ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে


পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে

সিলেটের পাথর কোয়ারিগুলো পুনরায় চালু হলে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং পাথর আমদানিনির্ভরতা কমবে। ছয় বছরের দীর্ঘ বন্ধের কারণে পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিংয়ের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। অনেক ব্যবসায়ী লোকসান ও ঋণের চাপে নিঃস্ব হয়ে গেছেন।

২০২০ সালের আগে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের বিভিন্ন কোয়ারি থেকে বছরে প্রায় ৫০ লাখ টন পাথর উত্তোলন করা হতো। সংশ্লিষ্টদের দাবি, এতে দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হতো। কোয়ারি বন্ধ থাকার কারণে বর্তমানে বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার পাথর আমদানি করতে হচ্ছে।

কোয়ারি বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও আবাসন খাতেও স্থবিরতা নেমে এসেছে। অনেক ব্যবসায়ী ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতভিটা হারিয়েছেন। কর্মসংস্থানের অভাবে অনেকে জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন।

আরও পড়ুন: ফেনীর লালপোল বেদে পল্লীতে পুলিশের অভিযান, ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১৪

সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচনের আগে পাথর কোয়ারি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইনি জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও চলতি মৌসুমে পাথর উত্তোলন শুরুর আশ্বাস তিনি প্রদান করেছেন।

এদিকে সিলেট ও সুনামগঞ্জের কোয়ারিগুলো সীমিত পরিসরে পুনরায় ইজারা দেওয়ার বিষয়টি পর্যালোচনার জন্য গত ৭ মে সরকার একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। সিলেট বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ইতোমধ্যে কোয়ারি এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।

সিলেট বিভাগীয় পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল বলেন, "দীর্ঘদিন ধরে বৈধভাবে পাথর উত্তোলনের সুযোগ চাওয়া হচ্ছে। কোয়ারি বন্ধ থাকায় অধিকাংশ ব্যবসায়ী ঋণের চাপে বিপর্যস্ত। পরিবেশ ও আইন মেনে দ্রুত কোয়ারি চালুর ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।"

আরও পড়ুন: খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে ৭ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি বীথিকার দাবি: রামগতি-কমলনগরের ৭০টি অবৈধ ইটভাটা বন্ধ হোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ এম


এমপি বীথিকার দাবি: রামগতি-কমলনগরের ৭০টি অবৈধ ইটভাটা বন্ধ হোক

লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার ৭০টি অবৈধ ইটভাটা বন্ধ করার দাবি জানিয়েছেন এমপি বীথিকা বিনতে হোসাইন। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের অধীনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

বীথিকা বলেন, ‘আজ জাতীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের প্রায় সাত লাখ মানুষের দীর্ঘদিনের একটি দুর্ভোগের দিকে। সেই দুর্ভোগের নাম অবৈধ ইটভাটা।’

তিনি আরও বলেন, রামগতি-কমলনগরের মানুষ মেঘনার ভয়াবহ নদীভাঙনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছেন। নদীভাঙনে তারা হারিয়েছেন বসত-ভিটা, কৃষিজমি, জীবিকা এবং বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পদ। যেখানে নিরাপদ পরিবেশ ও জীবিকার নিশ্চয়তা সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে নতুন করে তাদের জীবনের ওপর চাপ সৃষ্টি করছে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম।

বীথিকা বলেন, ‘রামগতি-কমলনগর উপজেলার একটিতেই রয়েছে ৫৩টি অবৈধ ইটভাটা। তার মধ্যে একটি গ্রামেই রয়েছে ৩৬টি। দুইটি উপজেলায় ৭০টির অধিক ইটভাটা থাকলেও তার মধ্যে মাত্র ৮টির রয়েছে বৈধতার ছাড়পত্র। সম্প্রতি আদালতের নির্দেশনা এবং আমার নিজস্ব ও হইপ আশরাফ উদ্দিন নিজানের ডিও লেটার দেওয়া সত্ত্বেও অবৈধ ইটভাটা ভাঙার নির্দেশনা বাস্তবায়নে এখন পর্যন্ত কার্যকর ভূমিকা দেখা যায়নি। ১৪টি ইটভাটা দৃশ্যমান ভাঙা হলেও পরদিনই আবার এগুলো চালু হয়ে যাচ্ছে কিংবা হয়ে গেছে। প্রশ্ন হলো- কার ইশারায় এত প্রভাবশালী এসব অবৈধ ইটভাটার মালিকরা।’

তিনি উল্লেখ করেন, এই পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের ফলে গাছগাছালি ও ফসল বিনষ্ট হচ্ছে। অন্যদিকে নবজাতক শিশুরা খর্বকায় ও বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে। আবার গ্রামীণ রাস্তায় ভারি যানবাহন চলাচলের কারণে দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব রাস্তা। প্রতিনিয়ত ঝুঁকির সম্মুখীন হচ্ছে স্কুলগামী শিশুসহ সকল শ্রেণির মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালার অডিটোরিয়াম নেশাখোরদের দখলে, সংস্কারের উদ্যোগ নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ এম


তালার অডিটোরিয়াম নেশাখোরদের দখলে, সংস্কারের উদ্যোগ নেই

তালা উপজেলার পাটকেলঘাটার একমাত্র অডিটোরিয়াম বর্তমানে নেশাখোরদের আড্ডা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই সরকারি জরাজীর্ণ ভবনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজনৈতিক দলের নেতারা বারবার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি।

১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান এমপি পাটকেলঘাটা হাই স্কুলের মধ্যে একটি অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। তখন স্কুলের জমিদাতা তালা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক জমিদাতা মফিদুল ইসলাম, জমিদাতা আবু বক্কার এবং প্রধান শিক্ষক পশুপতি সহ ১০ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এক হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন একটি বিল্ডিং নির্মাণ করা হয়, যেখানে একটি স্টেজ তৈরি হয় এবং দক্ষিণ পাশে বিশাল দুটি রেস্ট রুম নির্মাণ করা হয়। উপরে টিনের ছাউনি তৈরি করা হয় এবং গরমের সময়ের কথা চিন্তা করে বড় বড় জানালা নির্মাণ করা হয়। এই কাজ সম্পন্ন হতে এক বছর সময় লাগে। ১৯৮০ সালের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঐতিহাসিক অডিটোরিয়ামটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এরপর থেকে রাজনৈতিক দলের সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষকদের ট্রেনিং, দর্জি প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সভা-সমাবেশের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পাটকেলঘাটা অডিটোরিয়াম। অডিটোরিয়ামের রক্ষণাবেক্ষণ, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ ছিল স্কুলের হাতে। কিন্তু ১৯৯৬ সালে অডিটোরিয়ামের নিয়ন্ত্রণ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে চলে যায়। তখন থেকে অডিটোরিয়ামে অনুষ্ঠান করার জন্য তালায় অবস্থিত ইউএনও অফিসের অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা চালু হয়। আমলাতান্ত্রিক জটিলতা এবং ইউএনও অফিসের অবস্থান ভিন্ন হওয়ার কারণে, ধীরে ধীরে অডিটোরিয়াম ব্যবহারে নিরুৎসাহিত হতে থাকে ব্যবহারকারীরা। বিকল্প হিসেবে খোলামেলা স্থানে অনুষ্ঠান করার প্রচলন শুরু হয়, ফলে অডিটোরিয়াম ব্যবহারে উল্লেখযোগ্য হ্রাস ঘটে এবং এক সময় সেটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়।

এমন পরিস্থিতিতে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অডিটোরিয়ামটির সংস্কারের উদ্যোগ নেন। ২০১১ সালের দিকে সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু জরাজীর্ণ এই ভবনের সংস্কারে সেই অর্থ অপ্রতুল হওয়ায় নামমাত্র সংস্কার হলেও তা ব্যবহার উপযোগী করা সম্ভব হয়নি। অন্যান্য সময়ে জনপ্রতিনিধিরা অডিটোরিয়ামটির সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়নে এগিয়ে আসেনি।

পাটকেলঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, "অডিটোরিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়ার বিশেষ প্রয়োজন।" পাটকেলঘাটার ব্যবসায়ী ও সাংবাদিক হামিদুল ইসলাম জানান, "অডিটোরিয়ামটি এখন জরাজীর্ণ। এই ভবনই পাটকেলঘাটা বাণিজ্য কেন্দ্রের ঐতিহ্যের সাক্ষ্য দেয়।" অডিটোরিয়ামটি দ্রুত সংস্কারের দাবি জানান। তালা উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আফরোজা স্বর্ণা জানান, "এই মুহূর্তে সরকারি কোনো বরাদ্দ নেই। যদি বরাদ্দ আসে তাহলে সংস্কার করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা কর্মসূচিতে নূর হোসেন দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ এম


নানা কর্মসূচিতে নূর হোসেন দিবস পালিত

গতকাল মঙ্গলবার সারাদেশে নূর হোসেন দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শহীদ নূর হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন, যারা হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল।

দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর গুলিস্তানের শহীদ নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন দল ও সংগঠন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিকের নেতৃত্বে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ’৯০-এর ছাত্র গণআন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যসহ বিভিন্ন দল ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। রাজধানীর জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরেও শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাইফুল হক মন্তব্য করেন, “নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মদানকারী শহীদরা আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের অনুপ্রেরণার উৎস। তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের আত্মদানের যথার্থ মর্যাদা দেওয়া সম্ভব।”

বাংলাদেশ ছাত্র কেন্দ্রের সভাপতি রাজু আহমেদ বলেন, গণতন্ত্রের লড়াইয়ে নূর হোসেনের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নূর হোসেন।

এদিকে, শহীদ নূর হোসেন-আমিনুল হুদা টিটো দিবস পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। প্রথমে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নব্বইয়ের গণআন্দোলনের আরেক শহীদ ক্ষেতমজুর নেতা সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। ক্ষেতমজুর সমিতিসহ দলের বিভিন্ন গণসংগঠন নেতারাও শ্রদ্ধা জানান।

এ সময় সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, লুনা নূর ও সংগঠক আরিফুল ইসলাম নাদিম উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, নব্বইয়ের গণআন্দোলন ও মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। তা বাস্তবায়নে এখনও অনেক পথ বাকি রয়েছে।

আবদুল্লাহ ক্বাফী রতন মন্তব্য করেন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরসহ মেহনতি মানুষের অধিকার ও জীবন-জীবিকার নিশ্চয়তা ছাড়া গণতন্ত্র অর্থবহ হতে পারে না।

রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, অতীতের সরকারের মতো বর্তমান বিএনপি সরকারও একই পথেই হাঁটছে, এটাই আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। বক্তারা বলেন, গণভোটের রায় অমান্য করার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নেই। বিএনপি সরকার যদি সে নিকৃষ্ট উদাহরণ তৈরি করে, তবে বিএনপি ও তাদের ত্যাগী নেতাকর্মীদের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।

গতকাল নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অনুষ্ঠিত ‘রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলন এই আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তব্য দেন দলের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম ফরিদ ও লামিয়া ইসলাম প্রমুখ। সভায় সঞ্চালনা করেন অ্যাডভোকেট রোকন রকি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ এম


বাংলাদেশে নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক।

বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ দেখিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের দ্বি-পক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়া পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান।

তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সম্ভাব্য সহযোগিতা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশিদের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। তিনি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগী হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

এছাড়া বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পাটপণ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ নিয়েও বৈঠকে কথা হয়েছে। এক্ষেত্রে তুরস্কের ফার্স্ট লেডি বিশেষ আগ্রহ দেখিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডা. জুবাইদা রহমান বৈঠকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের যেসব স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, সে বিষয়গুলো তুলে ধরেন।

এ ছাড়া পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কে তিনি তুরস্কের ফার্স্ট লেডিকে জানান।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রফতানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-তুরস্ক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়ার সময় এমিনে এরদোয়ান কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।

দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেয়া হয়েছে।

এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারীদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।

তিনি জানান, এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এলক্ষ্যে তিনি একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চান, যারা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

শামা ওবায়েদ আরও বলেন, ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এমিনে এরদোয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%