শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৩০ পি.এম
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চিকিৎসকের কাছে নেওয়ার সময় এক গর্ভবতী বন্দি পালিয়ে গেছেন। বুধবার (২৫ নভেম্বর) আলবুকার্ক শহরের একটি খাবারের দোকানে গাড়ি থামানোর সুযোগে তিনি নিরাপত্তারক্ষীদের গাড়ি নিয়ে চলে যান।
শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এই তথ্য জানায়।
২৬ বছর বয়সী রেবেকা টেলর চুরি ও ডাকাতির একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। প্রসবপূর্ব চিকিৎসা শেষে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল। পালানোর পর গাড়িটি শহরের একটি এলাকায় শনাক্ত করা হলেও, সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরে শহরের পশ্চিম পাশে তার পরনে থাকা কমলা রঙের কারাবন্দির পোশাক উদ্ধার করা হয়। তাকে খুঁজে বের করার জন্য একাধিক সংস্থা অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ তাকে দেখেন, তাহলে কাছে না গিয়ে জরুরি নম্বর ৯১১-এ ফোন করার জন্য বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল তার সমাধি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ সকাল ৯টায় শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "শহীদ ডা. মিলন ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল।"
তিনি আরও উল্লেখ করেন, "গণতন্ত্র আপসের বিষয় নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস, ঐক্য ও ত্যাগের প্রয়োজন। শহীদ ডা. মিলনের আত্মত্যাগ আমাদের সেই শিক্ষা মনে করিয়ে দেয়।"
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "ডা. মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের পরবর্তী সকল অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত জুগিয়েছে।"
তিনি আরও বলেন, "শহীদ ডা. মিলনের আত্মত্যাগ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনেও প্রেরণা জোগাবে।"
১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এসআরবি-১২, এসআরবি-১০ এবং সিপিসি-৩ এর যৌথ অভিযানের মাধ্যমে সিরাজগঞ্জে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১২ এর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি ভুক্তভোগীর প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষক। গত ৪ নভেম্বর সকালে উল্লাপাড়া মডেল থানাধীন বালসাবাড়ী বাজারের ‘অধ্যয়ন একাডেমি’ নামের কোচিং সেন্টারের সামনে থেকে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে অপহরণ করা হয়। পরে তাকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ নভেম্বর উল্লাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে, এসআরবি-১২ এর অধিনায়কের নির্দেশনায় শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম রাজিব হোসেন (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। একই রাতে ফরিদপুর কোতোয়ালি থানার টেপাখোলা বাজার এলাকা থেকে ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
এসআরবি-১২ এর সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) ধীমান কুমার মণ্ডল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৩ নভেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ০১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রতিবেদন (রিপোর্ট) লেখা ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।
আবেদনের শেষ সময়: ০১ ডিসেম্বর ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর গোলাবারুদ কারখানায় বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসের পর পরিবেশে সিসার দূষণ ছড়িয়েছে কি না, তা পরীক্ষার ফল শুক্রবার (২৭ নভেম্বর) থেকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পরিবেশ সুরক্ষা সংস্থা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই তথ্য প্রকাশ করেছে।
বুধবার (২৫ নভেম্বর) কারখানাটিতে প্রায় ৫ টন পুরোনো বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। সেনাবাহিনী অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের ঝুঁকি থাকায় এই পদক্ষেপ গ্রহণ করে। বিস্ফোরণের পূর্বে বাতাস, পানি, মাটি ও ধুলার ১ হাজার ৫০০টির বেশি নমুনা সংগ্রহ করা হয়। পরে নেওয়া হয় আরও ১ হাজারের বেশি নমুনা।
পরিবেশ সুরক্ষা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ওই অঞ্চলে বাতাসে সিসা শনাক্ত হয়নি। ১৩০টির বেশি স্থানে নমুনা পরীক্ষা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে বাড়ি, স্কুল, শিশু পরিচর্যা কেন্দ্র, খামার ও পানির উৎস। বিস্ফোরণের ফলে অন্য কোনো ক্ষতিকর উপাদান ছড়িয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ