০৫:০৬ পি.এম
শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দপ্তরে তালা ঝুলিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হওয়ার কারণে রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (ব্রুসা) এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা এই পদক্ষেপ নেন।
এর আগে, ব্রুসার ফেসবুক পেজের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা রোববার দুপুর ১২টার মধ্যে তাদের দাবি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করে দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায়, তারা প্রশাসনিক ভবনে একত্রিত হয়ে শারীরিক শিক্ষা দপ্তরে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে একজন শিক্ষককে পরিচালক হিসেবে নিয়োগ না দিয়ে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন। গত সপ্তাহেও পরিচালকের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পদ্ধতি সংস্কারে উদ্যোগ ইউজিসির
তালা দেওয়ার পর ব্রুসার সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের আশানুরূপ কোনো ফলাফল দেয়নি। আজকে আমরা আসার পর কয়েক দফায় কথা হয়েছে। কিন্তু কথা বলার পরও প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা আগে থেকেই নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম। সেই সময় পেরিয়ে যাওয়ায় শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়ে দিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান জানান, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।’
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই নিয়োগের পর থেকেই শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে আন্দোলন করে আসছেন। সম্প্রতি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায়ও এই কর্মকর্তা অন্যতম অভিযুক্ত হিসেবে রয়েছেন।
আরও পড়ুন: ইবি শিক্ষার্থীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসা সহায়তার আকুতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন