প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দর্শকদের উপচে পড়া উপস্থিতি, শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মঞ্চস্থ হয়েছে অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত শিশুতোষ নাটক ‘পুতুলের বিয়ে’। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন মো. আবুল মনসুর।
নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে শিশুদের পুতুলের বিয়েকে কেন্দ্র করে। কমলির দুটি ছেলে পুতুলের একটি ফুচুং, যার চেহারা চীনা আদলের। কিন্তু চেহারার কারণে তাকে জামাই হিসেবে গ্রহণ করতে অনীহা দেখা যায়। অন্যদিকে কমলির আরেক পুতুল ডালিম কুমারের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাকে জামাই করার জন্য মেয়েদের মায়েদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। বিয়ের আয়োজন, হাস্যরস, মান-অভিমান ও নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
তবে নিছক পুতুলের বিয়ের গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয় নাটকটি। শিশুদের খেলার ছলে নজরুল তুলে ধরেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা, নারী-পুরুষের সমতা ও মানবিক মূল্যবোধের বার্তা। হিন্দু-মুসলমানের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা রয়েছে নাটকটির অন্যতম প্রধান বক্তব্যে। পাশাপাশি বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধেও রয়েছে কবির সচেতন অবস্থান। লোকজ ছড়া, গান, হাস্যরস ও গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ নাটকটিকে শিশুদের কাছে উপভোগ্য করে তুলেছে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মো. ইউসুফ আলী, শাহনাজ নাহিদ খান শম্পা, সাবিনা ইয়াসমিন রুবি, ফারজানা হক নীলা, জাকিয়া সুলতানা শম্পা, প্রিয়াঙ্কা প্রিয়া ও অনুশ্রী সাহা মিষ্টি।
নাটকের সেট ও কস্টিউমের দায়িত্বে ছিলেন উজ্জ্বল চৌধুরী। আলোক প্রক্ষেপণে ছিলেন অজিত বনিক, সংগীত প্রক্ষেপণে আসাদুজ্জামান রুবেল, ঢোলে লালচান, মিলনায়তন ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন, এস এম জাহাঙ্গীর আলম, দেবল আদিত্য, আলমগীর হোসেন পাভেল, রিপন গোয়ালা অভি ও জয় ঘোষ।
বাঁশরীর সহযোগিতায় অনসাম্বল থিয়েটার প্রযোজিত নাটকটির উদ্বোধনী পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, গবেষক ও লেখক স্বপন ধর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও নির্দেশক নাট্যজন সৈয়দ মামুন রেজা, নিরাপদ সড়ক চাই, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না এবং চিত্রশিল্পী ও শিক্ষক তাপস মজুমদার।
এ ছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তারেক সালাউদ্দিন, সংস্কৃতিজন সুপ্রিয় বণিক ও জাহাঙ্গীর আকন্দ, লোকজ নাট্যদলের সভাপতি নাট্যজন আবুল কাশেম সরকার, রংধনু থিয়েটারের সভাপতি নাট্যজন হেদায়েতুল হক টিংকু এবং থিয়েটার সংলাপের সভাপতি নাট্যজন সুবির দত্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ নাট্যজন অ্যাডভোকেট আবুল কাশেম, সন্দিপন সাংস্কৃতিক সংস্থার পরিচালক মাহবুব হোসেন খান শরীফ এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাগরণী নাট্যগোষ্ঠীর সভাপতি উত্তম কুমার জয়,বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি চিত্রশিল্পী মো: রাজন, নৃত্যশিল্পী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শেখ আলী হোসেন রনি সহ বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সংগঠক, শিল্পী এবং সংস্কৃতিপ্রেমীরা।
দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। মিলনায়তনের সব আসন পূর্ণ হওয়ার পরও অসংখ্য দর্শক নাটক দেখার অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত জায়গা না পেয়ে তাঁদের অনেককেই ফিরে যেতে হয়। দর্শকদের এমন সাড়া মঞ্চনাটকের প্রতি ময়মনসিংহের মানুষের আগ্রহেরও প্রতিফলন ঘটিয়েছে।
নাটকের নির্দেশক ও অনসাম্বল থিয়েটারের কর্ণধার মো. আবুল মনসুর বলেন, অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা হিসেবে ‘পুতুলের বিয়ে’র মঞ্চায়ন দলটির নাট্যযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। শিশুদের বিনোদনের পাশাপাশি অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও সম্প্রীতির যে বার্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর নাটকে তুলে ধরেছেন, বর্তমান সময়েও তার প্রাসঙ্গিকতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আগামীতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সামনে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন