ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব


পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : শ্রমিকপক্ষ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে। পাশাপাশি নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাবও উত্থাপন করা হয়েছে।

আজ রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এই প্রস্তাবটি উপস্থাপন করা হয়। তিন ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করা হয়।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সমস্যা তুলে ধরা

সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে এ বি এম সামছুদ্দিন মন্তব্য করেন, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে সাম্প্রতিক বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকদের কারখানার কার্যক্রম সচল রাখার দিকে বেশি মনোযোগ দিতে হচ্ছে। এই কারণে মজুরি প্রস্তাব তৈরির জন্য তাদের আরও সময়ের প্রয়োজন। তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ডের সদস্যদের সম্মতিতে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে।

এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। আগামী সভায় তারা প্রস্তাব দিতে ব্যর্থ হলে বোর্ড সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেবে। বোর্ড তাদের প্রস্তাবের জন্য অপেক্ষা করবে না।

ব্রিফিংয়ে চেয়ারম্যান উল্লেখ করেন, সভায় সর্বসম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শ্রমিকদের বাস্তব অবস্থা ও প্রত্যাশা সরাসরি জানতে চলতি সপ্তাহের মধ্যে বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলের সব শ্রেণির পোশাক কারখানা পরিদর্শন করবেন।

এছাড়া, মজুরি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক সূচকগুলো পর্যালোচনার দায়িত্ব বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।

আরও পড়ুন: মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান এবং মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে। তারা আশা প্রকাশ করেন, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকেই কার্যকর করা সম্ভব হবে। সে ক্ষেত্রে শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতের দায়ে চার প্রতিষ্ঠানে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ এম


বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতের দায়ে চার প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়া, ৯ নভেম্বর, ২০২৬ : মরিচ শুকানোর কাজ চলছে ময়লা-আবর্জনার পাশে। খাবার তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ শিল্পলবণ। মিষ্টির মধ্যে পোকা পাওয়া গেছে। খাবার পরিবেশন করা হচ্ছে পত্রিকার কালি লাগানো কাগজে।

ভ্রাম্যমাণ আদালত আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার চারটি হোটেল ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অনিয়মের সন্ধান পায়। এসব অপরাধের জন্য মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

অভিযান চলাকালীন বিসমিল্লাহ হোটেলে দেখা যায়, ময়লা-আবর্জনার সঙ্গে মরিচ শুকানো হচ্ছে। নিষিদ্ধ শিল্পলবণ খাবার তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এমনকি ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার করা হচ্ছিল। খাবার তৈরি ও সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়।

গ্রামীণ ফুডসে ফ্রিজে দীর্ঘদিনের পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা মেয়াদের তথ্য ছাড়া সংরক্ষণ করা হচ্ছিল। বিদেশি চকলেট ও খাদ্যপণ্য আমদানির প্রয়োজনীয় প্রমাণক ছাড়া মজুত ও বাজারজাত করার তথ্যও পাওয়া যায়।

মৌবন ফুডসে তৈরি খাবারের মধ্যে পোকা পাওয়া যায়। খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।

অন্যদিকে, হোটেল স্টারে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা হচ্ছিল। অপরিচ্ছন্ন হাতে ও টেবিলে খাবার তৈরি এবং পত্রিকার কালি লাগানো কাগজে খাবার পরিবেশন ও সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানের সময় চারটি প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও নজরে আসে। এসব অপরাধের দায় স্বীকার করায় বিসমিল্লাহ হোটেলকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা এবং গ্রামীণ ফুডসকে একই আইনের ৩৩ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মৌবন ফুডসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় পাঁচ হাজার টাকা এবং হোটেল স্টারকে একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

অভিযানের পর প্রতিষ্ঠানগুলোর মালিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনে নানা অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্ব পালন করে সান্তাহার ফাঁড়ি পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব পর্যালোচনা করছে ইনভেস্ট বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ এম


ফটিকছড়িতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব পর্যালোচনা করছে ইনভেস্ট বাংলাদেশ

সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : ইনভেস্ট বাংলাদেশ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অর্থনৈতিক অঞ্চল বা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবটি পর্যালোচনা করছে। এ প্রস্তাবটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে প্রস্তাবিত এলাকায় জমি, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর প্রাপ্যতা যাচাইয়ের কাজ চলছে।

জাতীয় সংসদে আজ চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সদস্য সরোয়ার আলমগীরের এক প্রশ্নের জবাবে সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য প্রদান করেন।

মন্ত্রী উল্লেখ করেন, ফটিকছড়ির ভৌগোলিক অবস্থান এবং বিনিয়োগ সম্ভাবনা বিবেচনায় সেখানে অর্থনৈতিক অঞ্চল বা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবটি পাঠানো হয়েছে। প্রস্তাবটির পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামোর প্রাপ্যতা যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প স্থাপন, প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে সেখানে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, দেশে শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে জমির ধারাবাহিকতা এবং ব্যবহার উপযোগিতা বিবেচনায় এ পর্যন্ত ১০টি সরকারি অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম চলছে। এর মধ্যে সম্ভাবনাময় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাঁচটি শিল্পাঞ্চলে বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে পূর্ণাঙ্গ বাস্তবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়া, অব্যবহৃত সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার, নতুন শিল্প স্থাপন এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বন্ধ তিনটি রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ এম


মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

অনুমোদন পাওয়ার পর সংসদে বিল সময়মতো না আসায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল চরম অসন্তোষ ও উষ্মা প্রকাশ করেছেন। তিনি নির্বাহী বিভাগকে উদ্দেশ্য করে আইনসভাকে অবজ্ঞা না করে শক্তিশালী করার জন্য আহ্বান জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন।

সোমবার জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপনের সময়, মন্ত্রিসভায় পাস হওয়ার পর সংসদে আসতে চার মাস সময় লাগার প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার এই প্রতিক্রিয়া জানান। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উত্থাপন করেন।

বিল উত্থাপনের পূর্বে মন্ত্রীকে উদ্দেশ্য করে ডেপুটি স্পিকার বলেন, "গত ২৩ জুলাই এটি মন্ত্রিসভায় অনুমোদিত হলেও চার মাস ধরে কেন সংসদে আসেনি?" তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও নির্বাহী বিভাগ থেকে আইনসভায় বিল সময়মতো না পাঠানোর কারণে সংসদ সদস্যরা তা পর্যালোচনার সুযোগ পান না। নির্ধারিত সময়ের পর আসায় বিশেষ ক্ষমতা (টাইম কন্ডোন) ব্যবহার করে অনুমতি দিতে হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, “মন্ত্রিপরিষদে অনুমোদিত বিল সংসদে আসতে তিন-চার মাস সময় লাগার কথা নয়। আপনি উত্থাপন করতে পারেন, তবে পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে। লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর করবেন না।”

সংসদে ক্ষোভ প্রকাশের পর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে উল্লেখ করা হয়, রাজউক, সিডিএ, কেডিএ এবং আরডিএ-র আদলে বগুড়া সিটি করপোরেশন ও এর আশপাশের এলাকার ভূমি ব্যবহারের পরিকল্পনা, জরিপ, এবং আধুনিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা হবে।

তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন

এদিকে, বর্তমান জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে জারি করা তিনটি অধ্যাদেশও সোমবারের প্রথম বৈঠকে পেশ করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো—‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ–২০২৬’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ–২০২৬’ এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ–২০২৬’। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো জাতীয় সংসদে উত্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ এম


শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রাথমিক পর্যায়ে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে, যেখানে শুধুমাত্র শ্রমিক ভাই-বোনদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এই হাসপাতালগুলো ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে এবং সেই উদ্দেশ্যেই এগুলো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যার মধ্যে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সেই সময়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে ভেঙে ফেলা হয়েছিল যে, আগের গণতান্ত্রিক সরকারগুলোর আমলে গড়ে ওঠা অবকাঠামোও টিকে থাকেনি।

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে এতটাই সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল যে, মানুষ চিকিৎসার জন্য অন্য দেশে যেতে বাধ্য হতো।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং দেশের খনিজ সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করা হয়নি; ফলে প্রতিটি বিষয়ের জন্য দেশকে আমদানির ওপর নির্ভর করতে হয়েছে।

তিনি উল্লেখ করেন, এমন সব নীতি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল যা দেশে শিল্পের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করেছে।

সংসদের আগের একটি অধিবেশনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিরোধী দলীয় নেতাও তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আজ বিকেল ৩টা ৩৮ মিনিটে অধিবেশনটি শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%