বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:২৫ পি.এম
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান পবিত্র মক্কা মুকাররমাকে লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা, ক্ষোভ ও ধিক্কার প্রকাশ করেছেন।
আজ (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, "পবিত্র মক্কা ও মদীনা শরীফ বিশ্বের শতকোটি মুসলিমের ঈমানি কেন্দ্রবিন্দু, হৃদয়ের স্পন্দন ও আস্থার সর্বোচ্চ প্রতীক।" তারা বলেন, "মক্কা মুকাররমা ও বায়তুল্লাহর পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর নিকট জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব।" নেতৃদ্বয় আরও জানান, "পবিত্র হারামাইন শরীফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর যেকোনো দুঃসাহস ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে চরম উসকানিমূলক পদক্ষেপ এবং এটি সহ্যসীমার চূড়ান্ত লঙ্ঘন।"
নেতৃদ্বয় জোর দিয়ে বলেন, "রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে ক্বাবাশরীফ ও পবিত্র মক্কা নগরীকে টেনে আনা এক জঘন্য অপরাধ, যা বিশ্বের প্রতিটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত হেনেছে।" তারা সতর্ক করেন, "এ ধরনের ধৃষ্টতাপূর্ণ অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা যায় না।" পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মুসলিম বিশ্বকে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা ওআইসি (OIC) ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ইয়েমেনসহ সমগ্র মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।"
বিবৃতিতে নেতৃদ্বয় সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পবিত্র ভূমি রক্ষায় বিশ্ব মুসলিম উম্মাহকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি পঞ্চায়েতপাড়া গ্রামের শতবর্ষী সাজিরন বেওয়ার মানবেতর জীবনযাপনের খবর নজরে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের নির্দেশনায় নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাজিরন বেওয়াকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, মহিলা সদস্য নওরোজ জাহানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জানা গেছে, বয়সের ভারে সাজিরন বেওয়া বর্তমানে নিজে চলাফেরা ও ভিক্ষা করতে অক্ষম। দীর্ঘদিন ধরে তাঁর মেয়ে ভিক্ষা করে যে সামান্য আয় করেন, তা দিয়েই কোনোভাবে মা-মেয়ের সংসার চলছিল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাজিরন বেওয়া। এ সময় তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের জন্য দোয়া করেন।
স্থানীয়রা জানান, অসহায় ও বয়স্ক মানুষের পাশে প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা তৈরি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এসি অলক, ওসি মামুন ও ওসি তদন্ত লুৎফুরের নেতৃত্বে কৌশলী অভিযানে রাত সাড়ে ৩টায় পুলিশের সাফল্য।
নিষিদ্ধ বরিশাল মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তারে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান শুরু করে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল। দীর্ঘ সময় ধৈর্য ধরে কৌশলগত অবস্থান বজায় রাখার পর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযানকারী দল।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) অলক কান্তি শর্মা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লুৎফুর রহমান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে কৌশলগতভাবে অবস্থান নেয় অভিযানকারী দল। দীর্ঘ সময় অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর রূপাতলী হাউজিং এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি তালাশ বিডিকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
কাওসার হোসেন শিপন রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় কাওসার হোসেন শিপনের ব্যাপক প্রভাব ছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এ নিয়ে তার অনুসারীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদের অনুসারীদের মধ্যে বিভিন্ন সময়ে বিরোধ ও সংঘাতের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন ঘটনায় কাওসার হোসেন শিপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান বলেও পুলিশ দাবি করেছে।
# পুলিশের বক্তব্য
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিং এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসি অলক কান্তি শর্মা, ওসি আল মামুন উল ইসলাম ও ওসি তদন্ত লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা দীর্ঘ সময় ধৈর্য ও কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে অভিযানকারী দল কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত কাওসার হোসেন শিপনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ২০২৬ - সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে সফল অভিযান পরিচালনা করে তিন কোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে।
১ম অভিযান: সোনামসজিদ বিওপি
গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৪৫ ঘটিকায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। টহল দলটি সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামস্থ শাহাবাজপুর কলেজের সম্মুখস্থ পাকা রাস্তায় একটি মালিকবিহীন ভারতীয় ট্রাক (রেজিঃ নম্বরবিহীন) তল্লাশী করে। এসময় ট্রাকে রক্ষিত পাথরের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকায়িত অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং ৫টি বেনারসি শাড়ী উদ্ধার করা হয়। জব্দকৃত ভারতীয় ট্রাক এবং চোরাচালানী পণ্যগুলোর সর্বমোট আনুমানিক মূল্য ২,৫৭,৭৯,০০০ (দুই কোটি সাতান্ন লক্ষ ঊনআশি হাজার) টাকা।
২য় অভিযান: খড়কপুর বিওপি
পরের দিন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ৮:৪০ ঘটিকায়, খড়কপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এই অভিযানটি সীমান্ত পিলার ২০১/৮৩-এস হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে, ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলীমোড় গ্রামস্থ পাকা রাস্তায় চালানো হয়। টহলদলটি ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করে এবং ১টি ইজিবাইক জব্দ করে। জব্দকৃত মালামাল এবং ইজিবাইকটির মোট আনুমানিক মূল্য ৪৯,১৫,০০০ (ঊনপঞ্চাশ লক্ষ পনের হাজার) টাকা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজিবি'র প্রতিক্রিয়া: জব্দকৃত চোরাচালানী পণ্যের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, "বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের স্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে রংপুরসহ উত্তরের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পাউবো উল্লেখ করেছে, উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, যমুনা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতলও হ্রাস পেয়েছে, যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় ভিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। ধরলা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তিস্তা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে।
এই অবস্থায়, আগামী ২৪-৭২ ঘণ্টায় ভিস্তা নদী নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সামরিকভাবে প্লাবিত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ