০৮:৪৫ পি.এম
ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ, ১ বছর থেকে বাড়িয়ে ২ বছর করেছে সরকার।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। নতুন এই নিয়ম ২০২৬-২০২৭ অর্থবছর থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্ত মেনে চলার কথা বলা হয়েছে :
ফি জমাদান : ২ বছরের লাইসেন্স ফি এবং ভ্যাট একসাথে সরকারি কোষাগারে জমা দিয়ে এইচএসএম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
পরিবেশ ছাড়পত্র : নতুন লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে অবশ্যম্ভাবীভাবে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র নিতে হবে।
নারকোটিক লাইসেন্স : যে সমস্ত প্রতিষ্ঠান নারকোটিক বা মাদকদ্রব্য ব্যবহার করে, নতুন লাইসেন্স পাওয়ার পর তাদের অবশ্যই নারকোটিক লাইসেন্স সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
নিয়মিত তদারকি : পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের নিজ নিজ দপ্তরের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে।
এছাড়া অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ নিয়মিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন। পরিদর্শনে যদি কোনো অনিয়ম বা ব্যত্যয় পাওয়া যায়, তাহলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন