প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অনুমোদন পাওয়ার পর সংসদে বিল সময়মতো না আসায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল চরম অসন্তোষ ও উষ্মা প্রকাশ করেছেন। তিনি নির্বাহী বিভাগকে উদ্দেশ্য করে আইনসভাকে অবজ্ঞা না করে শক্তিশালী করার জন্য আহ্বান জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন।
সোমবার জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপনের সময়, মন্ত্রিসভায় পাস হওয়ার পর সংসদে আসতে চার মাস সময় লাগার প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার এই প্রতিক্রিয়া জানান। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উত্থাপন করেন।
বিল উত্থাপনের পূর্বে মন্ত্রীকে উদ্দেশ্য করে ডেপুটি স্পিকার বলেন, "গত ২৩ জুলাই এটি মন্ত্রিসভায় অনুমোদিত হলেও চার মাস ধরে কেন সংসদে আসেনি?" তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও নির্বাহী বিভাগ থেকে আইনসভায় বিল সময়মতো না পাঠানোর কারণে সংসদ সদস্যরা তা পর্যালোচনার সুযোগ পান না। নির্ধারিত সময়ের পর আসায় বিশেষ ক্ষমতা (টাইম কন্ডোন) ব্যবহার করে অনুমতি দিতে হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, “মন্ত্রিপরিষদে অনুমোদিত বিল সংসদে আসতে তিন-চার মাস সময় লাগার কথা নয়। আপনি উত্থাপন করতে পারেন, তবে পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে। লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর করবেন না।”
সংসদে ক্ষোভ প্রকাশের পর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে উল্লেখ করা হয়, রাজউক, সিডিএ, কেডিএ এবং আরডিএ-র আদলে বগুড়া সিটি করপোরেশন ও এর আশপাশের এলাকার ভূমি ব্যবহারের পরিকল্পনা, জরিপ, এবং আধুনিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা হবে।
তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন
এদিকে, বর্তমান জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে জারি করা তিনটি অধ্যাদেশও সোমবারের প্রথম বৈঠকে পেশ করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো—‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ–২০২৬’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ–২০২৬’ এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ–২০২৬’। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো জাতীয় সংসদে উত্থাপন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন