ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাল দলিলের মাধ্যমে জমি দখল: প্রতিকার কী?


জাল দলিলের মাধ্যমে জমি দখল: প্রতিকার কী?

জমি নিয়ে বিরোধ, জাল দলিল তৈরি, ভুয়া খতিয়ান এবং প্রতারণার মাধ্যমে সম্পত্তি দখলের ঘটনা বাংলাদেশে প্রায়ই সামনে আসে। এসব ঘটনায় প্রকৃত মালিকানা থাকা সত্ত্বেও অনেককে নিজের জমি ফিরে পেতে দীর্ঘ আইনি লড়াই করতে হয়। তবে জমি জালিয়াতি ও অবৈধ দখলের বিরুদ্ধে আইনি প্রতিকারের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দেওয়ানি ও ফৌজদারি— দুই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ প্রণয়নের মাধ্যমে জমিসংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের প্রতিকারের জন্য আইনি কাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর আওতায়ও সংশ্লিষ্ট অপরাধ ও বিরোধের প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।

জাল দলিল ও ভুয়া রেকর্ডের বিরুদ্ধে ব্যবস্থা

আরও পড়ুন: জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলায় যুক্তিতর্ক শুরু

জমি হাতিয়ে নিতে একটি চক্র কখনো জাল দলিল তৈরি করে, আবার কখনো ভুয়া খতিয়ান বা প্রতারণার মাধ্যমে নামজারি করিয়ে নেয়। এসব কাগজের ভিত্তিতে সম্পত্তির মালিকানা দাবি করা হলে প্রকৃত মালিক আইনের আশ্রয় নিতে পারেন।

এ ক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা করে জাল দলিল বা অবৈধ হস্তান্তর বাতিলের আবেদন করা যায়। একই সঙ্গে ভুয়া নামজারি ও রেকর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে প্রকৃত মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় প্রতিকার চাওয়া সম্ভব।

অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধারের সুযোগ

জোরপূর্বক কিংবা প্রতারণার মাধ্যমে কারও জমি দখল করা হলে ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিতে পারেন। পরিস্থিতি অনুযায়ী জমির দখল ফিরে পেতে দেওয়ানি মামলা এবং অপরাধের ধরন অনুসারে ফৌজদারি অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুন মামলায় আজ যুক্তিতর্ক, বিটিভিতে সরাসরি সম্প্রচার

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ভূমিসংক্রান্ত নির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে কোন ধরনের মামলা করতে হবে, তা নির্ভর করবে জমির মালিকানা, দখলের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অপরাধের প্রমাণের ওপর।

দেরি না করে সংরক্ষণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র

জমি জালিয়াতি বা বেদখলের ঘটনা জানার পর দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দখলদার ভুয়া কাগজপত্র তৈরি কিংবা নিজেদের দখলের পক্ষে বিভিন্ন প্রমাণ দাঁড় করানোর চেষ্টা করতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে জমির মূল দলিল, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদসহ মালিকানাসংক্রান্ত সব নথি নিরাপদে রাখতে হবে। পাশাপাশি জাল দলিল বা ভুয়া রেকর্ডের কপি সংগ্রহ করা গেলে তা সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন: মুকসুদপুর থানায় হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিসান মুন্সী গ্রেপ্তার

জমির প্রকৃত দখল কার কাছে ছিল এবং কীভাবে বেদখল করা হয়েছে, তার প্রমাণও গুরুত্বপূর্ণ। মালিকের অজান্তে কোনো নামজারি বা জমি হস্তান্তরের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মামলা করতে যেসব নথি প্রয়োজন হতে পারে

জমি জালিয়াতি ও অবৈধ দখলের ঘটনায় আইনি প্রতিকার চাইতে কয়েক ধরনের নথি ও তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মধ্যে রয়েছে—

জমির মূল মালিকানা দলিল ও সংশ্লিষ্ট রেকর্ড;

আরও পড়ুন: চন্দনাইশে সাবেক ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলমকে গ্রেপ্তার

জাল দলিল বা ভুয়া খতিয়ানের অনুলিপি;

জমির দখল ও বেদখল হওয়ার প্রমাণ;

নামজারি ও ভূমি হস্তান্তরসংক্রান্ত নথি;

জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের পক্ষে অন্যান্য প্রমাণ।

আরও পড়ুন: গোপালগঞ্জে থানায় হামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

মামলা নিষ্পত্তিতে লাগতে পারে দীর্ঘ সময়

জমির মালিকানা, জাল দলিল এবং অবৈধ দখলসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মামলার ধরন, প্রমাণের পরিমাণ, আদালতের কার্যক্রম এবং বিরোধের জটিলতার ওপর সময় নির্ভর করে।

এ ধরনের মামলায় জমির বর্তমান অবস্থা পরিবর্তন ঠেকাতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী আদালতের কাছে জমির ওপর অবৈধ হস্তান্তর বা দখল পরিবর্তন বন্ধ রাখার আবেদন করা যায়।

আইনজীবীদের মতে, জমি জালিয়াতি বা বেদখলের ঘটনা ঘটলে দেরি না করে প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এতে প্রকৃত মালিকানার দাবি প্রতিষ্ঠা এবং সম্পত্তি উদ্ধারের আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহজ হতে পারে।

আরও পড়ুন: মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা অভিযানে গ্রেফতার ৫১ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা সোহেল খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


অভিনেতা সোহেল খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোহেল খান নসিব সিনেমার শুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

অভিনেতা শাহারিয়ার নাজিম জয় তার ফেসবুকে লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো।’

তিনি আরও বলেন, ‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া।’

তার ভাষায়, ‘তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। এই ছবিটা মৃত্যুর কিছু ঘন্টা আগের। আমার চোখের সামনে সোহেল খান এবং মুকির জাকারিয়া।’

তার আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি পাশে প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ পদের ফের নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


এসএসসি পাশে প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ পদের ফের নিয়োগ

প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের আওতায় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য ষাঁড় রক্ষক, নৈশপ্রহরী, ইলেকট্রিশিয়ান, পাম্প ড্রাইভার, প্লাম্বার, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে আবেদন করা যাবে।

অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

এক নজরে প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর।

চাকরির ধরন: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়।

আবেদন শেষ: ২৩ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪টা।

পদের নাম ও পদসংখ্যা:

সারণি-ক: কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার ও রাজশাহী এবং ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠান

ষাঁড় রক্ষক (ক্যাটাগরি-৫): ১০২টি।

নৈশপ্রহরী (ক্যাটাগরি-৫): ৭৩টি।

সারণি-খ: কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার এবং আঞ্চলিক কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, রাজাবাড়ীহাট, রাজশাহী

ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১): ২টি।

পাম্প ড্রাইভার (ক্যাটাগরি-২): ২টি।

প্লাম্বার (ক্যাটাগরি-২): ২টি।

নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।

পরিচ্ছন্নতা কর্মী (ক্যাটাগরি-৫): ৪টি।

মালি (ক্যাটাগরি-৫): ২টি।

সারণি-গ: ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নেত্রকোণা ও ডুমুরিয়া, খুলনা

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (ক্যাটাগরি-৫): ১০টি।

হোস্টেল অ্যাটেনডেন্ট (বালক) (ক্যাটাগরি-৫): ২টি।

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (বালিকা) (ক্যাটাগরি-৫): ২টি।

মালি (ক্যাটাগরি-৫): ২টি।

বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।

সহকারী বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।

নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।

পরিচ্ছন্নতা কর্মী (ক্যাটাগরি-৫): ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি বা সমমান পাস হতে হবে।

অভিজ্ঞতা: সকল পদের জন্য সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৬০ বছর।

সেবামূল্য: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সাদা কাগজে নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে স্বহস্তে লিখিত অথবা টাইপকৃত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তই আবেদনপত্র হিসেবে গণ্য হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, প্রশিক্ষণ সনদের কপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদপত্র জমা দিতে হবে।

আবেদনপত্রের খামের ওপর প্রার্থীর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: উপপরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।

আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন .

সূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ৬৭টি ইউনিয়নে পাঁচ ধাপে নির্বাচন, ভোটার ১৩,৩৯,৩২৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


মুন্সীগঞ্জে ৬৭টি ইউনিয়নে পাঁচ ধাপে নির্বাচন, ভোটার ১৩,৩৯,৩২৯

মুন্সীগঞ্জ, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৬৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। মুন্সীগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৩,৩৯,৩২৯ জন।

জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা গেছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি ১ম ধাপে সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২,৫৫,০৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৩৩,৯৩০, মহিলা ১,২১,১৩৫ এবং তৃতীয় লিঙ্গের ১ জন।

দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি গজারিয়ার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ১,৫৫,০০৭ জন। এর মধ্যে পুরুষ ৭৯,৬৭৫ জন এবং মহিলা ৭৫,৩৩২ জন।

তৃতীয় ধাপে ২৯ এপ্রিল টঙ্গিবাড়ীর ১২টি এবং লৌহজংয়ের ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। টঙ্গিবাড়ীতে মোট ভোটার সংখ্যা ২,০৩,০১৭ জন। এর মধ্যে পুরুষ ১,০৫,১৯৩ এবং মহিলা ৯৭,৮২৪ জন। লৌহজংয়ে মোট ভোটার সংখ্যা ১,৭৭,৮২১ জন, এর মধ্যে পুরুষ ৯১,০২৬ এবং মহিলা ৮৬,৭৯৫ জন।

চতুর্থ ধাপে ১৩ মে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীনগরে মোট ভোটার সংখ্যা ২,৭২,৭৬৩ জন। এর মধ্যে পুরুষ ১,৪০,২৫৪ জন, মহিলা ১,৩২,৫০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।

৫ম ধাপে ২৭ মে সিরাজদিখানের ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সিরাজদিখানে মোট ভোটার সংখ্যা ২,৭৫,৬৫৫ জন। এর মধ্যে পুরুষ ১,৪২,৩১৯ এবং মহিলা ১,৩৩,৩৩৬ জন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসস’কে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্রের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটোপ্রধানের সতর্কতা: আলাদা ইউরোপীয় সেনাবাহিনী গঠনের বিরোধিতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


ন্যাটোপ্রধানের সতর্কতা: আলাদা ইউরোপীয় সেনাবাহিনী গঠনের বিরোধিতা

ইউরোপের জন্য একটি আলাদা সেনাবাহিনী গঠনের ফলে রাশিয়ার হামলার বিরুদ্ধে ন্যাটোর সক্ষমতা হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি উল্লেখ করেন, আলাদা সামরিক কাঠামো থাকলে সংকটকালীন সময়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হবে, যা রাশিয়ার হামলা প্রতিরোধে বাধা সৃষ্টি করতে পারে। ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, সোমবার বার্লিনে ন্যাটোর পার্লামেন্টারি অ্যাসেম্বলির ৭২তম বার্ষিক অধিবেশনে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।

রুটে বলেন, রাশিয়ার সামরিক শক্তি বর্তমানে পুরোপুরি সক্রিয় রয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ হলেও, রাশিয়ার সামরিক শক্তি ইউরোপের জন্য একটি হুমকি হিসেবে রয়ে যাবে। ইউক্রেনের সংবাদমাধ্যম উক্রিনস্কা প্রাভদার প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলো যদি নিজেদের সেনাবাহিনী নিয়ে ন্যাটোর অধীনে কাজ করে এবং একইসঙ্গে একটি আলাদা বড় সামরিক বাহিনী গঠন করে, তাহলে তা সমস্যার সৃষ্টি করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলা চালালে, কে কী করবে তা নির্ধারণ করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে রুশ বাহিনী অনেক দূর অগ্রসর হতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোর উদাহরণ দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের আলাদা সেনাবাহিনী নেই, বরং একটি সমন্বিত সামরিক বাহিনী রয়েছে।

রুটে আরও বলেন, ইউরোপের জন্য একটি সামরিক বাহিনী গঠন করতে হলে আলাদা জাতীয় সেনাবাহিনী রাখার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ইউরোপের দেশগুলোও যুক্তরাষ্ট্রের মতো একটি সমন্বিত সামরিক কাঠামো গড়ে তুলতে পারে। তিনি উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধ যেভাবে শেষ হোক না কেন, রাশিয়া সামরিক উৎপাদন বাড়াতে থাকবে। চীন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কও ন্যাটোর জন্য একটি বড় উদ্বেগের বিষয়।

রুটের ভাষায়, রাশিয়ার যুদ্ধভিত্তিক অর্থনীতি ক্রমবর্ধমান। ইউক্রেন যুদ্ধ শেষ হলেও, রাশিয়ার সামরিক ব্যবস্থা সক্রিয় থাকবে। তাই রাশিয়ার হুমকি দীর্ঘ সময় ধরে মোকাবেলা করতে হবে। ন্যাটো মহাসচিব রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোই শুধু ঝুঁকিতে রয়েছে এমন ধারণা খারিজ করেন। তিনি বলেন, রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপের যেকোনো দেশের রাজধানীতে আঘাত হানতে সক্ষম। তিনি উদাহরণ দেন যে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র তালিন, ওয়ারশ বা হেলসিংকিতে পৌঁছানোর চেয়ে নেদারল্যান্ডসের হেগ, ইতালির রোম অথবা পর্তুগালের লিসবনে পৌঁছাতে মাত্র পাঁচ মিনিট বেশি সময় নেয়। ফলে ইউরোপের সব দেশই রাশিয়ার হুমকির মুখে রয়েছে। কে রাশিয়ার সীমান্তের কাছে এবং কে দূরে, তা নিয়ে আলোচনা বন্ধ করা উচিত।

রুটের এই সতর্কবার্তার মধ্যে পোল্যান্ড ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে নজরদারি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য বিশেষ ধরনের সতর্কবার্তা ও নিয়ন্ত্রণব্যবস্থাসংবলিত বিমান মোতায়েনের পরিকল্পনা করছে দেশটি। পোল্যান্ডের আইনজীবীরা জানিয়েছেন, শুক্রবার ইউক্রেনে রাশিয়ার হামলার সময় তিনটি খে-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে এসে পড়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ থেকে নজরদারি ও সতর্কবার্তা দেওয়ার জন্য বিশেষ বিমান মোতায়েন করা হবে। পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেভস্কি এ তথ্য জানিয়েছেন।

ব্রাসেলসে ন্যাটোর একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই বিমান ব্যবস্থার মাধ্যমে আকাশসীমার পরিস্থিতি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে সম্ভাব্য হুমকি সম্পর্কে আগেই জানা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এ ধরনের বিমানকে আকাশভিত্তিক সতর্কবার্তা ও নিয়ন্ত্রণব্যবস্থার বিমান বলা হয়। এগুলো আকাশের বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমানের চলাচল শনাক্ত করে ন্যাটোর সদস্য দেশগুলোকে একই সময়ে তথ্য প্রদান করা সম্ভব হয়। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সোমবার রাতে রাশিয়ার নতুন হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউক্রেনে বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো।

রাশিয়ার সামরিক হুমকির পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যুক্ত অবকাঠামোও ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন রুটে। এসব অবকাঠামোর মধ্যে জ্বালানি সরবরাহের পাইপলাইন ও যোগাযোগব্যবস্থা অন্তর্ভুক্ত। তিনি বলেন, এসব অবকাঠামোর যেকোনো একটিতে হামলা হলে পুরো ইউরোপ ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, দেশগুলোর জ্বালানি ও যোগাযোগব্যবস্থা একে অপরের সঙ্গে যুক্ত। রুটে বলেন, ইউরোপকে দীর্ঘ সময় ধরে এ পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে। তাই হুমকি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ন্যাটো মহাসচিবের মতে, শুধু সামরিক বাহিনীকে প্রস্তুত রাখলেই হবে না, বেসামরিক নাগরিকদেরও প্রস্তুত থাকতে হবে। এ প্রসঙ্গে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডের উদাহরণ দেন তিনি। এসব দেশ যুদ্ধ শুরু হলে নাগরিকদের কী করতে হবে, তা আগেই শেখাচ্ছে।

রুটে বলেন, যুদ্ধের সময় সামরিক বাহিনীর কাজে বাধা সৃষ্টি না করে কীভাবে সহযোগিতা করতে হবে, তা নাগরিকদের জানতে হবে। একই সঙ্গে পুলিশ, অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ বিভাগের সঙ্গে সামরিক বাহিনীর সমন্বয়ও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ ধরনের প্রস্তুতির জন্য পুরো সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ভবিষ্যতে কোনো শান্তিচুক্তি হলে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো নিরাপত্তার নিশ্চয়তা দেবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে জোটের সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। সে ক্ষেত্রে সদস্য দেশগুলো আক্রান্ত দেশকে সহায়তা করতে বাধ্য। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার রবিবার জানিয়েছেন, ইউক্রেনকে এ ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজি আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের যুদ্ধ-পরবর্তী বৃহত্তর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ইউক্রেনকে এ নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%