প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউরোপের জন্য একটি আলাদা সেনাবাহিনী গঠনের ফলে রাশিয়ার হামলার বিরুদ্ধে ন্যাটোর সক্ষমতা হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি উল্লেখ করেন, আলাদা সামরিক কাঠামো থাকলে সংকটকালীন সময়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হবে, যা রাশিয়ার হামলা প্রতিরোধে বাধা সৃষ্টি করতে পারে। ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, সোমবার বার্লিনে ন্যাটোর পার্লামেন্টারি অ্যাসেম্বলির ৭২তম বার্ষিক অধিবেশনে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।
রুটে বলেন, রাশিয়ার সামরিক শক্তি বর্তমানে পুরোপুরি সক্রিয় রয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ হলেও, রাশিয়ার সামরিক শক্তি ইউরোপের জন্য একটি হুমকি হিসেবে রয়ে যাবে। ইউক্রেনের সংবাদমাধ্যম উক্রিনস্কা প্রাভদার প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলো যদি নিজেদের সেনাবাহিনী নিয়ে ন্যাটোর অধীনে কাজ করে এবং একইসঙ্গে একটি আলাদা বড় সামরিক বাহিনী গঠন করে, তাহলে তা সমস্যার সৃষ্টি করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলা চালালে, কে কী করবে তা নির্ধারণ করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে রুশ বাহিনী অনেক দূর অগ্রসর হতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোর উদাহরণ দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের আলাদা সেনাবাহিনী নেই, বরং একটি সমন্বিত সামরিক বাহিনী রয়েছে।
রুটে আরও বলেন, ইউরোপের জন্য একটি সামরিক বাহিনী গঠন করতে হলে আলাদা জাতীয় সেনাবাহিনী রাখার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ইউরোপের দেশগুলোও যুক্তরাষ্ট্রের মতো একটি সমন্বিত সামরিক কাঠামো গড়ে তুলতে পারে। তিনি উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধ যেভাবে শেষ হোক না কেন, রাশিয়া সামরিক উৎপাদন বাড়াতে থাকবে। চীন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কও ন্যাটোর জন্য একটি বড় উদ্বেগের বিষয়।
রুটের ভাষায়, রাশিয়ার যুদ্ধভিত্তিক অর্থনীতি ক্রমবর্ধমান। ইউক্রেন যুদ্ধ শেষ হলেও, রাশিয়ার সামরিক ব্যবস্থা সক্রিয় থাকবে। তাই রাশিয়ার হুমকি দীর্ঘ সময় ধরে মোকাবেলা করতে হবে। ন্যাটো মহাসচিব রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোই শুধু ঝুঁকিতে রয়েছে এমন ধারণা খারিজ করেন। তিনি বলেন, রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপের যেকোনো দেশের রাজধানীতে আঘাত হানতে সক্ষম। তিনি উদাহরণ দেন যে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র তালিন, ওয়ারশ বা হেলসিংকিতে পৌঁছানোর চেয়ে নেদারল্যান্ডসের হেগ, ইতালির রোম অথবা পর্তুগালের লিসবনে পৌঁছাতে মাত্র পাঁচ মিনিট বেশি সময় নেয়। ফলে ইউরোপের সব দেশই রাশিয়ার হুমকির মুখে রয়েছে। কে রাশিয়ার সীমান্তের কাছে এবং কে দূরে, তা নিয়ে আলোচনা বন্ধ করা উচিত।
রুটের এই সতর্কবার্তার মধ্যে পোল্যান্ড ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে নজরদারি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য বিশেষ ধরনের সতর্কবার্তা ও নিয়ন্ত্রণব্যবস্থাসংবলিত বিমান মোতায়েনের পরিকল্পনা করছে দেশটি। পোল্যান্ডের আইনজীবীরা জানিয়েছেন, শুক্রবার ইউক্রেনে রাশিয়ার হামলার সময় তিনটি খে-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে এসে পড়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ থেকে নজরদারি ও সতর্কবার্তা দেওয়ার জন্য বিশেষ বিমান মোতায়েন করা হবে। পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেভস্কি এ তথ্য জানিয়েছেন।
ব্রাসেলসে ন্যাটোর একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই বিমান ব্যবস্থার মাধ্যমে আকাশসীমার পরিস্থিতি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে সম্ভাব্য হুমকি সম্পর্কে আগেই জানা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এ ধরনের বিমানকে আকাশভিত্তিক সতর্কবার্তা ও নিয়ন্ত্রণব্যবস্থার বিমান বলা হয়। এগুলো আকাশের বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমানের চলাচল শনাক্ত করে ন্যাটোর সদস্য দেশগুলোকে একই সময়ে তথ্য প্রদান করা সম্ভব হয়। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সোমবার রাতে রাশিয়ার নতুন হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউক্রেনে বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো।
রাশিয়ার সামরিক হুমকির পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যুক্ত অবকাঠামোও ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন রুটে। এসব অবকাঠামোর মধ্যে জ্বালানি সরবরাহের পাইপলাইন ও যোগাযোগব্যবস্থা অন্তর্ভুক্ত। তিনি বলেন, এসব অবকাঠামোর যেকোনো একটিতে হামলা হলে পুরো ইউরোপ ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, দেশগুলোর জ্বালানি ও যোগাযোগব্যবস্থা একে অপরের সঙ্গে যুক্ত। রুটে বলেন, ইউরোপকে দীর্ঘ সময় ধরে এ পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে। তাই হুমকি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ন্যাটো মহাসচিবের মতে, শুধু সামরিক বাহিনীকে প্রস্তুত রাখলেই হবে না, বেসামরিক নাগরিকদেরও প্রস্তুত থাকতে হবে। এ প্রসঙ্গে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডের উদাহরণ দেন তিনি। এসব দেশ যুদ্ধ শুরু হলে নাগরিকদের কী করতে হবে, তা আগেই শেখাচ্ছে।
রুটে বলেন, যুদ্ধের সময় সামরিক বাহিনীর কাজে বাধা সৃষ্টি না করে কীভাবে সহযোগিতা করতে হবে, তা নাগরিকদের জানতে হবে। একই সঙ্গে পুলিশ, অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ বিভাগের সঙ্গে সামরিক বাহিনীর সমন্বয়ও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ ধরনের প্রস্তুতির জন্য পুরো সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ভবিষ্যতে কোনো শান্তিচুক্তি হলে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো নিরাপত্তার নিশ্চয়তা দেবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে জোটের সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। সে ক্ষেত্রে সদস্য দেশগুলো আক্রান্ত দেশকে সহায়তা করতে বাধ্য। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার রবিবার জানিয়েছেন, ইউক্রেনকে এ ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজি আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের যুদ্ধ-পরবর্তী বৃহত্তর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ইউক্রেনকে এ নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন