প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়া, ৯ নভেম্বর, ২০২৬ : মরিচ শুকানোর কাজ চলছে ময়লা-আবর্জনার পাশে। খাবার তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ শিল্পলবণ। মিষ্টির মধ্যে পোকা পাওয়া গেছে। খাবার পরিবেশন করা হচ্ছে পত্রিকার কালি লাগানো কাগজে।
ভ্রাম্যমাণ আদালত আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার চারটি হোটেল ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অনিয়মের সন্ধান পায়। এসব অপরাধের জন্য মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
অভিযান চলাকালীন বিসমিল্লাহ হোটেলে দেখা যায়, ময়লা-আবর্জনার সঙ্গে মরিচ শুকানো হচ্ছে। নিষিদ্ধ শিল্পলবণ খাবার তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এমনকি ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার করা হচ্ছিল। খাবার তৈরি ও সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়।
গ্রামীণ ফুডসে ফ্রিজে দীর্ঘদিনের পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা মেয়াদের তথ্য ছাড়া সংরক্ষণ করা হচ্ছিল। বিদেশি চকলেট ও খাদ্যপণ্য আমদানির প্রয়োজনীয় প্রমাণক ছাড়া মজুত ও বাজারজাত করার তথ্যও পাওয়া যায়।
মৌবন ফুডসে তৈরি খাবারের মধ্যে পোকা পাওয়া যায়। খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।
অন্যদিকে, হোটেল স্টারে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা হচ্ছিল। অপরিচ্ছন্ন হাতে ও টেবিলে খাবার তৈরি এবং পত্রিকার কালি লাগানো কাগজে খাবার পরিবেশন ও সংরক্ষণ করতে দেখা যায়।
অভিযানের সময় চারটি প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও নজরে আসে। এসব অপরাধের দায় স্বীকার করায় বিসমিল্লাহ হোটেলকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা এবং গ্রামীণ ফুডসকে একই আইনের ৩৩ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মৌবন ফুডসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় পাঁচ হাজার টাকা এবং হোটেল স্টারকে একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অভিযানের পর প্রতিষ্ঠানগুলোর মালিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনে নানা অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্ব পালন করে সান্তাহার ফাঁড়ি পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন