১০:৩৭ এম
ফেনীর দাগনভূঞায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশমন্ত্রী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার একটু আগে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে ৪০ থেকে ৪৫টি হোন্ডা বহর পরিবেশমন্ত্রীর আলাইয়াপুর গ্রামের বাড়ির সামনে দিয়ে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাটের দিকে যাচ্ছিল। এ সময় মন্ত্রীর বাড়ির দিক থেকে লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করা হয় বলে দাবি করা হয়। দুই দিক থেকে ঘিরে তাদের বেধড়ক পেটানো হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ফটিকের অনুসারী ১১ জন কর্মী আহত হন। তাঁদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে ৬ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, দোকানি গ্রেপ্তার
অন্যদিকে মন্ত্রীর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন দাবি করেন, তারা হোন্ডা বহর নিয়ে মন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়েন। এ সময় তাদের তিনজন কর্মী আহত হন। পরে দাগনভূঞা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আলাইয়াপুর এলাকায় দমদমে অবস্থা বিরাজ করছে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান, ফয়সাল, শিবলু, মহিদুল ইসলাম রাকু, তানভীর, মো. শামীম, ইয়াকুব আলী, সুয়েল ও জহিরুল হক সুয়েল প্রমুখ।
কাজী জামশেদুর রহমান ফটিক সাংবাদিকদের তিনি বলেন, শুক্রবার বিকেলে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীর হাট বাজারে তাদের একটি খেলার উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নিয়ে রওনা দেন। বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির সামনে গেলে জসিম, রাজু ও স্বপন নামের কয়েকজনের নেতৃত্বে তাঁর নেতাকর্মীদের গুলি ছুড়তে ছুড়তে ধাওয়া দেওয়া হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ১২ থেকে ১৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ প্রায় ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
জসীমউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনী জেলা শ্রমিক দল: তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার দিন তিনি নিজের মাছের খামারে কর্মরত ছিলেন। পরে শুনতে পান, থানা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নাম ধরে বহিষ্কৃত নেতা ফটিকের লোকজন গালিগালাজ করছে। এ সময় বেশ কয়েকটি বোমা ফোটানো হয়। তখন এলাকার নারী-পুরুষ দলবেঁধে প্রতিরোধ করলে তাদের হামলায় এলাকার তিনজন কর্মী আহত হন।
আরও পড়ুন: ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে নিহত হলেন হেলাল উদ্দিন
আকবর হোসেন আহ্বায়ক, দাগনভূঞা উপজেলা বিএনপি: তিনি সাংবাদিকদের জানান, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে চার-পাঁচটি বোমা ফোটানো হয়। তারই পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের ধাওয়া দেয়।
উভয় পক্ষ একে অপরকে হামলার জন্য দায়ী করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন