও আমার কোচিং স্টাফদের জন্য ৩৭টি ম্যাচে তার সঙ্গে কাজ করাটা ছিল দারুণ অভিজ্ঞতা। আমার অধীনে ৩৭ ম্যাচে তিনি ২৮ গোল করেছেন।”
রোনালদোর রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে মার্তিনেজ মন্তব্য করেন, “আমার মনে হয় না, এটা সম্ভব। ক্রিস্টিয়ানোর কাছ থেকে আপনি একটি বিষয় শিখতে পারবেন—তার মানসিকতা। তার প্রেরণা ছিল পরের দিন আরও ভালো হওয়া। ফুটবলের প্রতি তার নিবেদন অতুলনীয়।”
মার্তিনেজ আরও উল্লেখ করেন, ২০০৩ সালে রোনালদোর অভিষেকের পর থেকে সাড়ে ২৩ মৌসুমে পর্তুগাল কোনো বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়নি। দেশটির ফুটবলে রোনালদোর অবদান ও প্রভাব অসাধারণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত-সমর্থিত ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) জানায়, ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নুশকি, সিবি, পাঞ্জগুর ও কেচে এসব অভিযান পরিচালিত হয়েছে।
নুশকিতে আটজন, সিবিতে দুজন এবং পাঞ্জগুর ও কেচে আরও দুজন নিহত হয়েছে। অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআরের দাবি, নিহত ব্যক্তিরা ভারত-সমর্থিত ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অভিযানে নিরাপত্তা বাহিনীর সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়ে গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হামলার সংখ্যা কিছুটা কমলেও হতাহত বেড়েছে। এতে দেশটির নিরাপত্তা পরিস্থিতির অস্থিরতা স্পষ্ট হয়েছে।
সূত্র: জিও নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ