ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু


আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : আবুধাবিতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনা দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বুধবার এই তথ্য প্রকাশ করেছেন।

এ খবরটি আবুধাবি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় উমেরভ উল্লেখ করেন, ‘আমরা আলোচনার দ্বিতীয় দিন শুরু করছি। প্রথমে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হবে। এরপর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলাদা বৈঠক করব। আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে বাঘের আক্রমণে আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


সুন্দরবনে বাঘের আক্রমণে আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণ

বন বিভাগ কর্তৃক সুন্দরবনে বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বন সংরক্ষকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের চেক ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

এ আর্থিক সহায়তা সরকারের ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী প্রদান করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১০ মে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৌয়াল বাবলু গাজী বাঘের আক্রমণের শিকার হন। বাঘের আক্রমণে গুরুতর আহত বাবলুকে তার সঙ্গীরা প্রায় ১০ মিনিটের চেষ্টায় উদ্ধার করেন।

ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামসহ বন বিভাগের কর্মকর্তা, জেলে, বাওয়ালি ও মৌয়ালরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনসংলগ্ন এলাকার মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমানো এবং বন্যপ্রাণীর আক্রমণে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এছাড়া, লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করা হচ্ছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে বন বিভাগ।

খুলনা বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, "এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিউবওয়েলের মুখ থেকে গ্যাস বের হয়ে জ্বলছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


টিউবওয়েলের মুখ থেকে গ্যাস বের হয়ে জ্বলছে আগুন

টিউবওয়েলের মুখের উপরের অংশে দিয়াশলাই দিয়ে আগুন ধরালে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং একই সঙ্গে পানি পড়ছে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। যান্ত্রিক চাপ বা হাতল না টানিয়েও পানি ও আগুন অবিরত জ্বলছে। তবে গ্যাস বের হচ্ছে, এটি পরিষ্কার বোঝা যাচ্ছে। অদ্ভুত এই দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত কৌতূহলী মানুষ ভিড় করছেন।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের আদর্শ রূপালী কলোনিতে এই ঘটনা ঘটছে।

সরেজমিনে দেখা যায়, টিউবওয়েলের মুখ দিয়ে পানি বের হচ্ছে এবং উপরের অংশ দিয়ে আগুন জ্বলছে, চারপাশে উৎসুক জনতার ভিড়। কেউ ভিডিও করছে, আবার কেউ সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করছে।

বাড়ির মালিক আবদুল্লাহ মিয়া বলেন, ‘পানির প্রয়োজনে টিউবওয়েল বসানো হয়। কিছুদিন পানি ভালোই ছিল। পানি খারাপ মনে হচ্ছিল, ভাবলাম জায়গা পরিবর্তন করব। সিদ্ধান্ত নিলাম। হঠাৎ পানিতে হালকা গ্যাসের গন্ধ পায়। দু-চার দিন পর থেকে অনবরত পানি বের হচ্ছে আর আগুন জ্বলছে। বিষয়টি খুবই অদ্ভুত ও রহস্যময় মনে হচ্ছিল। পানি ও আগুনের দৃশ্য বেড়ে গেলো- উৎসুক জনতার ভীড় বাড়তে লাগলো। বর্তমানে এটি ঝরনার মতো পানি ও গ্যাস নির্গত করছে।

স্থানীয় বাসিন্দ নিয়াজ আজিজ বলেন, ‘ঘটনাটি শুনে প্রথমে বিশ্বাস হয়নি। পরে স্বচক্ষে দেখে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে দিই। কল থেকে আপনাআপনি পানি ও আগুন বের হওয়ায় এলাকার মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি বড় ধরনের আতঙ্কও তৈরি করেছে।’

এ বিষয়ে রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, ‘সাধারণত বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর ওপরে উঠে আসে এবং একটি প্রাকৃতিক চাপ তৈরি হয়। ফলে অনেক সময় হাতল ছাড়াই পানি ওপরে চলে আসতে পারে। তবে পানির সঙ্গে দাহ্য গ্যাস বের হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিশেষজ্ঞদের ধারণা, নলকূপের গভীরতা ভূগর্ভস্থ কোনো গ্যাসের পকেট বা গ্যাসের স্তরের সংস্পর্শে চলে যাওয়ার কারণেই এমনটি ঘটে থাকে। তবে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত জ্বালানি বিশেষজ্ঞ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘টিউবওয়েল থেকে পানি এবং আগুন জ্বলছে বিষয়টি জেনেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

‎

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে দুই বছর বয়সী আবু হুরাইয়া নামের এক শিশু প্রাণ হারিয়েছে।

এটি বুধবার (১১ নভেম্বর) ঘটেছে, যখন শিশুটি হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে যায়। নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও মোসা. শিরিনার ছোট সন্তান।

শিশুটির স্বজনরা জানিয়েছেন, শিরিনার প্রথম সন্তান খাদিজা (৬) কিডনিজনিত সমস্যায় ভুগছে। খাদিজাকে গত ৪ নভেম্বর রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্যদিকে, শিশুটির বাবা মো. হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন।

এ অবস্থায়, পরিবারের ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। নির্মাণকাজ চলাকালীন কোনো এক সময়ে শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে প্রাণ হারায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে শব্দদূষণ আইনে মসজিদকে লক্ষ্যবস্তু করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


ভারতে শব্দদূষণ আইনে মসজিদকে লক্ষ্যবস্তু করছে পুলিশ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে পুলিশের পক্ষ থেকে কয়েকটি মসজিদকে তিন দিনের মধ্যে মাইক বা লাউডস্পিকার খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে আদালতের নির্দেশনার উল্লেখ করে নোটিশগুলি প্রদান করা হলেও, মুসলিম নেতারা প্রশ্ন তুলেছেন, হিন্দু ধর্মীয় উৎসবের সময় উচ্চ শব্দে গান-বাজনা ও আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না। তাদের অভিযোগ, পুলিশ বেছে বেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে শব্দদূষণ আইন প্রয়োগ করছে।

গত ৯ নভেম্বর মালওয়ানি থানার পুলিশ মুম্বাইয়ের মালাড এলাকার কয়েকটি মসজিদের পরিচালনা কমিটিতে নোটিশ পাঠায়। এর মধ্যে এমএইচএডিএ আবাসিক এলাকার তাইয়্যিবা মসজিদও অন্তর্ভুক্ত। নোটিশ পাওয়ার পর মসজিদগুলোর প্রতিনিধিরা স্থানীয় থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা বারবার নোটিশ দেওয়ার বিষয়ে আপত্তি জানান এবং আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগ তোলেন।

গণেশ উৎসব ঘিরে প্রশ্ন

বৈঠকে মসজিদ প্রতিনিধিরা গণেশ উৎসবের সময় শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের বক্তব্য, গণেশ উৎসবের শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের সময় উচ্চ শব্দে গান-বাজনা, বাদ্যযন্ত্র এবং আতশবাজি ব্যবহার করা হয়। তারা জানতে চান, ওই সময়ও কি পুলিশের কাছ থেকে নোটিশ পেয়েছিলেন এবং শব্দের মাত্রা নিয়মিত পরীক্ষা করা হয়েছিল কি না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে মসজিদ প্রতিনিধিদের প্রশ্ন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হলে উৎসবের সময় অন্যান্য ধর্মীয় আয়োজনের ক্ষেত্রেও একই ধরনের নজরদারি ও পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না।

মালওয়ানি এমএইচএডিএ জামা মসজিদের সভাপতি সেলিম আবদুল শেখ অভিযোগ করেন, মসজিদগুলো নির্ধারিত শব্দসীমা মেনে চলার পরও বারবার লাউডস্পিকার খুলে ফেলার নোটিশ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বিষয়টি এখন হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই নোটিশ দেওয়া হচ্ছে। শব্দের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে থাকা সত্ত্বেও বারবার লাউডস্পিকার সরিয়ে নিতে চাপ দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, পুলিশ ইচ্ছাকৃতভাবে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে।’

আদালতের আদেশ ও পুলিশের নোটিশ

মার্চেন্ট ফাউন্ডেশনের প্রধান এবং মসজিদে হজরত আলীর প্রতিনিধি মুহাম্মদ জামিল মার্চেন্ট পুলিশের দেওয়া একটি নোটিশ সংবাদমাধ্যমকে দেখান। ওই নোটিশে লাউডস্পিকার খুলে ফেলার নির্দেশ রয়েছে। জ্যেষ্ঠ পরিদর্শক রানি পুরির সই করা নোটিশে ২০১০ সালে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে দায়ের করা শব্দদূষণসংক্রান্ত একটি জনস্বার্থ মামলার আদালতের নির্দেশনা এবং মুম্বাই পুলিশ কমিশনারের নির্দেশের উল্লেখ রয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিদের দাবি, লাউডস্পিকার ব্যবহারের জন্য তারা নিয়মিত পুলিশের অনুমতি নিয়েছেন এবং প্রযোজ্য বিধিনিষেধও মেনে চলেছেন। তবে সম্প্রতি অনুমতির আবেদন নিষ্পত্তিতে বিলম্ব করা হচ্ছে। নতুন সরকারি নির্দেশিকা আসতে পারে বলে তাদের জানানো হচ্ছে। এতে মসজিদে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান তারা।

মুহাম্মদ জামিল মার্চেন্ট বলেন, নিজেদের উদ্যোগে শব্দের মাত্রা পরিমাপ করে তার রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করছেন তাঁরা। এ জন্য একটি শব্দের মাত্রা পরিমাপক যন্ত্রও কেনা হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

আইনে কী বলা আছে

ভারতের শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও বিধিমালা) ২০০০ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া লাউডস্পিকার বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করা যায় না। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা জায়গায় লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে নির্দিষ্ট সাংস্কৃতিক, ধর্মীয় বা উৎসবের আয়োজনে বছরে সর্বোচ্চ ১৫ দিন রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যবহারের অনুমতি দিতে পারে রাজ্য সরকার।

মুম্বাই পুলিশের নিজস্ব ওয়েবসাইটেও লাউডস্পিকার ব্যবহারের অনুমতির শর্তাবলি প্রকাশ করা হয়েছে। সেখানে আবাসিক এলাকায় দিনের বেলায় শব্দের সর্বোচ্চ সীমা ৫৫ ডেসিবেল এবং রাতে ৪৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক এলাকায় এ সীমা যথাক্রমে ৬৫ ও ৫৫ ডেসিবেল। শিল্পাঞ্চল ও নীরব এলাকাসহ অন্যান্য এলাকার জন্যও পৃথক সীমা রয়েছে। পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, অনুমতি থাকলেও নির্ধারিত শব্দসীমা অতিক্রম করা যাবে না।

এদিকে মুম্বাইয়ের উপনগর জেলা প্রশাসনের ওয়েবসাইটে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে নির্ধারিত সীমার মধ্যে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহারের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিটির কার্যকারিতার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গণেশ উৎসবেও বিধিনিষেধের নির্দেশ

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্টের দেওয়া একটি আদেশও এ বিতর্কে গুরুত্বপূর্ণ। আদালত উৎসব ও শোভাযাত্রায় শব্দের মাত্রা পরিমাপ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদেশে উৎসবের সময় জনসাধারণের রাস্তা ও সড়কে আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়। পাশাপাশি অনুমতিপ্রাপ্ত আয়োজকদেরও শব্দের মাত্রা পরিমাপের ব্যবস্থা রাখতে এবং কর্তৃপক্ষকে নিয়মিত শব্দের মাত্রা রেকর্ড করতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনায় গণেশ বিসর্জন শোভাযাত্রায় শব্দের মাত্রা পর্যবেক্ষণ, অনুমতিবিহীন সাউন্ড সিস্টেম বন্ধ করা এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও রয়েছে। অর্থাৎ বিধিনিষেধ শুধু মসজিদের জন্য নয়; উৎসবের শোভাযাত্রা ও অন্যান্য ধর্মীয় আয়োজনের ক্ষেত্রেও তা প্রযোজ্য।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে মহারাষ্ট্র পুলিশ বোম্বে হাইকোর্টকে জানিয়েছিল, রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও অন্যান্য প্রতিষ্ঠানে স্থাপিত ২ হাজার ৮১২টি অবৈধ লাউডস্পিকারের মধ্যে ৩৪৩টি সরিয়ে ফেলা হয়েছে এবং ৮৩১টি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ওই তালিকায় মসজিদ, মন্দির, দরগাহ, গির্জা, গুরুদুয়ারাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ছিল। আদালত তখনও সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুমতি ও শব্দদূষণসংক্রান্ত নিয়ম কঠোরভাবে মানার ওপর জোর দিয়েছিলেন।

অন্যদিকে, ২০২৬ সালের গণেশ উৎসবের আগে মুম্বাইয়ের গণেশ মণ্ডপগুলোকে প্রতিমা বিসর্জনের নির্দিষ্ট চার দিনে সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত লাউডস্পিকার ও অ্যামপ্লিফায়ার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এ অনুমতির ক্ষেত্রেও নির্ধারিত শব্দসীমা মেনে চলার শর্ত ছিল।

সমানভাবে আইন প্রয়োগের দাবি

মসজিদ প্রতিনিধিদের অভিযোগ, তারা লাউডস্পিকার ব্যবহারের অনুমতি নিয়ে নিয়ম মেনে চলার চেষ্টা করলেও বারবার নোটিশ ও প্রশাসনিক জটিলতার মুখে পড়ছেন। অন্যদিকে, উৎসবের সময় উচ্চ শব্দে গান-বাজনা ও আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে একই মাত্রার নজরদারি হচ্ছে কি না, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।

ভারতের মসজিদগুলোতে সাধারণত আজান প্রচারের জন্য লাউডস্পিকার ব্যবহার করা হয়। তাই এ নিয়ে বিধিনিষেধ ধর্মীয় চর্চা ও স্বাধীনতার প্রশ্নের সঙ্গেও জড়িত। মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিরা সব ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে শব্দদূষণ আইন সমানভাবে প্রয়োগ, অনুমতি দেওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা এবং অভিযোগের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।

সূত্র: ক্ল্যারিয়ন ইন্ডিয়া, বোম্বে হাইকোর্ট, মুম্বাই পুলিশ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ফ্রি প্রেস জার্নাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%