ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছুটি শেষে কাজে ফেরা হলো না শাহেদের, রিয়াদে হামলায় নিভে গেল প্রাণ


ছুটি শেষে কাজে ফেরা হলো না শাহেদের, রিয়াদে হামলায় নিভে গেল প্রাণ

স্বজনদের সঙ্গে আনন্দের ছুটি কাটানোর পর কর্মস্থলে ফিরছিলেন প্রবাসী শাহেদ আহমেদ (৩২)। তবে গন্তব্যে পৌঁছানোর পরও কাজে আর ফেরা হলো না তাঁর। সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় এই তরুণ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

রোববার (১১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকায় শাহেদের মৃত্যুর খবর পৌঁছালে পরিবার এবং পুরো গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে।

নিহত শাহেদ আহমেদ বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মাদলা মণ্ডলপাড়ার রফিকুল ইসলাম মিঠুর ছেলে। তিনি গত তিন বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু নভেম্বরের প্রথম সপ্তাহে

পরিবারের সূত্রে জানা গেছে, শাহেদের বাবা রফিকুল ইসলাম দীর্ঘ ২০ বছর ধরে সৌদি প্রবাসে রয়েছেন। বাবার সুবাদে তিন বছর আগে সেখানে যান শাহেদ। দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। গত শুক্রবার (৯ অক্টোবর) ছুটির মেয়াদ শেষে আবারও সৌদির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। অপরদিকে, শাহেদের মা তিন মাস আগে ওমরাহ পালনে সৌদি আরব যান, যাঁর আগামী ১৪ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। বর্তমানে বাবা-মা দুজনই সৌদির দাম্মাম শহরে অবস্থান করছেন এবং তারা নিরাপদ রয়েছেন।

নিহতের স্বজনরা জানান, শাহেদ দুই ভাইবোনের মধ্যে একজন। তাঁর ছয় ও দশ বছর বয়সী দুটি অবুঝ সন্তান রয়েছে। উর্পাজনক্ষম একমাত্র অবলম্বনকে হারিয়ে অবুঝ দুই সন্তানকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় পড়েছে অসহায় পরিবারটি। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

শাহেদের স্ত্রী কাকলি আক্তার আকুল কণ্ঠে বলেন, "শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকেও তার সঙ্গে শেষ কথা হয়েছিল। এরপর আর কোনো যোগাযোগ করতে পারিনি। সরকারের কাছে আমার একটাই আকুতি, আমার স্বামীর মরদেহে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।"

এ বিষয়ে মাদলা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, রিয়াদে হামলায় বগুড়ার শাহেদ নামে এক প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জের লেবুবাগানে ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


চাঁপাইনবাবগঞ্জের লেবুবাগানে ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে একটি লেবু বাগানের মধ্যে রাতের অন্ধকারে মাটির নিচে পুঁতে রাখা ১৭টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডল টোলা এলাকার একরামুল হকের দেশি লেবুর বাগানে মাটির কয়েক হাত নিচে পুঁতে রাখা এসব ককটেল উদ্ধার করা হয়। লাল রঙের তিনটি বালতিতে নির্জন লেবু বাগানের মধ্যে মাটির নিচ থেকে এসব ককটেল উদ্ধার করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, উদ্ধারকারী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে আমবাগানের মধ্যে থাকা লেবুবাগানে খড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে এক নারী তিনটি মাটির গর্ত ভরাট দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে নতুন গর্তের মধ্যে বালতির উপরে থাকা পলিথিন দেখতে পেয়ে হাতবোমা বা ককটেল সন্দেহ করে পুলিশকে জানায়। পরে দুপুর থেকে ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় তিনটি বালতিতে থাকা এসব ককটেল উদ্বার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান, তিনটি বালতি উদ্ধার করে এসআরবি'র বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা সরেজমিনে এসে রাতে তিনটি বালতিতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন আর কী উদ্দেশ্যে এসব ককটেল তৈরি ও মজুত করা হয়েছিল, তা তদন্ত বেরিয়ে আসবে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এর আগে গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের হাতে থাকা দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হয়। এ সময় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। রোববার উদ্ধার হওয়া ককটেলগুলোও ওদুদ মহরিলের হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

রাঙামাটি, ১১ অক্টোবর, ২০২৬ : জেলা প্রশাসন সাজেক ভ্যালি, যা জেলার একটি প্রধান পর্যটন কেন্দ্র, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়, যা রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণে আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

এছাড়া, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সকল পর্যটককে আগামী ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি অনুযায়ী সাজেক ভ্যালির বিষয়ে সকলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের হেনস্তার অভিযোগ ধ্রুব রাঠীর, মা-বাবাকে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে তারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


পুলিশের হেনস্তার অভিযোগ ধ্রুব রাঠীর, মা-বাবাকে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে তারা

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী অভিযোগ করেছেন যে, তাকে গ্রেপ্তার বা আটক করার নামে কার্যত অপহরণের মতো করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তিনি দাবি করেছেন, এ সময় তার মা-বাবাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে।

ধ্রুব রোববার সকালে প্রকাশিত এক ভিডিওবার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন, যেখানে তিনি বলেন, প্রায় ২২ থেকে ২৩ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন। তার দাবি, শনিবার সকাল ৭টার দিকে সাদা পোশাকে একদল ব্যক্তি গুরুগ্রামে তার বাড়িতে প্রবেশ করেন। এরপর তাকে ঘুম থেকে তুলে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সঙ্গে নিয়ে যাওয়া হয়।

ধ্রুবের বর্ণনা অনুযায়ী, সকালে বাড়ির বাইরে লোকজনের উপস্থিতি দেখে তার মা দরজা খুলেছিলেন। এ সময় সাধারণ পোশাকে থাকা ব্যক্তিরা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে সরাসরি তার শোবার ঘরে চলে যান। ঘুম থেকে ওঠার পর তাকে প্রস্তুত হওয়ারও সুযোগ দেওয়া হয়নি। এমনকি জুতা পরার সময়টুকুও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ইউটিউবারের দাবি, ঘটনার সময় বাড়িতে তিনি ও তার মা-বাবা ছাড়া আর কেউ ছিলেন না। বাড়ির বাইরে ৫০ জনের বেশি লোক অবস্থান করছিলেন। পরে তাকে টেনেহিঁচড়ে একটি গাড়িতে তোলা হয় এবং এক থানা থেকে অন্য থানায় নিয়ে যাওয়া হয়।

ধ্রুব রাঠী আরো অভিযোগ করেন, বাড়িতে প্রবেশের পরপরই তার ও তার মা-বাবার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। থানায় নেওয়ার পর আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। নিজের ফোন ব্যবহার করতেও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ধ্রুবের ভাষ্য, তাকে বারবার বলা হচ্ছিল, এটি গ্রেপ্তার বা আটক নয় এবং শিগগিরই তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু প্রায় ২২ থেকে ২৩ ঘণ্টা তাকে আটকে রাখা হয়। এ কারণে পুরো ঘটনাকে তিনি অপহরণের সঙ্গে তুলনা করেছেন।

মুক্তির পরও গৃহবন্দি থাকার দাবি

মুক্তি পাওয়ার পরও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন এই ইউটিউবার। তার দাবি, বাড়ির বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং অন্তত ১৫ জন ব্যক্তি তার ওপর নজর রাখছেন। এতে তিনি কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন বলে দাবি করেন।

শনিবার সকালে বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্রায় এক দিন পর মুক্তি পেয়ে ভিডিওবার্তায় এসব অভিযোগ সামনে আনেন ধ্রুব রাঠী। তবে তার উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য এই তথ্যে উল্লেখ করা হয়নি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি গঠন করবে ইউজিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি গঠন করবে ইউজিসি

বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে, এমনটি জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন।

রোববার বিকালে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বিদেশি কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

অ্যালায়েন্স অফ প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, প্রতি বছর দেশে ইংরেজি মাধ্যমের প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে ভর্তি পরীক্ষার বিদ্যমান পদ্ধতি ও সমমানের সনদের জটিলতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সুযোগ কম থাকে, যা শিক্ষাব্যবস্থার জন্য একটি ‘সিস্টেম লস’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

তিনি আরও জানান, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় সমতার ভিত্তিতে অংশগ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যে ইউজিসির নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করা হবে। একইসাথে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে দেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

অ্যালায়েন্স অফ প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের সভাপতি মো. মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামসহ ব্রিটিশ কাউন্সিল এবং বিভিন্ন ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%