সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৬ পি.এম
শ্রমিকদের অসন্তোষের কারণে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কর্তৃপক্ষ ২১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারার আওতায় ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া, দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে নির্ধারিত সময় অনুযায়ী শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও বেশ কিছু কারখানায় তাঁরা কর্মবিরতি পালন করেন এবং কাজ করেননি। শ্রমিকদের অসন্তোষের আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হন।
এদিকে, সকাল সোয়া ৯টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় একদল বিক্ষোভকারী সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা একটি বাসের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং আশপাশের কয়েকটি কারখানায়ও হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কর্তৃপক্ষ আশুলিয়ার বিভিন্ন স্থানে ২১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি চলমান আন্দোলনের কারণে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া, নেক্সট কালেকশনসহ ২২টি কারখানা বন্ধ রয়েছে। দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন। তবে কিছু কারখানায় শ্রমিকেরা কাজ না করে বসে থাকলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে আশপাশের আরও কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া খুদে বার্তায় জানান, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের কারখানার উচ্ছৃঙ্খল শ্রমিকেরা প্রথমে শিক্ষার্থীদের পরিবহন করা একটি বাসে হামলা করেন। পরে পাশের কারখানায় হামলা চালালে তাঁদের সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
তিনি আরও জানান, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলসহ বিভিন্ন বস্তুর আঘাতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাঁদের অবস্থা ভালো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান জানিয়েছেন যে, বিশ্বব্যাংক রাজধানীর বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে মডেল প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করবে।
সচিবালয়ে সোমবার (২৩ নভেম্বর) বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদানের কথা আগেই ঘোষণা করা হয়েছিল, যা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমানের টেকসই উন্নয়নে কাজে লাগবে।
এদিকে, বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে জানান, ঢাকাকে আরও বসবাসযোগ্য করে তোলা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে আগ্রহী সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির অভিযোগে কালো বোরকা পরা চার নারীকে আটক করেছেন হাসপাতালের আনসার সদস্যরা। সোমবার (২৩ নভেম্বর) সকালে হাসপাতালের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক নারীদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের নাম আয়শা (২২), মিতু (২২) ও মরিয়ম (২৮) বলে জানিয়েছেন। বাকি একজনের পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক নারীরা ভাসমান বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গেলেও পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে ওই চার নারী স্বর্ণের চেইন ও কানের দুলসহ মূল্যবান জিনিসপত্র চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তাঁদের ধরে ফেলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই চার নারী কালো বোরকা পরে ওয়ার্ড, টিকিট কাউন্টার ও বারান্দায় ঘোরাফেরা করছিলেন। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আনসার সদস্যরা তাঁদের ওপর নজর রাখেন। একপর্যায়ে এক রোগীর স্বজন চিৎকার করে উঠলে আনসার সদস্যরা দ্রুত তাঁদের আটক করেন।
এক আনসার সদস্য বলেন, ‘আমরা অনেকক্ষণ ধরে তাঁদের লক্ষ্য করছিলাম। তাঁরা রোগী দেখতে আসেননি, বারবার ভিড়ের মধ্যে ঢুকছিলেন। সন্দেহ হওয়ায় আমরা তাঁদের আটক করে পুলিশকে খবর দিই।’
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্দেহজনক চার নারীকে আনসার সদস্যরা আটক করার পর আমরা পুলিশে খবর দিই এবং তাঁদের থানায় সোপর্দ করি। এ ধরনের ঘটনা ঠেকাতে আনসারদের টহল ও সিসিটিভি ক্যামেরা নজরদারি বাড়ানো হয়েছে। রোগী ও স্বজনদেরও নিজেদের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখার অনুরোধ করছি।’
কালিয়াকৈর থানা-পুলিশ জানিয়েছে, আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মধ্যে সতর্কতা তৈরি হয়। এক রোগীর স্বজন বলেন, ‘হাসপাতালে এসেও যদি চুরির শঙ্কা থাকে, তাহলে মানুষ কোথায় যাবে? আনসার সদস্যরা ধরেছেন, এটি ভালো হয়েছে।’ আরেক নারী রোগী বলেন, ‘ভিড়ের মধ্যে কে কখন হাত দেয়, বোঝা যায় না। এখন থেকে আরও সাবধান থাকতে হবে।’
স্থানীয় বাসিন্দারা হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ও আনসার সদস্যের সংখ্যা বাড়ানোসহ নিয়মিত নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর চিকিৎসাসেবায় দীর্ঘদিন ধরে আলোচিত একটি প্রতিষ্ঠান শরীফ হোসেন–সোনাবানু স্পেশালাইজড হাসপাতাল।
অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এখানে বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। রোগীদের সুবিধার্থে পরীক্ষার রিপোর্ট অনলাইনে পাওয়ার ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের চিকিৎসকদের উপস্থিতিতে প্রতিদিনই চলছে চিকিৎসাসেবা কার্যক্রম।
আধুনিক চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালটি পটুয়াখালীসহ বরিশাল বিভাগের মানুষের কাছে একটি পরিচিত চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ