০২:৫৯ এম
শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষিজমির মাটি কাটার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারও রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে ছয়গাঁও ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারার অধীনে রোকন সরদার (৩৫) ও তাজেল সরদারকে (২৭) তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে (২০) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: মির্জাপুরে ইমন হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা যুবরাজ গ্রেপ্তার
দণ্ডপ্রাপ্ত রোকন সরদার পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে। তাজেল সরদার ছয়গাঁও গ্রামের রব সরদারের সন্তান। রুহুল আমিনের বাবার নাম আব্দুর রশিদ, তিনি সোহেল ফ্রান্সেগাঁও এলাকার বাসিন্দা। রহিম বাদশা নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
ইউএনও আবুবকর সিদ্দিক মন্তব্য করেন, "ভেদরগঞ্জ উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন