ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাশার খানের অংশগ্রহণ নিয়ে মধুখালী বিএনপির ক্ষোভ


প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাশার খানের অংশগ্রহণ নিয়ে মধুখালী বিএনপির ক্ষোভ

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের জন্য তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলে ফরিদপুরের মধুখালীর পাট ব্যবসায়ী আবুল বাশার খানের অন্তর্ভুক্তি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের অভিযোগ, আবুল বাশার খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এছাড়া সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, যার ফলে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরাজিত হন বলে দলের নেতাকর্মীরা মনে করেন।

এ ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহুরুল ইসলাম লিটনসহ যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন: সাংবাদিকের নৈতিক কর্তব্য পেশাগত সততা বজায় রাখা: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

মধুখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের পদধারী এবং বিগত নির্বাচনে বিএনপি প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করা একজন ব্যক্তি কীভাবে ও কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন, তা অত্যন্ত দুঃখজনক।

নেতৃবৃন্দ আরও দাবি করেছেন, আবুল বাশার খান এখনও আওয়ামী লীগের পদে বহাল থাকায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর তুরস্ক সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। প্রতিনিধিদল চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এ বিষয়ে আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তাঁরা। ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুন: মসলার আড়ালে হংকং থেকে ৩০ কেজি সিসা উদ্ধার, গ্রেপ্তার ৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


চট্টগ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক হোসেন গ্রেপ্তার

চট্টগ্রাম, ১২ নভেম্বর ২০২৬ : নোয়াখালীর সুধারাম থানার দুটি ডাকাতি ও চুরির মামলায় তদন্তের প্রেক্ষিতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ফারুক হোসেন, যিনি শুভ নামেও পরিচিত, চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম চর উরিয়া এলাকার সাহাব উদ্দিনের পুত্র।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ডিটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালায় এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১১ নারায়ণগঞ্জের যৌথ দল। এ সময় তারা নোয়াখালীর সুধারাম মডেল থানার দুটি মামলার তদন্তে পলাতক আসামি হিসেবে শনাক্ত ফারুককে গ্রেপ্তার করে।

এসআরবি জানায়, ফারুকের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা গত ৩০ জুলাই দায়ের করা ডাকাতির মামলা এবং অন্যটি ২২ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার শুভ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনের অস্থিরতা কমাতে কাগজে লিখুন আপনার ভাবনাগুলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


মনের অস্থিরতা কমাতে কাগজে লিখুন আপনার ভাবনাগুলো

কখনো কখনো মন অস্থির হয়ে ওঠে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই। মাথার ভেতর ঘুরতে থাকে বিভিন্ন চিন্তা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কিংবা অতীতের কোনো ঘটনা। একই বিষয় বারবার ভাবতে গিয়ে মনোযোগ নষ্ট হয়ে যায় এবং দৈনন্দিন কাজেও তৈরি হয় অনীহা। এমন পরিস্থিতিতে মনের ভেতর জমে থাকা ভাবনাগুলো কাগজে লিখে ফেলার অভ্যাস কিছুটা স্বস্তি প্রদান করতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডের প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ডায়েরি লেখার অভ্যাস উদ্বেগ ও নেতিবাচক চিন্তার চাপ মোকাবেলায় সহায়ক হতে পারে। নিজের ভাবনা ও অনুভূতি লিখে রাখলে সেগুলোকে নতুনভাবে বোঝার সুযোগ সৃষ্টি হয়। এ জন্য খুব সুন্দর করে লেখা কিংবা দীর্ঘ সময় ধরে ডায়েরি লেখার প্রয়োজন নেই।

কেন উপকারী ডায়েরি লেখা

কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকলে অনেক সময় একই ভাবনা বারবার মাথায় ঘুরতে থাকে। কী ঘটতে পারে, কোনো কিছু ভুল হলে কী হবে কিংবা কোনো সিদ্ধান্ত ঠিক হয়েছে কি না—এমন নানা প্রশ্ন মনের অস্থিরতা বাড়িয়ে দেয়।

এ অবস্থায় নিজের ভাবনাগুলো কাগজে লিখলে সেগুলোকে গুছিয়ে দেখার সুযোগ পাওয়া যায়। কী নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, কোন বিষয়টি বেশি ভাবাচ্ছে এবং কোন অনুভূতি থেকে অস্থিরতা তৈরি হচ্ছে, তা বুঝতে সুবিধা হয়।

হাতে লিখতে গেলে ভাবনা সাজানো, স্মৃতি থেকে তথ্য মনে করা এবং অনুভূতিকে ভাষায় প্রকাশ করার মতো মানসিক প্রক্রিয়ায় যুক্ত হতে হয়। এতে নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেতে পারে।

অনেক সময় মনের মধ্যে কোনো সমস্যা যত বড় মনে হয়, লিখে দেখার পর সেটি ভিন্নভাবে উপলব্ধি করা সম্ভব হয়। একই সঙ্গে কোন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বা কোন বিষয়গুলো বারবার নেতিবাচক চিন্তার জন্ম দেয়, তা শনাক্ত করাও সহজ হতে পারে।

শিশুদের জন্যও উপকারী হতে পারে

শুধু বড়দের নয়, শিশু-কিশোরদেরও আবেগ ও অনুভূতি বুঝতে ডায়েরি লেখা সাহায্য করতে পারে। পড়াশোনা, বন্ধুত্ব, পারিবারিক বিষয় কিংবা সামাজিক চাপ নিয়ে তাদের মনে নানা ধরনের চিন্তা তৈরি হয়। কিন্তু অনেক সময় তারা সেসব অনুভূতি প্রকাশ করতে পারে না।

ছোট শিশুদের ক্ষেত্রে ছবি আঁকা কিংবা কয়েকটি শব্দ লিখে মনের অবস্থা প্রকাশের সুযোগ দেওয়া যেতে পারে। প্রয়োজনে অভিভাবকেরা তাদের অনুভূতিগুলো বাক্যে প্রকাশ করতে সাহায্য করতে পারেন। কিশোর-কিশোরীদের জন্য ব্যক্তিগত ডায়েরি হতে পারে নিজের ভাবনা প্রকাশের একটি নিরাপদ জায়গা।

কী লিখবেন বুঝতে না পারলে

ডায়েরি লেখার অভ্যাস শুরু করতে বিশেষ কোনো নিয়মের প্রয়োজন নেই। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে নিজের মনের কথা লিখতে পারেন। কী লিখবেন বুঝতে না পারলে কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করা যেতে পারে।

এই মুহূর্তে কোন বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে?

এমন কিছু কি আছে, যা কাউকে বলতে চাই কিন্তু বলা হয়নি?

কোন বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে আছে, আর কোনগুলো নেই?

আমার কোনো বন্ধু এমন পরিস্থিতিতে পড়লে তাকে কী পরামর্শ দিতাম?

আজকের দিনে ভালো কী ঘটেছে?

এই মুহূর্তে আমার কী প্রয়োজন?

এসব প্রশ্নের উত্তর লিখতে গিয়ে নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি হতে পারে।

নিজের জন্য রাখুন কিছুটা সময়

ডায়েরি লেখা উদ্বেগ দূর করার কোনো জাদুকরি উপায় নয়। কাগজে মনের কথা লিখলেই সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, এমনটিও নয়। তবে এটি চিন্তা থেকে কিছুটা দূরত্ব তৈরি করতে, আবেগ বুঝতে এবং মানসিক অস্থিরতার কারণ খুঁজে পেতে সহায়তা করতে পারে।

ব্যস্ত জীবনে কাজ, পড়াশোনা, পরিবার ও নানা দায়িত্বের কারণে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। অথচ প্রতিদিন কিছুটা সময় নিজের ভাবনা নিয়ে নিরিবিলি বসাও গুরুত্বপূর্ণ।

তাহলে কিছু সময়ের জন্য ফোন বা কম্পিউটার থেকে দূরে সরে একটি খাতা ও কলম হাতে নিতে পারেন। সুন্দর ভাষা, নিখুঁত বানান কিংবা গোছানো বাক্যের প্রয়োজন নেই। যা মনে আসে, নিজের মতো করে লিখে ফেলুন। কখনো কখনো মনের ভেতরের কোলাহল কমানোর শুরুটা হতে পারে কাগজে কয়েকটি কথা লিখে ফেলার মধ্য দিয়েই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে দুই সরকারি অফিসে আগুন, নথিপত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


খাগড়াছড়িতে দুই সরকারি অফিসে আগুন, নথিপত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

খাগড়াছড়ি সদর উপজেলার ভূমি অফিস এবং উপজেলা সমাজসেবা অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে উভয় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে।

এই ঘটনা ঘটে বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে।

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি অফিসে আসেন। তখন আগুন নেভানোর কাজ সম্পন্ন হয়েছে। আগুনের ফলে তার অফিসের ল্যাপটপ, ডেস্কটপ এবং বিভিন্ন নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চম্পক কান্তি চাকমা আরও জানান, পরে ইউএনও, ওসি এবং অন্যদের নিয়ে অফিসের পেছনে গেলে একটি কেরোসিনের বোতল ও টিন দেখতে পান। সেখান থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে ভূমি অফিসের কানুনগোর নথিপত্র সংরক্ষণের কক্ষে আগুন লাগানো হয়েছে। প্রাথমিকভাবে এটি রাজনৈতিক নাশকতা বলে মনে হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের চেয়ে বেশি: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের চেয়ে বেশি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এত সুষ্ঠু নির্বাচন অতীতে কখনো অনুষ্ঠিত হয়নি। বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।’

তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনই প্রহসনের ছিল। তিনি বলেন, ‘মানুষ সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। ত্রয়োদশ নির্বাচনের মতো আরও দু-তিনটি নির্বাচন হলেই গণতন্ত্র ঠিক হয়ে যাবে।’

হাফিজ উদ্দিন আহমদ নির্বাচন কমিশনকে (ইসি) দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%