০৮:৫১ পি.এম
রংপুর নগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী, কাপড়, নকল বিড়ি-সিগারেটসহ বিভিন্ন পণ্য রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জব্দ করেছে। এই ঘটনায় লাভলু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে আরএমপি সদর দপ্তরের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যান থেকে ১৫ বস্তা ভারতীয় প্রসাধনী, ৯ বস্তা ভারতীয় কাপড়, দেড় লাখ শলাকা নকল বিড়ি, ২৩ বস্তা নকল ব্র্যান্ডের সিগারেট, ২ বস্তা নকল আকিজ বিড়ি এবং ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় লাভলু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা
পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে আরও জানান, গত তিন মাসের মধ্যে আরএমপি বিভিন্ন অভিযানে ৩১৬ জন পরোয়ানাভুক্ত আসামি, ২৮২ জন মাদক কারবারি, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) তামা চোর চক্রের ৫৩ সদস্য, নারী ও শিশু নির্যাতনের মামলার ৩২ আসামি, হত্যা মামলার ৫ আসামি, নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্য এবং বিভিন্ন মামলার আরও ৯২৬ আসামিকে গ্রেপ্তার করেছেন।
এছাড়া, ১০ বস্তা তামার তার, ৩ হাজার ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২০ কেজি গাঁজাসহ ফেনসিডিল, ট্যাপেন্টাডল ও মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অনলাইন ও অফলাইন জুয়া বন্ধের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তথ্য সংগ্রহ করার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, নগরীতে যানজট কমাতে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরএমপির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, মাহফুজুর রহমান, মারুফ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে ১৮টি ভারতীয় কম্বলসহ যুবক গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন