সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০২:২৭ পি.এম
নতুন প্রিক্যুয়েল সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ গত ১২ বছরের মধ্যে ‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় অভিষেক ঘটিয়েছে। বক্স অফিস মোজোর স্টুডিওর হিসাব অনুযায়ী, ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহগুলোতে আনুমানিক ১২০ মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্বব্যাপী এর উদ্বোধনী আয় ২২৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
লায়ন্সগেটের এই সিনেমাটি তরুণ হেইমিচ অ্যাবারনাথিকে নিয়ে নির্মিত হয়েছে এবং এটি ৪ হাজার ১৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। প্রতিটি প্রেক্ষাগৃহ থেকে গড়ে ২৯ হাজার ৮৬৫ ডলার আয় হয়েছে। ‘দ্য নাম্বারস’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) ছবিটি ৫৬ মিলিয়ন ডলার আয় করে, যার মধ্যে প্রিভিউ স্ক্রিনিং থেকেই এসেছে ২১ মিলিয়ন ডলার। শনিবার (২১ নভেম্বর) ছবিটি ৩৬.৩ মিলিয়ন ডলার আয় করে এবং রবিবারে (২২ নভেম্বর) আনুমানিক ২৭.৭ মিলিয়ন ডলার আয়ের খবর পাওয়া গেছে।
বিদেশের বাজার থেকে সিনেমাটি আনুমানিক ১০৫ মিলিয়ন ডলার আয় করেছে। ১৫০ মিলিয়ন ডলার নির্মাণ ব্যয়ের ছবিটি মুক্তির প্রথম সপ্তাহের শেষে বাজেট ছাড়িয়ে গেছে বলে বক্স অফিস বিশ্লেষণে উঠে এসেছে।
ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে অবস্থান নিয়ে বক্স অফিস মোজো জানিয়েছে, মুক্তি পাওয়া ছয়টি ‘হাঙ্গার গেমস’ সিনেমার মধ্যে ‘সানরাইজ অন দ্য রিপিং’-এর উত্তর আমেরিকার উদ্বোধনী আয় চতুর্থ বৃহত্তম। আগের প্রিক্যুয়েল ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর তুলনায় এটি প্রায় ২.৭ গুণ বেশি আয় দিয়ে যাত্রা শুরু করেছে।
সপ্তাহের শেষে বক্স অফিসে অন্য কোনো সিনেমা এই ছবির ধারেকাছেও আসতে পারেনি। ‘দ্য নাম্বারস’-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহগুলোতে মোট টিকিট বিক্রির প্রায় ৭২ শতাংশই ছিল ‘সানরাইজ অন দ্য রিপিং’-এর দখলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার লাকসাম থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতা মহিন উদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করেছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় পুলিশ নরপাটি বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী যুবলীগ নেতা মহিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মহিন লাকসাম (পূর্ব) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পশ্চিম সাহেবপাড়া গ্রামের মৃত আলী আহম্মদের পুত্র।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মহিন উদ্দিনকে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধিত-২০১৩) এর আওতায় একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি কাজী কামরুন্নাহার লাইলী জানিয়েছেন, ‘গ্রেপ্তার যুবলীগ নেতা মহিন উদ্দিনকে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ