ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্যারালিগ্যাল সেবায় ন্যায়বিচার সহজ হবে: আইনমন্ত্রী


প্যারালিগ্যাল সেবায় ন্যায়বিচার সহজ হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, দরিদ্র ও প্রান্তিক জনগণের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ ও কার্যকর করার ক্ষেত্রে প্যারালিগ্যাল সেবা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ রোববার আইন মন্ত্রণালয়ে প্যারালিগ্যাল সেবার প্রাতিষ্ঠানিকীকরণ এবং জাতীয় ও বিশেষায়িত সনদ কোর্স চালুর লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, "আগামী পাঁচ বছরে দেশের মানুষের মধ্যে এমন একটি ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে, যাতে তাঁরা উপলব্ধি করতে পারবেন যে যেকোনো পরিস্থিতিতেই তাঁরা অসহায় নন এবং আইনি প্রতিকার থেকে বঞ্চিত নন।" এ লক্ষ্য অর্জনে প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ ও সনদ প্রদানের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

মন্ত্রী আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে জানান, দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাঁদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ এতদিন পর্যাপ্ত ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার প্রথমবারের মতো চলতি অর্থবছরে আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রশিক্ষণ বাংলাদেশি বংশোদ্ভূত একটি ব্রিটিশ বিশেষজ্ঞ দলের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিগগিরই কার্যক্রমটি উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: ইসলামাবাদে স্পিকারের বক্তব্যে ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে নতুন আলোচনা

মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, "সে সময় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক ইন্টার্নশিপ কর্মসূচি চালু করা হয়েছিল, যা তরুণ আইনজীবীদের দক্ষতা বিকাশে সহায়ক হচ্ছে।" তিনি প্যারালিগ্যাল কর্মীদের দক্ষ করতে এই যৌথ উদ্যোগকে স্বাগত জানান, কারণ আইনজীবীদের সহকারীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকার বাস্তবতা রয়েছে।

আইনমন্ত্রী সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মানুষের আস্থা বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার আবেদন পড়েছিল ৩৫ হাজার ৫৯৬টি, যা ২০২৬ সালের একই সময়ে ১৬৭ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৫ হাজার ৩১২টিতে দাঁড়িয়েছে। একই সময়ে বিরোধ নিষ্পত্তির সংখ্যা ২৯ হাজার ৮৩৭টি থেকে ১৪৬ দশমিক ২০ শতাংশ বেড়ে ৭৩ হাজার ৪৫৯টিতে এবং মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫টি থেকে ১০৮ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৮৭টিতে উন্নীত হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, "মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের ফলে মক্কেল হারানোর আশঙ্কায় কোনো কোনো জেলার কিছু আইনজীবী এর বিরোধিতা করলেও আলোচনার মাধ্যমে অধিকাংশকে বোঝানো সম্ভব হয়েছে।" ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সমঝোতা স্মারকের আওতায় প্যারালিগ্যাল কর্মীদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভিন্ন জাতীয় মানদণ্ড নিশ্চিত করা হবে। এর অধীনে দুটি পৃথক কর্মসূচি বাস্তবায়িত হবে—প্রথমত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর সহযোগিতায় বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) আইনগত সহায়তায় বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স; এবং দ্বিতীয়ত, জিআইজেড-এর সহায়তায় সর্বস্তরের জনগোষ্ঠীর জন্য একটি মানসম্মত জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন।

আরও পড়ুন: রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি

উভয় কোর্সের পাঠ্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তত্ত্বাবধানে প্রণীত হবে এবং সফল প্রশিক্ষণার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সনদ দেওয়া হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদে একটি সমন্বিত ‘প্যারালিগ্যাল কাউন্সিল’ গঠনের বিষয়টিও সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত রয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষলের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং জিআইজেড-এর অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার সৈয়দ জিয়াউল হাসান। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও আশ্রিত রোহিঙ্গাদের আইনগত সহায়তা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

আরও পড়ুন: তরুণদের তামাকমুক্ত রাখতে উদ্ভাবন ও খেলাধুলায় সম্পৃক্ততার তাগিদ মাহ্দী আমিনের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে দর্শকের উপচে পড়া ভিড়ে মঞ্চস্থ হলো অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা ‘পুতুলের বিয়ে’

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ময়মনসিংহে দর্শকের উপচে পড়া ভিড়ে মঞ্চস্থ হলো অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা ‘পুতুলের বিয়ে’

দর্শকদের উপচে পড়া উপস্থিতি, শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মঞ্চস্থ হয়েছে অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত শিশুতোষ নাটক ‘পুতুলের বিয়ে’। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন মো. আবুল মনসুর।

নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে শিশুদের পুতুলের বিয়েকে কেন্দ্র করে। কমলির দুটি ছেলে পুতুলের একটি ফুচুং, যার চেহারা চীনা আদলের। কিন্তু চেহারার কারণে তাকে জামাই হিসেবে গ্রহণ করতে অনীহা দেখা যায়। অন্যদিকে কমলির আরেক পুতুল ডালিম কুমারের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাকে জামাই করার জন্য মেয়েদের মায়েদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। বিয়ের আয়োজন, হাস্যরস, মান-অভিমান ও নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

তবে নিছক পুতুলের বিয়ের গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয় নাটকটি। শিশুদের খেলার ছলে নজরুল তুলে ধরেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা, নারী-পুরুষের সমতা ও মানবিক মূল্যবোধের বার্তা। হিন্দু-মুসলমানের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা রয়েছে নাটকটির অন্যতম প্রধান বক্তব্যে। পাশাপাশি বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধেও রয়েছে কবির সচেতন অবস্থান। লোকজ ছড়া, গান, হাস্যরস ও গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ নাটকটিকে শিশুদের কাছে উপভোগ্য করে তুলেছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মো. ইউসুফ আলী, শাহনাজ নাহিদ খান শম্পা, সাবিনা ইয়াসমিন রুবি, ফারজানা হক নীলা, জাকিয়া সুলতানা শম্পা, প্রিয়াঙ্কা প্রিয়া ও অনুশ্রী সাহা মিষ্টি।

নাটকের সেট ও কস্টিউমের দায়িত্বে ছিলেন উজ্জ্বল চৌধুরী। আলোক প্রক্ষেপণে ছিলেন অজিত বনিক, সংগীত প্রক্ষেপণে আসাদুজ্জামান রুবেল, ঢোলে লালচান, মিলনায়তন ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন, এস এম জাহাঙ্গীর আলম, দেবল আদিত্য, আলমগীর হোসেন পাভেল, রিপন গোয়ালা অভি ও জয় ঘোষ।

বাঁশরীর সহযোগিতায় অনসাম্বল থিয়েটার প্রযোজিত নাটকটির উদ্বোধনী পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, গবেষক ও লেখক স্বপন ধর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও নির্দেশক নাট্যজন সৈয়দ মামুন রেজা, নিরাপদ সড়ক চাই, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না এবং চিত্রশিল্পী ও শিক্ষক তাপস মজুমদার।

এ ছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তারেক সালাউদ্দিন, সংস্কৃতিজন সুপ্রিয় বণিক ও জাহাঙ্গীর আকন্দ, লোকজ নাট্যদলের সভাপতি নাট্যজন আবুল কাশেম সরকার, রংধনু থিয়েটারের সভাপতি নাট্যজন হেদায়েতুল হক টিংকু এবং থিয়েটার সংলাপের সভাপতি নাট্যজন সুবির দত্ত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ নাট্যজন অ্যাডভোকেট আবুল কাশেম, সন্দিপন সাংস্কৃতিক সংস্থার পরিচালক মাহবুব হোসেন খান শরীফ এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাগরণী নাট্যগোষ্ঠীর সভাপতি উত্তম কুমার জয়,বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি চিত্রশিল্পী মো: রাজন, নৃত্যশিল্পী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শেখ আলী হোসেন রনি সহ বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সংগঠক, শিল্পী এবং সংস্কৃতিপ্রেমীরা।

দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। মিলনায়তনের সব আসন পূর্ণ হওয়ার পরও অসংখ্য দর্শক নাটক দেখার অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত জায়গা না পেয়ে তাঁদের অনেককেই ফিরে যেতে হয়। দর্শকদের এমন সাড়া মঞ্চনাটকের প্রতি ময়মনসিংহের মানুষের আগ্রহেরও প্রতিফলন ঘটিয়েছে।

নাটকের নির্দেশক ও অনসাম্বল থিয়েটারের কর্ণধার মো. আবুল মনসুর বলেন, অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা হিসেবে ‘পুতুলের বিয়ে’র মঞ্চায়ন দলটির নাট্যযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। শিশুদের বিনোদনের পাশাপাশি অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও সম্প্রীতির যে বার্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর নাটকে তুলে ধরেছেন, বর্তমান সময়েও তার প্রাসঙ্গিকতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আগামীতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সামনে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাফুফে ও এফসি ইমাবারির মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকের দ্বারপ্রান্তে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


বাফুফে ও এফসি ইমাবারির মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকের দ্বারপ্রান্তে

যশোর, ২৯ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি, পাশাপাশি জাপানের পেশাদার ক্লাব এফসি ইমাবারি, ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এর মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন সাধন করা এবং খেলোয়াড় ও কোচ তৈরির ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলা।

এই উদ্যোগের অংশ হিসেবে আজ রোববার সকালে এফসি ইমাবারির একটি প্রতিনিধিদল যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ও স্থানীয় অবকাঠামো পরিদর্শন করেন।

পরিদর্শনের পর একটি ব্রিফিংয়ে জানানো হয়েছে যে, পরবর্তীতে এফসি ইমাবারির আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। তারা আশা করছেন যে, ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

যদি চুক্তিটি বাস্তবায়িত হয়, তাহলে এফসি ইমাবারির সহযোগিতায় উন্নত কোচিং, মেধা অন্বেষণ ও বিকাশ এবং খেলোয়াড় বিনিময় কর্মসূচি পরিচালনা করা সম্ভব হবে। ব্রিফিংয়ে আশা প্রকাশ করা হয়েছে যে, জাপানের পেশাদার লিগের একটি ক্লাবের সঙ্গে এই সহযোগিতা দেশের ফুটবল অবকাঠামোর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় এফসি ইমাবারির স্পন্সর মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোসি উইগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শামসুল বারী শিমুল এবং যুগ্ম পরিচালক মাসুদুর রহমান টনি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে :  রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে। কিন্তু বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে দেশের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প-কারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।

রোববার বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এ সময় ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে। সেইসাথে পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ করতে পেরেছে। তিনি মন্তব্য করেন যে, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অত্যন্ত বাস্তববাদী।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুদকের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুদকের মামলা

বরগুনা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৯ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে পটুয়াখালীতে অবস্থিত দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস দায়িত্ব পালন করেছেন।

জাহাঙ্গীর কবির বরগুনা জেলা পরিষদের সাবেক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে এ নিষেধাজ্ঞা আইনি ভিত্তি পায়।

এদিকে, সাবেক জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের ঘটনায় বরগুনার রাজনৈতিক ও সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে।

তবে মামলার এজাহারে উল্লেখিত সুনির্দিষ্ট অভিযোগ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের পরিমাণ এবং কোন কোন খাতে অনিয়মের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

দুদকের মামলা দায়েরের মধ্য দিয়ে অভিযোগের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শুরু হবে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিকে আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%