ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার ডিসির আহ্বান, মেধাবীদের দেশ গড়ার কারিগর হতে হবে


ঢাকার ডিসির আহ্বান, মেধাবীদের দেশ গড়ার কারিগর হতে হবে

ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম মন্তব্য করেছেন যে, মেধাবী হয়ে শুধুমাত্র বিদেশে পাড়ি দিলেই হবে না, বরং মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘মেধাবী হয়ে শুধু বিদেশে পাড়ি দিলেই হবে না। বিদেশে গিয়ে কেবল নিজের ভবিষ্যৎ গড়লেই চলবে না, মেধা দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের হতে হবে দেশ গড়ার কারিগর।’

রোববার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

জেলা প্রশাসকের কার্যালয় ও আওতাধীন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩ শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম বলেন, ‘জিপিএ-৫ পাওয়া তোমাদের জীবনের শেষ গন্তব্য নয়, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তোমাদের লক্ষ্য হতে হবে আরও বড়।’

আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, ড. এফ আর খান, জাওয়েদ করিম, সালমান খান, ড. আতাউল করিম, ড. জাহিদ হাসান ও তাহমিমা আনামের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশিদের উদাহরণ।

তিনি আরও বলেন, বাংলাদেশি মেধার কোনো সীমা নেই। শিক্ষার্থীদের নিজেদের সাফল্যের পাশাপাশি দেশের জন্যও নতুন সাফল্যের গল্প লিখতে হবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

জেলা প্রশাসক বলেন, ভবিষ্যতে বিশ্ব শুধু বাংলাদেশি মেধাবীদের নয়, বাংলাদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি ও ব্র্যান্ডকেও চিনবে। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ নিয়ে বিশ্বজুড়ে পরিচিত হবে এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

তিনি যোগ করেন, ‘তোমরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি সৃষ্টি করবে। শুধু প্রযুক্তি ব্যবহার করবে না, প্রযুক্তি তৈরি করবে। বিদেশি ব্র্যান্ড ব্যবহারের পাশাপাশি নিজেদের ব্র্যান্ডকেও বিশ্বদরবারে পরিচিত করে তুলবে।’

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, স্টাফ অফিসার টু ডিসি মো. ইসরাফিল জাহান এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে পুলিশের অভিযানে গ্রেফতার দুই ওয়ারেন্টভুক্ত আসামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


হাকিমপুরে পুলিশের অভিযানে গ্রেফতার দুই ওয়ারেন্টভুক্ত আসামী

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হাকিমপুর থানা পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন—হাকিমপুর পৌরসভার উত্তর বাসুদেবপুর এলাকার রাজু মিয়ার ছেলে ফনি মিয়া (২২) এবং অপরজন হলেন উপজেলার সাতকুড়ি এলাকার ইয়াসমিন আলীর ছেলে মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক (৪৮)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফনি মিয়ার বিরুদ্ধে জিআর মামলা নং-৯/২৬ এবং মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হকের বিরুদ্ধে মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্ট রয়েছে, যার জিআর মামলা নং-৮১/১৪।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে ‘এলগনিং’ প্রকল্পের উদ্বোধন, জলবায়ু সহনশীল কৃষি শিক্ষায় নতুন দিগন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বাকৃবিতে ‘এলগনিং’ প্রকল্পের উদ্বোধন, জলবায়ু সহনশীল কৃষি শিক্ষায় নতুন দিগন্ত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি শিক্ষাকে আধুনিকায়নের উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক প্রকল্প ‘এলগনিং’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘জলবায়ু সহনশীলতার জন্য কৃষি ও কৃষিব্যবসা শিক্ষার ভবিষ্যৎ গঠন’ এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে কৃষি ও কৃষিব্যবসা শিক্ষায় জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত প্রকল্পটির লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে কৃষি শিক্ষাকে সময়োপযোগী করা এবং জলবায়ু-সহনশীল কৃষি ও কৃষিব্যবসা খাত গড়ে তোলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের। পরে এলগনিং প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক ও কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

‘কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসায় শিক্ষায় জলবায়ু সহনশীলতা’ বিষয়ে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক মো. আব্দুর রউফ। আলোচনায় সভাপতিত্ব করেন কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান। এতে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, "এশিয়ায় কৃষি উদ্ভাবনকে এগিয়ে নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসাকে আরও টেকসই ও জলবায়ু সহনশীল করাই এলগনিং প্রকল্পের মূল লক্ষ্য।" এর আওতায় বাংলাদেশ ও কম্বোডিয়ার পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উদ্ভাবনী ক্লাস্টার গড়ে তোলা হবে। গ্রিন ডিল, ডিজিটাল রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে অনলাইন ও ব্লেন্ডেড লার্নিং কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, "কর্মপরিবেশে প্রযুক্তি ও নতুন গবেষণাকে সমন্বিত করা অত্যন্ত জরুরি।" গবেষণার ধারাকে আরও সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পারস্পরিক প্রশিক্ষণ ও সফরের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্যবান তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। বাকৃবিতে দক্ষ গবেষক ও বিজ্ঞানীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। তাঁদের যৌথ যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে এ উদ্যোগ থেকে আরও ভালো ফলাফল আসবে বলে আশা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশানে মিছিল করে লাভ নেই, শেখ হাসিনা আসবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


গুলশানে মিছিল করে লাভ নেই, শেখ হাসিনা আসবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা গুলশানে মিছিল-সমাবেশ করলেও পলাতক স্বৈরাচার শেখ হাসিনা আর দেশে ফিরবেন না এবং তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। আজ রোববার এক বক্তব্যে তিনি আওয়ামী লীগকে সতর্ক করে এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আওয়ামী লীগ ও তাদের নেত্রীর জন্য বাংলাদেশে ফিরে আসার একটাই সুযোগ রয়েছে, তা হলো আদালতে বিচারের মুখোমুখি হওয়া। কোর্ট যে রায় দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নির্ধারিত হবে; বিচারের আগে তাদের রাজনীতির বা ফেরার কোনো সুযোগ নেই।

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা, মামলা বা মিছিল-হাঙ্গামা করে কোনো লাভ হবে না। গুলশানে যারা ঝটিকা মিছিলের চেষ্টা করেছিল, তাদের সাইজ করা হয়েছে এবং রাজপথে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না।

বক্তব্যে তিনি জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া গতিশীল না হওয়া এবং স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, সাধারণ মানুষ যেখানেই যাচ্ছে সেখানেই স্বীকৃত চাঁদাবাজির শিকার হচ্ছে।

জনগণের এসব সামাজিক দুর্ভোগের কথা বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলনের দফায় নতুন দাবি যুক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর বাঘায় অস্ত্রসহ স্ত্রী রোজিনা খাতুন আটক, স্বামী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


রাজশাহীর বাঘায় অস্ত্রসহ স্ত্রী রোজিনা খাতুন আটক, স্বামী পলাতক

রাজশাহীর বাঘায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রোজিনা খাতুন (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে, তাঁর কাছে দুটি অবৈধ বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি ছিল। তবে অভিযানের সময় তাঁর স্বামী মো. রুবেল হোসেন (৪৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আলাইপুর নাপিতপাড়া গ্রামে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া রোজিনা খাতুন ওই গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে বাঘা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিল ডিবি পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদ আসে যে আলাইপুর গ্রামে রুবেল ও তাঁর স্ত্রীর কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুত রয়েছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোজিনা খাতুন পালানোর চেষ্টা করলে তাঁকে ঘিরে ধরে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি।

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, অভিযানের সময় কৌশলে পালিয়ে যাওয়া রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার রোজিনার বিরুদ্ধে বাঘা থানায় আগের একটি মামলা রয়েছে। অন্যদিকে পলাতক স্বামী রুবেলের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে একটি এবং কুষ্টিয়া জেলায় একটিসহ মোট ১৫টি মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%