মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
০৮:৪৩ পি.এম
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ছাতিয়াইন ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী বাহার উদ্দিন মাহবুবী অভিযোগ করেছেন যে, তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছে এবং তার নাম ও পরিচয় ব্যবহার করে অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে।
সম্প্রতি, তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন যে, কয়েকদিন ধরে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চলছে, তবে সেটি এখনও সফল হয়নি। তিনি দাবি করেন যে, তার ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে।
স্ট্যাটাসে ক্বারী বাহার উদ্দিন মাহবুবী লিখেছেন, "আমার আইডি কয়েকদিন ধরে হ্যাক করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে, এখন আমার ছবি এবং নাম ব্যবহার করে কে বা কারা অনলাইনে অপপ্রচার চালানোর চেষ্টা চালাচ্ছে। আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশি দূর যেতে পারবে না, ইনশাআল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ।"
তিনি তার অনুসারীদের ভুয়া আইডি বা বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের এক প্রবাসীর বাড়ি থেকে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুনবাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে বালুচর এলাকার বাসিন্দা ইনরুস আলীর ছেলে আবু শিতাব (৪০) ও মো. ফিরুজ মিয়ার ছেলে মো. মহর আলী (২৪) রয়েছেন।
র্যাব-৯ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সিসিকের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির নিচতলার একটি স্টোররুম থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
এ উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৪৫০ লিটারেরও বেশি পরিমাণ বিদেশের নামি ব্র্যান্ডের ৮৮২ বোতল মদ। উদ্ধার হওয়া এসব বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি। একই সাথে অভিযান চলাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে র্যাব-৯ সিপিসি ১-এর কম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, ‘এটি আবাসিক এলাকায় পরিচালিত গোপন মদের গুদাম।
দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বিদেশি মদের চালানের তথ্য পাওয়া গেলেও গুদামটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এবার সেই গুদাম শনাক্ত করে অভিযান চালানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া আলামত আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর নগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী, কাপড়, নকল বিড়ি-সিগারেটসহ বিভিন্ন পণ্য রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জব্দ করেছে। এই ঘটনায় লাভলু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে আরএমপি সদর দপ্তরের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যান থেকে ১৫ বস্তা ভারতীয় প্রসাধনী, ৯ বস্তা ভারতীয় কাপড়, দেড় লাখ শলাকা নকল বিড়ি, ২৩ বস্তা নকল ব্র্যান্ডের সিগারেট, ২ বস্তা নকল আকিজ বিড়ি এবং ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় লাভলু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে আরও জানান, গত তিন মাসের মধ্যে আরএমপি বিভিন্ন অভিযানে ৩১৬ জন পরোয়ানাভুক্ত আসামি, ২৮২ জন মাদক কারবারি, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) তামা চোর চক্রের ৫৩ সদস্য, নারী ও শিশু নির্যাতনের মামলার ৩২ আসামি, হত্যা মামলার ৫ আসামি, নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্য এবং বিভিন্ন মামলার আরও ৯২৬ আসামিকে গ্রেপ্তার করেছেন।
এছাড়া, ১০ বস্তা তামার তার, ৩ হাজার ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২০ কেজি গাঁজাসহ ফেনসিডিল, ট্যাপেন্টাডল ও মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অনলাইন ও অফলাইন জুয়া বন্ধের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তথ্য সংগ্রহ করার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, নগরীতে যানজট কমাতে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরএমপির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, মাহফুজুর রহমান, মারুফ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকার ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টির মতো ভারতীয় গরু আটক এবং একটি স্টিলের তৈরি নৌকা জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৯ জুলাই) ভোর রাতে, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা বিওপির এলাকার বাকাতলা থেকে গরুগুলো আটক করেন।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি ভারতীয় মাঝারি গরু একটি স্টিলবডি নৌকা ব্যবহার করে পাচারের সময়, মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা বিওপির বাকাতলা এলাকা থেকে আটক করা হয়েছে।
এই ঘটনার সময়, চোরাচালানের কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে। আটককৃত ২৮টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা।
এদিকে, ভারত থেকে অবৈধভাবে গরু আটক ও নৌকা জব্দ করা সম্ভব হলেও, চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু আটক করা হয়েছে এবং একটি নৌকা জব্দ করা হয়েছে। গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক (বিবি) ‘ব্যাংক-মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামো’ চালু করেছে।
এ কাঠামোর লক্ষ্য হচ্ছে দেশের লেনদেন অবকাঠামো আধুনিকায়ন, বৈদেশি রেমিট্যান্স প্রেরণ সহজ করা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা।
এ লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) আজ একটি সার্কুলার জারি করেছে।
নতুন কাঠামোর আওতাধীন অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট সেবা প্রদান করতে সক্ষম হবে।
সার্কুলার অনুযায়ী, যেসব ব্যক্তির অনুকূলে বৈদেশিক মুদ্রা ছাড় করা হবে, তাদের জন্য এডি ব্যাংকগুলো ডিজিটাল ওয়ালেট এবং ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) নামে পরিচিত সংরক্ষিত মূল্যভিত্তিক (স্টোরড-ভ্যালু) হিসাব খোলার সুবিধা দিতে পারবে।
প্রত্যেকটি ডিভিএ সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালিত একটি মাস্টার ডিভিএ বা সেটেলমেন্ট হিসাবের সঙ্গে সংযুক্ত থাকবে এবং এটি একটি উপ-হিসাব (সাব-অ্যাকাউন্ট) হিসেবে পরিচালিত হবে। এর মাধ্যমে ব্যাংক সব ধরনের লেনদেনের পূর্ণ তদারকি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারবে।
নতুন কাঠামোর আওতায় দেশের বাসিন্দারা ব্যক্তিগত, চিকিৎসা ও দাপ্তরিক সফরসংক্রান্ত ব্যয় নির্বাহে ডিভিএ ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত আন্তঃসীমান্ত অনলাইন পেমেন্ট করা যাবে।
অতিরিক্তভাবে, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ভিসা প্রসেসিং ফি, সদস্যপদ নবায়ন এবং অনলেন হোটেল বুকিংয়ের অর্থ পরিশোধেও এই হিসাব ব্যবহার করা যাবে।
ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বোচ্চ তিনজন শীর্ষ কর্মকর্তা এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবের বিপরীতে প্রকৃত বৈদেশিক ব্যবসায়িক ব্যয় নির্বাহের জন্য ডিভিএ সুবিধা ব্যবহার করতে পারবেন।
স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক নির্দেশনা প্রতিপালনের স্বার্থে, ব্যাংকগুলোকে ডিভিএ-সংক্রান্ত সব লেনদেনের মিরর লেজার সংরক্ষণ এবং অংশীদার সিডিপিএসপির সঙ্গে রিয়েল-টাইম সিস্টেম সংযোগ স্থাপন করতে হবে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ডিভিএতে অব্যবহৃত অর্থ ব্যাংকের নিয়ন্ত্রণেই থাকবে এবং বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুযায়ী তা দেশে সমন্বয় করা হবে।
সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোকে কঠোর গ্রাহক পরিচিতি (কেওয়াইসি), গ্রাহক যাচাই (সিডিডি) এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) ব্যবস্থা অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।
নতুন এই কাঠামোর আওতায় বৈদেশিক অর্থ প্রেরণ সেবা চালু করতে আগ্রহী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পূর্বানুমোদন স্বীকৃতি নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ