শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০২:২৪ পি.এম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত বালু সংরক্ষণ গেইট এলাকায় কয়েক রাউন্ড গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। একই দিন বিকেলে স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা মিনার মেম্বারকে আটক করার পর তার সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়ার বন এলাকা কানছিরাঘোনায় গুলি বর্ষণ ও রাতে সড়ক অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে জব্দকৃত বিপুল পরিমাণ বালু সংরক্ষণের জন্য উক্ত এলাকার রাস্তার উপর গাছের গেইট নির্মাণ করেন। কিছুক্ষণ পর সেখানে উপুর্যপুরী কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের শব্দ শোনা যায়, যা আশপাশের এলাকায় আতংক সৃষ্টি করে।
ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দকৃত বালু সংরক্ষণে রাস্তার উপর পুনরায় গাছের গেইট নির্মাণ করার পর স্থানীয়রা জানান, সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ হয়েছে। তিনি আরও জানান, গত ২৪ অক্টোবর ইউএনও মংচিংনু মারমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দের পরদিন তা সংরক্ষণে আরেকটি গেইট নির্মাণ করা হয়েছিল। রাতের আঁধারে তা ভেঙে বালুখেকোরা জব্দকৃত বিপুল পরিমাণ বালু লুট করে। আজ আবারো গেইট নির্মাণ করার পর এ গুলি বর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, চিহ্নিত বালু খেকোচক্রের অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দের পর থেকে তারা বেপরোয়া হয়ে উঠেছে। এর ফলস্বরূপ এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে এসব অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, একই দিন বিকালে ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও কালিরছড়া ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারকে তেঁতুলতলী থেকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন, তবে কী অভিযোগে এবং কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেননি।
এদিকে মিনার মেম্বারকে আটকের প্রতিবাদে রাত ১০টার দিকে উপজেলার কালিরছড়া মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা। এ সময় সড়কের উভয় পাশে বেশ কিছু দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং যানচলাচল স্বাভাবিক করে বলে নিশ্চিত করেন ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে, স্ত্রীর সঙ্গে অভিমান করে ইকবাল হোসেন নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সোনাকাটিয়া গ্রামের আলকাছ মিয়ার পুত্র এবং সাবেক কাউন্সিলর মোখলেসুর রহমানের ভাতিজা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে সম্প্রতি ইকবাল হোসেনের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এ অভিমান থেকে শুক্রবার সকালে ইকবাল হোসেন ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। ইকবাল হোসেন ব্যক্তিগত জীবনে এক সন্তানের পিতা ছিলেন।
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক লিটন চাকমা জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’। এ সম্মেলনটি বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোট ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন। অনুষ্ঠানে থিম স্পিকার হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস।
আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’, যা ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং কাজী নজরুল ইসলামের সিলেটে আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজে মুক্তবুদ্ধির চর্চার বিকাশ এবং বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। সিলেটে কাজী নজরুল ইসলামের আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এই দুটি ঐতিহাসিক প্রসঙ্গকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার এবং সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি। সাম্য ও মানবতার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তার লেখনী আবহমানকাল ধরে প্রাসঙ্গিক। এই সম্মেলনের মাধ্যমে কবিকে জানার আরও নতুন ক্ষেত্র তৈরি হবে। আমি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করি।’
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ গবেষণা-সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু উল্লেখ করেছেন যে, দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের প্রতি সর্বাধিক সম্মান প্রদর্শন করতেন। তিনি বলেন, "আমরা দেখেছি, তিনি আলেম সমাজের প্রতি সব সময় গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছেন।"
গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও এবং পৌরসভার বিভিন্ন স্তরের আলেম-ওলামাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এই সভাটি গফরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু আরও বলেন, "বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের যে সম্মান ও মর্যাদা দিয়েছেন, তা আমরা প্রত্যক্ষ করেছি।" তিনি উল্লেখ করেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচির সময় রাতের অন্ধকারে বহু আলেম-ওলামার হত্যার অভিযোগ রয়েছে। তিনি ওই সরকারের কঠোর সমালোচনা করে আলেম সমাজের প্রতি তাদের আচরণের বিষয়টি তুলে ধরেন।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক বেতন প্রদানের ব্যবস্থা চালু করেছেন। এছাড়া, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে দেশের বিভিন্ন উপজেলায় নতুনভাবে মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেছে সরকার। তিনি তাঁর বক্তব্যে আলেম-ওলামাদের মর্যাদা বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকারের এসব উদ্যোগের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।
মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধের বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও ও পৌরসভা এলাকায় শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে আলেম-ওলামাদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় আরও বক্তব্য দেন গফরগাঁও উপজেলা ওলামা সমিতির সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, মাসিক মদীনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান প্রমুখ। মতবিনিময় সভায় গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও ও পৌরসভা এলাকার সর্বস্তরের আলেম-ওলামারা অংশ নেন। গতকাল বিকেলে শুরু হওয়া এ মতবিনিময় সভা রাত ১১টা পর্যন্ত চলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন হোর্হে লিনারেসকে মুক্তি দিয়েছে। এই তথ্য বিশ্ব বক্সিং অ্যাসোসিয়েশনের (ডব্লিউবিএ) সভাপতি নিশ্চিত করেছেন।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ভেনেজুয়েলার ৪১ বছর বয়সী এই বক্সার তিনটি ভিন্ন ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
১৫ নভেম্বর, তিনি জানান যে, টেক্সাসের এল পাসোতে তাকে আটক করা হয়েছিল।
বুধবার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডব্লিউবিএ সভাপতি গিলবার্তো মেন্দোজা লিখেছেন, ‘আমাদের বন্ধু ও সাবেক ডব্লিউবিএ বিশ্বচ্যাম্পিয়ন হোর্হে লিনারেস তার পরিবারের কাছে ফিরে এসেছেন।’
লিনারেসের আটকের খবর প্রথমে তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে প্রকাশিত হয়। পরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) বিষয়টি নিশ্চিত করে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আইনি প্রক্রিয়া চলছিল।
আটকের পর এক্সে লিনারেস লিখেছিলেন, ‘এটা পাগলামি!’
তাঁর আইনজীবীরা তখন বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধ অনুমতি রয়েছে তার এবং তিনি অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন।’
নিজ প্রজন্মের অন্যতম দক্ষ বক্সার হিসেবে পরিচিত লিনারেস ২১ বছরের ক্যারিয়ারে ফেদারওয়েট, সুপার ফেদারওয়েট ও লাইটওয়েট— এই তিন ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।
‘দ্য গোল্ডেন বয়’ নামে পরিচিত লিনারেস ২০০৭ সালে প্রথম বিশ্ব শিরোপা জয় করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ