১১:২৭ পি.এম
দেশের প্রান্তিক জনগণের নাগরিক সেবা সহজ ও নির্ভুলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৃণমূল স্তরে গ্রাম সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে সরকার। স্থানীয় প্রশাসনের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও নির্ভুল ও সুশৃঙ্খল করার চিন্তাভাবনা চলছে, এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী মন্তব্য করেন, ‘বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের ভুল ও জটিলতা দেখা দিচ্ছে। দেশের মোট জনসংখ্যার সঠিক হিসাব ছাড়া সঠিক পরিকল্পনা প্রণয়ন করা কঠিন হয়ে পড়ে। খাদ্যের চাহিদা নিরূপণ, পুষ্টি চাহিদা পূরণ, শিশুদের টিকাদান কর্মসূচি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে একটি নির্ভুল ডেটাবেজ থাকা অত্যন্ত জরুরি।’
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এআই ক্যামেরা স্থাপন হচ্ছে
জন্মনিবন্ধন সনদ শিশুর আইনি পরিচিতি ও অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘জন্মনিবন্ধন সনদের ওপর ভিত্তি করেই শিশুর জন্মতারিখ, জন্মস্থান, পিতৃত্ব ও মাতৃত্ব এবং জাতীয়তা প্রতিষ্ঠিত হয়।’
তিনি আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের ভিত্তিতে দেশের গ্রাম সরকার ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ১৯৮০ ও ২০০৩ সালের গ্রাম সরকার সংক্রান্ত আইনগুলোকে সমন্বিত করে একটি নতুন ও যুগোপযোগী গ্রাম সরকার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, এই ব্যবস্থার মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করে জন্ম এবং মৃত্যু নিবন্ধনের কাজগুলো তৃণমূল মানুষের একেবারে কাছাকাছি নিয়ে যাওয়া হবে। এতে সাধারণ মানুষের সেবা পাওয়ার ভোগান্তি কমবে এবং ডেটাবেজে ভুয়া ও দ্বৈত এন্ট্রি রোধ করা সম্ভব হবে।
তিনি জানান, ইতোমধ্যে সরকার প্রতিটি নাগরিকের জন্য ‘একক ডিজিটাল আইডি’ (ওয়ান সিটিজেন, ওয়ান আইডি) ও ডিজিটাল ওয়ালেট চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ‘বিডিআরআইএস’ নামক জন্ম ও মৃত্যু নিবন্ধন পদ্ধতিকে পুনরায় ঢেলে সাজানো হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সিস্টেমে ‘বিডিআরআইএস’ হলো এই উদ্যোগের প্রাথমিক বা প্রাইমারি সিস্টেম। তাই এই সিস্টেমের তথ্য ভুল হলে সরকারের উদ্যোগটি হুমকির মুখে পড়বে।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন