রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪৪ পি.এম
ভারতের অন্যতম প্রাচীন ও বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের মূল হোল্ডিং কম্পানি ‘টাটা সন্স’-এর শীর্ষ নেতৃত্ব এবং শেয়ারবাজারে তালিকাভুক্তি (আইপিও) নিয়ে গুরুতর অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি হয়েছে। কোম্পানির ৬৬ শতাংশ শেয়ারের মালিক ‘টাটা ট্রাস্টস’-কে অবহিত না করে পর্ষদ চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে পুনর্বাহাল করার সিদ্ধান্ত এবং আইপিও-তে যাওয়ার পরিকল্পনার পর এই দ্বন্দ্ব এখন আইনি লড়াইয়ের দিকে এগোচ্ছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ১৫৮ বছরের পুরনো এই বহুজাতিক প্রতিষ্ঠানের অচলাবস্থার পেছনে দুটি প্রধান বিতর্ক রয়েছে। প্রথমত, টাটা সন্সের পরিচালনা পর্ষদের মনোনয়ন কমিটি সম্প্রতি এন চন্দ্রশেখরনকে আগামী পাঁচ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ দিয়েছে। কিন্তু টাটা ট্রাস্টস এই সিদ্ধান্তকে অবৈধ ও গঠনতন্ত্রবিরোধী বলে দাবি করেছে। ট্রাস্টসের বক্তব্য, কোম্পানির করপোরেট নীতি অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সে কোনো নির্বাহী পদে থাকার নিয়ম নেই, এবং চন্দ্রশেখরন ২০২৮ সালে ৬৫ বছর পূর্ণ করবেন। তাছাড়া, পর্ষদের মনোনয়ন কমিটির এই সিদ্ধান্ত চূড়ান্ত করার কোনো আইনি এখতিয়ার নেই, তারা কেবল সুপারিশ করতে পারে। আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যদি টাটা ট্রাস্টস এই পুনর্নিয়োগের বিরুদ্ধে ভোট দেয়, তাহলে সিদ্ধান্তটি বাতিল হয়ে যেতে পারে।
দ্বিতীয়ত, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ২০২২ সালে টাটা সন্সকে ‘উচ্চ স্তরের নন-ব্যাংকিং আর্থিক সংস্থা’ হিসেবে চিহ্নিত করে নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে নির্দেশ দিয়েছিল। টাটা সন্স ব্যাংক ঋণ শোধ করে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতির আবেদন জানালেও, চলতি মাসে আরবিআই তা প্রত্যাখ্যান করেছে।
রতন টাটাসহ ট্রাস্টের প্রবীণ পরিচালকরা সবসময় কোম্পানিকে ব্যক্তিমালিকানাধীন রাখার পক্ষে ছিলেন। তাদের মতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে ট্রাস্টের একক নিয়ন্ত্রণ কমবে এবং সাধারণ শেয়ারহোল্ডাররা মুনাফাকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে। এতে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও সামাজিক গবেষণায় ট্রাস্টের দেওয়া অনুদান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া, এয়ার ইন্ডিয়ার মতো সদ্য অর্জিত প্রকল্পগুলোর ঋণের চাপ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আকৃষ্ট নাও করতে পারে।
তবে করপোরেট বিশেষজ্ঞরা বলছেন, টাটার অধীনস্থ বিভিন্ন কোম্পানির মোট বাজারমূল্য ২৬০ বিলিয়ন ডলারের বেশি। এত বড় একটি শিল্পগোষ্ঠীর পরিচালনা কাঠামো, মূলধন ব্যবহার এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শেয়ারবাজারে আসা প্রয়োজন।
সামগ্রিক পরিস্থিতিতে টাটা গ্রুপে বড় ধরনের প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরির আশঙ্কা করছেন করপোরেট বিশ্লেষকরা। তাদের মতে, আগামী দিনগুলোতে পরিচালনা পর্ষদ ও ট্রাস্টের মধ্যে এই টানাপোড়েন ভারতের পুঁজিবাজার এবং বৈশ্বিক ব্যবসায়িক পরিমণ্ডলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : রোববার জার্মানির দুটি রাজ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে। উগ্র ডানপন্থী ও উগ্র বামপন্থীদের আসন বৃদ্ধি হলে বার্লিনের কেন্দ্রীয় রাজনীতিতে নতুন অস্থিরতা দেখা দিতে পারে।
এছাড়া, চাপের মধ্যে থাকা চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সরকারও একটি বড় রাজনৈতিক ধাক্কার সম্মুখীন হতে পারে।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ৭০ বছর বয়সী মের্ৎস নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে তার মধ্য-ডানপন্থী দল সিডিইউর শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক আহ্বান করেছেন।
ক্ষমতায় আসার ১৬ মাস পর, মের্ৎস পরবর্তী কয়েক দিনের কর্মসূচি প্রায় ফাঁকা রেখেছেন। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যাওয়ার সফরও তিনি বাতিল করেছেন, যাতে নির্বাচনের পর সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে পারেন।
দুই সপ্তাহ আগে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে মের্ৎসের সিডিইউকে চমকে দিয়ে বড় সাফল্য অর্জন করে উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দলটি একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের কাছাকাছি পৌঁছেছিল। ওই ফলের পর, মের্ৎসের দলের মধ্যে তার নেতৃত্ব নিয়ে সমর্থন কমছে কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়।
এদিকে, মের্ৎসের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেন্দ্র-বামপন্থী জোটসঙ্গী এসপিডির সঙ্গে মতপার্থক্যের কারণে তার প্রতিশ্রুত অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সংস্কার এগিয়ে নিতে তিনি হিমশিম খাচ্ছেন।
জনমত জরিপগুলো ইঙ্গিত করছে, রোববারের নির্বাচনে এএফডি আরও আসন পেতে পারে। তবে দুই রাজ্যের কোনোটিতেই দলটি সরকার গঠনের মতো অবস্থানে পৌঁছাবে বলে মনে হচ্ছে না। তবে স্যাক্সনি-আনহাল্টে তারা সেই অবস্থানের খুব কাছাকাছি পৌঁছেছিল।
চাপে থাকা মের্ৎস বুধবার তার দলের প্রভাবশালী নেতাদের কাছ থেকে কিছু সমর্থন পেয়েছেন। আটটি রাজ্যের প্রধানরা যৌথ বিবৃতিতে বলেছেন, জার্মানির এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন ‘স্থিতিশীলতা’, নেতৃত্বে কে থাকবে তা নিয়ে আলোচনা নয়।
তবে তারা সরাসরি মের্ৎসকে ব্যক্তিগতভাবে সমর্থন করার ঘোষণা দেননি।
দুটি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই
রোববারের নির্বাচনে সিডিইউকে দুই রাজ্যে দুই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় রাজ্য মেকলেনবুর্গ-ভোরপোমার্নে মূল লড়াই হচ্ছে মের্ৎসের দলের বাইরে জনপ্রিয় রাজ্য প্রধান মানুয়েলা শভেসিগের এসপিডি ও এএফডির মধ্যে।
সরকারি সম্প্রচারমাধ্যম জেডডিএফের জরিপ অনুযায়ী, এখানে এএফডির সমর্থন ৩৬ শতাংশ ও এসপিডির ৩৭ শতাংশ। অন্যদিকে, মের্ৎসের সিডিইউর সমর্থন মাত্র ৬ শতাংশ, অর্থাৎ রাজ্য পার্লামেন্টে প্রবেশের জন্য প্রয়োজনীয় ৫ শতাংশ ভোটের সীমার খুব কাছাকাছি।
সিডিইউ যদি ৫ শতাংশের নিচে নেমে যায়, তাহলে রাজ্যটির পার্লামেন্টে দলটির না থাকার নজিরবিহীন ঘটনা ঘটবে। এতে মের্ৎসের ওপর রাজনৈতিক চাপও ব্যাপকভাবে বাড়তে পারে।
অন্যদিকে, শহর-রাজ্য বার্লিনে ক্ষমতাসীন সিডিইউর সঙ্গে উগ্র বামপন্থী দল ডি লিংকের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
বার্লিনের ভয়াবহ আবাসন সংকট সমাধানে বড় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডি লিংকে। তরুণদের মধ্যেও দলটির জনপ্রিয়তা রয়েছে।
বার্লিনে সিডিইউ পরাজিত হলে মের্ৎসের জন্য সেটি আরেকটি রাজনৈতিক ধাক্কা হবে, বিশেষ করে যদি ডি লিংকের কাছে দলটিকে হারতে হয়।
দলটি করপোরেট ক্ষমতা কমানোর পক্ষে ও রাশিয়ার প্রতি তুলনামূলকভাবে সহানুভূতিশীল অবস্থান নেয়।
গত বছরের মে মাসে ক্ষমতায় এসে মের্ৎস দুর্বল হয়ে পড়া জার্মান অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো, রাশিয়াকে নিবৃত্ত করতে দেশের সামরিক সক্ষমতা বাড়ানো ও অনিয়মিত অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তার লক্ষ্য ছিল এসব পদক্ষেপের মাধ্যমে ভোটারদের উদ্বেগ কমিয়ে তাদেরকে এএফডির প্রতি ঝুঁকে পড়া ঠেকানো।
তবে বর্তমানে দেশব্যাপী জনমত জরিপে এএফডি এগিয়ে রয়েছে। অন্যদিকে, মের্ৎসের ব্যক্তিগত জনপ্রিয়তার হারও ১০ শতাংশের সামান্য ওপরে রয়েছে।
তার মাঝে মাঝে করা সরাসরি ও কড়া মন্তব্যও তার জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এন.এস. (আইইউসানস)-এর উপদেষ্টা অধ্যাপক ড. এম. আবু জাফর খান শনিবার (১৯ সেপ্টেম্বর) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউসানসের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবু জাফর খান শুভেচ্ছা বিনিময়কালে আইইউসানসের উত্তরোত্তর সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আইইউসানসের সভাপতি আসাদুল্লাহ আল গালিব মন্তব্য করেন, অধ্যাপক ড. এম. আবু জাফর খান স্যার ঝালকাঠি এন. এস. কামিল মাদরাসার একজন কৃতী শিক্ষার্থী হিসেবে নিজ মেধা, প্রজ্ঞা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে আজ দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন। তার এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, "তাঁর আদর্শ ও কর্মময় পথ অনুসরণ করে আমরাও দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিবেদিত করতে চাই।"
আইইউসানসের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবু জাফর খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনরায় নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে নূর ইসলাম বিজয়ী হন।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন সদস্য পরম উৎসাহের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু উপস্থিত সকলের সামনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পান ৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বিজয়ী নূর ইসলাম পান ৪৫ ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান নান্টু ৪১ ভোট পান এবং অপর প্রার্থী জুয়েল মৃধা পান ২৯ ভোট।
ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিজয়ী হন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পান ৫২ ভোট।
কার্যনির্বাহী সদস্যের ৬টি পদে বিজয়ী ছয়জন হলেন, শহিদ জয় (৯৬ ভোট), রফিকুল ইসলাম (৯২ ভোট), গালিব হাসান পিল্টু (৮০ ভোট), মুর্শিদুল আজিম হিরু (৭৯ ভোট), এস এম সোহেল (৬২ ভোট) এবং তৌহিদ জামান (৫৯ ভোট)।
এর আগে একাধিক প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দফতর সম্পাদক পদে তহীদ মনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সম্পূর্ণ নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ক্যাম্পাস টু করপোরেট সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তব কর্মজগতের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। একই সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা শিক্ষার্থীদের ক্যারিয়ারভিত্তিক দিকনির্দেশনা ও পেশাগত উন্নয়নে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এসটিসি অডিটোরিয়ামে ডিআইইউ বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়। ‘ক্যাম্পাস ও করপোরেটের মধ্যকার দূরত্ব কমানো’ এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ১৮০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিরা শিক্ষার্থীদের করপোরেট জগতের বাস্তবতা, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি ও পেশাগত উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বেটোপিয়া গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের কান্ট্রি হেড মো. ইফতেখাইরুল আলম শেহাব, ড্যাফোডিল গ্রুপের গ্লোবাল হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ও এআই বিজনেস হেড পলাশ আহমেদ এবং স্কিল জবসের আইটুআই প্রোগ্রামের প্রধান মো. মামুনুর রশিদ।
অনুষ্ঠানে ডিআইইউর ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান বুশরা ফেরদৌসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্যারিয়ার নির্দেশনা, শেখার সুযোগ এবং পেশাগত উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার পথ তৈরি হবে বলে আয়োজকরা জানান।
ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ সোয়েব বলেন, "আজকের আয়োজনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অর্থবহ একটি উদ্যোগ। ‘ক্যাম্পাস টু করপোরেট সেমিনার ২০২৬’-এ ১৮০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ এ ধরনের ক্যারিয়ারভিত্তিক উদ্যোগের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে তুলে ধরে।"
তিনি আরও বলেন, "ডিআইইউ বিজনেস ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্দেশনা, দক্ষতা উন্নয়ন এবং বাস্তব কর্মজগতের সঙ্গে পরিচিত করার জন্য বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ইন্ডাস্ট্রি এক্সপোজারের আয়োজন করে আসছে। আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে করপোরেট জগতের প্রয়োজনীয়তা ও নিজেদের প্রস্তুত করার বিষয়ে বাস্তব দিকনির্দেশনা পেয়েছে।"
এমওইউ স্বাক্ষরের বিষয়ে শেখ সোয়েব বলেন, "ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও নিয়মিত ও কার্যকর ক্যারিয়ারভিত্তিক নির্দেশনা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা শিক্ষার্থীদের জন্য আরও বেশি শেখার সুযোগ, ক্যারিয়ার নির্দেশনা এবং পেশাগত উন্নয়নের পথ তৈরি করবে।"
তিনি আরও বলেন, "ডিআইইউ বিজনেস ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
[[KEEP_1]]
[[KEEP_2]]
[[KEEP_3]]
[[KEEP_4]]
[[KEEP_5]]
[[KEEP_6]]
[[KEEP_7]]
[[KEEP_8]]
তালাশ বিডি/মিডিয়া লিঃ