প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের জন্য তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলে ফরিদপুরের মধুখালীর পাট ব্যবসায়ী আবুল বাশার খানের অন্তর্ভুক্তি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের অভিযোগ, আবুল বাশার খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এছাড়া সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, যার ফলে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরাজিত হন বলে দলের নেতাকর্মীরা মনে করেন।
এ ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহুরুল ইসলাম লিটনসহ যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মধুখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের পদধারী এবং বিগত নির্বাচনে বিএনপি প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করা একজন ব্যক্তি কীভাবে ও কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন, তা অত্যন্ত দুঃখজনক।
নেতৃবৃন্দ আরও দাবি করেছেন, আবুল বাশার খান এখনও আওয়ামী লীগের পদে বহাল থাকায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর তুরস্ক সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। প্রতিনিধিদল চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এ বিষয়ে আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তাঁরা। ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন