সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৪২ পি.এম
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার নিয়োগ পেয়েছেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে পরিচিত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম নিয়োগ পেয়েছিলেন।
তবে, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং পদত্যাগের দাবিতে গত তিন সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মান, ন্যায্যতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গঠনমূলক এবং কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সম্মত হয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ তথ্য জানান শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের পর।
ওয়াং ই উল্লেখ করেন, শি যুক্তরাষ্ট্র সফরের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফলাফল হলো—দুই নেতা সম্মান, ন্যায্যতা ও পারস্পরিকতা সম্পর্কের ভিত্তিতে গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছেন। তিনি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ বিষয়ে বক্তব্য দেন।
‘সম্মান’ শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে ওয়াং ই বলেন, এটি একে অপরের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা বোঝায়। পাশাপাশি, প্রতিটি দেশের নিজস্ব সামাজিক ব্যবস্থা ও উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার এবং অন্য দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগকে সম্মান করাও এর অন্তর্ভুক্ত।
‘ন্যায্যতা’ নীতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘এর অর্থ হলো পারস্পরিক লাভজনক সহযোগিতা করা এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধান করা। এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যেখানে এক পক্ষের লাভ অন্য পক্ষের ক্ষতির কারণ হয়। একই সঙ্গে কোনো পক্ষের একতরফাভাবে নিরঙ্কুশ সুবিধা অর্জনের চেষ্টা করাও উচিত নয়।’
পারস্পরিকতা প্রসঙ্গে ওয়াং ই বলেন, এর অর্থ হলো—চীন ও যুক্তরাষ্ট্র সার্বভৌমত্বের দিক থেকে সমান। কোনো দেশই অন্য দেশের চেয়ে শ্রেষ্ঠ নয়। কোনো পক্ষই আধিপত্য বিস্তার বা জবরদস্তিমূলক আচরণ করবে না। তিনি আরো বলেন, ‘দুই দেশের উদ্বেগগুলো সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাও ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নেওয়া দরকার।’
সিনহুয়ার তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ওয়াং ই এসব মন্তব্য করেন। তিনি জানান, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং বৃহত্তর বৈশ্বিক পরিস্থিতি নিয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে শি চিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে খোলামেলা ও গভীর আলোচনা করেছেন।
ওয়াং ই আরো জানান, ‘ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। এ সময় তারা তিনবার সরাসরি বৈঠক করেছেন এবং পাঁচবার ফোনে কথা বলেছেন।’
তার মতে, এসব যোগাযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার একটি সম্পর্ক তৈরি হয়েছে। ওয়াং ই এটিকে ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদ’ বলে উল্লেখ করেন।
অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ওয়াং ই বলেন, শি চিনপিং মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে এবং মতপার্থক্য ও সমস্যার ক্ষেত্র কমাতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনা কম্পানিগুলোর সঙ্গে ন্যায্য আচরণ করা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করা প্রয়োজন।
ফেন্টানিল নিয়ে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রে এর অপব্যবহারের জন্য চীন দায়ী নয়। তবে সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে চীন সব সময় প্রস্তুত। দুই নেতা দুই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানান, আগামী পাঁচ বছরে এক লাখ তরুণ আমেরিকানকে শিক্ষা ও বিনিময় কর্মসূচিতে অংশ নিতে চীনে আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া ‘পিং পিং’ এবং ‘ফু শুয়াং’ নামে দুটি পান্ডা শিগগিরই আটলান্টায় যাবে।
আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে দুই নেতা সম্মত হয়েছেন। শি জিনপিং শান্তি ও সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক ইস্যু সমাধানের পক্ষে মত দিয়েছেন। এআই নিয়ে দুই নেতা একমত হয়েছেন যে, দুই দেশ নিজেদের সক্ষমতা কাজে লাগাবে এবং এআইয়ের অপব্যবহার ঠেকাতে একসঙ্গে কাজ করবে।
ওয়াং ই বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা এবং সামরিকবাদের পুনরুত্থান ঠেকানোর যৌথ দায়িত্ব রয়েছে।’ তিনি জানান, চলতি বছরের শেষ দিকে চীন ও যুক্তরাষ্ট্র যথাক্রমে এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক এবং জি-২০ সম্মেলনের আয়োজন করবে। দুই নেতা এসব আয়োজনে একে অপরকে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছেন।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, শি চিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকে দুই দেশ একে অপরের প্রায় ৩০ বিলিয়ন ডলারের পণ্যে আরও সুবিধাজনক শুল্ক দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি উদীয়মান প্রযুক্তি নিয়ে নতুন সংলাপ শুরুর সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এপেক সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মন্তব্য করেছেন যে, বাংলাদেশের জনসংখ্যা ও ভূমির সীমাবদ্ধতার প্রেক্ষাপটে শ্রমঘন ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ দেশের অর্থনৈতিক উন্নতির জন্য একটি কার্যকর উপায়। সরকার আগামীতে এমন শিল্পখাতকে অগ্রাধিকার দেবে, যা কম মূলধন বিনিয়োগে অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম।
আজ সোমবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটক) কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ-২) শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্প একসঙ্গে ব্যাপক পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তাই, সরকার যে শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে, সেগুলোর মধ্যে এই খাত অন্যতম।
শিল্পমন্ত্রী উল্লেখ করেন, দেশে ম্যানুফ্যাকচারিং শিল্পের বিস্তার যত বাড়বে, দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদাও তত বৃদ্ধি পাবে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) সরকারি অর্থায়নে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, বিটাকের প্রশিক্ষণ কর্মসূচির একটি উল্লেখযোগ্য সাফল্য হলো প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া। প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জন করে সরাসরি শিল্পপ্রতিষ্ঠানে কাজের সুযোগ পাচ্ছেন—এটাই এ ধরনের কর্মসূচির সবচেয়ে বড় সার্থকতা।
মন্ত্রী আরও জানান, আগামী দিনে এই প্রকল্পের আকার আরও বড় করা হবে এবং বিটাককে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। শিল্পের ভবিষ্যৎ চাহিদার দিকে লক্ষ্য রেখে বিটাকের প্রশিক্ষণ কারিকুলামে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হবে।
শিল্পমন্ত্রী বলেন, দেশের সব পর্যায়ে এবং সব পেশায় আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করতে হবে যাতে বিশ্ব শিল্পব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলা যায়। এ লক্ষ্যে, দেশ-বিদেশের আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়ন এবং প্রশিক্ষণার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে।
তিনি বলেন, "আপনারা প্রত্যেকেই চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে উঠে এসেছেন। তিন মাসের প্রশিক্ষণ শেষ করে সার্টিফিকেট অর্জন করেছেন এবং কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এখন সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করার দায়িত্ব আপনাদের নিজেদের।"
অনুষ্ঠানের বিশেষ অতিথি শিল্প সচিব আব্দুন নাসের খান বলেন, "শুধু একটি প্রশিক্ষণ গ্রহণ করলেই দায়িত্ব শেষ নয়। প্রশিক্ষণের সঙ্গে অব্যাহত শিক্ষা ও নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখার মানসিকতা থাকতে হবে।"
বাংলাদেশের শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর মহাপরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআইএম’র মহাপরিচালক মো. সলিম উল্লাহ, আরএফএল’র ডেপুটি জেনারেল ম্যানেজার তারেক আজিজ, ম্যাটাডোর গ্রুপের জেনারেল ম্যানেজার এইচ এমন আল মামুন বক্তৃতা দেন।
পরে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং নিয়োগপত্র প্রদান করেন। উল্লেখ্য, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ-২) শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৭২২ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে দেশের স্বনামধন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ৬৪২ জনের চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতদের মধ্যে কোম্পানীগঞ্জ থানায় ১০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া চারজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। সোনাইমুড়ী থানায় ২২ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তিনজনের বিরুদ্ধে ৩৪ ধারায় ও তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
অন্যদিকে, সুধারাম মডেল থানা ও হাতিয়া থানায় ২৯ জন করে, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগ থানায় ২১ জন, চাটখিল থানায় আটজন, চরজব্বর থানায় ১০ জন এবং কবিরহাট থানায় ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা নগরীর বিভিন্ন অলিগলিতে সীমানাপ্রাচীর ও ভবনের দেয়ালে কালো ও লাল রঙে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘ডিপিজি’, ‘ডিএনজি’, ‘রেড ৯৯৯’, ‘ডিবিকে’, ‘সিবিকে’, ‘ডিবিএক্স’ ও ‘কেজিএস’ ‘রতন গপ্ররুপ’, ‘কিং স্কোয়াড’ ক্রাইম সেটআপ, ফ্লাইং বার্ড, জেআর।
অনুসন্ধানে জানা গেছে, এই নামগুলো জেলার বিভিন্ন কিশোর গ্যাংয়ের। স্থানীয়দের মতে, জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামপর্যায়ে অন্তত ৪০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শহর থেকে গ্রামগঞ্জের পাড়া-মহল্লায় দেয়ালজুড়ে লেখা নাম ও সংকেত কিশোর গ্যাংয়ের তৎপরতার চিহ্ন। এসব গ্রুপ আধিপত্য বিস্তার, মারামারি, অস্ত্রের মহড়া, দলবদ্ধ মোটরসাইকেল মহড়া ও সংঘর্ষসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী কিশোররা।
সম্প্রতি ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার হত্যাকাণ্ড কুমিল্লার কিশোর অপরাধের ভয়াবহ চিত্রকে নতুন করে সামনে এনেছে। ওই হত্যাকাণ্ডের পর জেলার ১৮টি থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের তিন দফায় এখন পর্যন্ত এক হাজার ২৮৪ জনকে আটক করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৩ ডিসেম্বর রাতে কিশোর গ্যাংয়ের হামলায় কুমিল্লা নগরীর অশোকতলায় নিহত হন সজীব হোসেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। একই বছরের ফেব্রুয়ারি মাসে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ এবং ২০২৫ সালে অস্ত্রের মহড়ায় রতন গ্রুপ ও ঈগল গ্রুপের নাম উঠে আসে।
পরে গত ২৫ এপ্রিল কুমিল্লার রানীর দীঘিরপাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়ায় মহড়া দেয় তারা। ২০২৩ সালের ২৮ মে কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদের হাত ও পায়ের রগ কেটে আহত করে ‘আরজিএস’ নামের কিশোর গ্যাংয়ের সদস্যরা। একই বছরের ১৬ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাই করতে গিয়ে দাউদকান্দি উপজেলার শাহপুর গ্রামের আশরাফুল আমিন নামের এক স্কুলছাত্রকে হত্যা করে কিশোর গ্যাং সদস্যরা।
ওই ঘটনায় ২৯ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ২৩ এপ্রিল দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাশরা গ্রামে কিশোর গ্যাংয়ের রাহেজুল আমিন বাঁধনকে কুপিয়ে হত্যা করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, এলাকায় কিশোর গ্যাংয়ে জড়িত থাকায় অতিষ্ঠ হয়ে তাকে হত্যা করা হয়।
২ এপ্রিল ধর্মসাগর পাড়ে বেড়াতে এসে পুলিশের এক নারী কনস্টেবলকে তিন কিশোর গ্যাং সদস্য অশালীন মন্তব্য করে। তার স্বামী প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করা হয়। ওই ঘটনায় রিফাত ও সিয়াম নামের দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, গত শুক্রবার কুমিল্লা নগরীতে মহানগর ছাত্রদলের ব্যাপারে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে নেতৃত্ব দেওয়া মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের পেছনে দেখা যায় কিশোর গ্যাংয়ের ইমরান হোসেন রতনকে। ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নগরীতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, কিশোর অপরাধীরা মূলত অনলাইন বা টিকটক ও রিলসভিত্তিক অ্যাপসের মাধ্যমে একে অপরের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলে। দেয়ালে লেখা এসব নাম তাদের সাংকেতিক চিহ্ন, যা অপরাধ জগতে নিজেদের শক্তিশালী গ্রুপ হিসেবে তুলে ধরতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা আরো বলছেন, দেশে কিশোর অপরাধীদের জন্য লঘুশাস্তির বিধান রয়েছে। এ কারণে তারা সহজেই অপরাধে জড়িয়ে পড়ে। অভিভাবকদের সচেতনতা বাড়ানো অপরিহার্য।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ১৮টি থানার যেসব স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটকদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ২৪ সেপ্টেম্বর প্রথম দফায় অভিযানে ৬১৫ জন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
২৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়। এর মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর সক্রিয় চার সদস্যও রয়েছে। তাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক একটি গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’। ২৭ সেপ্টেম্বর তৃতীয় দফা অভিযানে আরো ৪১৫ জনকে আটক করা হয়। বর্তমানে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তিন দফার সাঁড়াশি অভিযানে জেলায় মোট এক হাজার ২৮৪ জনকে আটক করা হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান কালের কণ্ঠকে বলেন, কিশোর অপরাধীরা এক-দুই দিনে অপরাধে জড়ায় না, তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় ধীরে ধীরে বেড়ে ওঠে। এসব নেতার উচিত দল ভারি করার জন্য কিশোরদের ব্যবহার না করা। কিন্তু সম্প্রতি কুমিল্লাসহ সারা দেশে কিশোর অপরাধ ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। কুমিল্লার বিভিন্ন দেয়ালে কিশোর গ্যাংয়ের ভয়ঙ্কর নাম। তারা অস্ত্র উঁচিয়ে ভয়ঙ্কর কথাবার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করছে।
কুমিল্লা জেলায় এমন অর্ধশতাধিক কিশোর গ্যাং রয়েছে; প্রত্যেক এলাকায় রয়েছে চার-পাঁচটি করে, যার বলি হয়েছে ১৩ বছরের স্কুল শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার। এই ব্যাধি নির্মূল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর হতে হবে, তেমনি অভিভাবকদেরও সচেতন হতে হবে।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, নগরীর দেয়ালে বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের মূলে যারা রয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রতন গ্রুপের সেকেন্ড ইন কমাণ্ড আনিসুর রহমান ওরফে আনিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এরই মধ্যে জেলা পুলিশের তিন দফার অভিযানে মোট এক হাজার ২৮৪ জনকে আটক করা হয়েছে। কিশোর অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চলবে। কিশোর অপরাধ দমনে অভিভাবকদেরও সচেতন হতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ