০৬:০৭ পি.এম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) রঙিন তাঁবু এবং নবীন শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠেছে।
রোববার (২৯ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে ৪০টি সংগঠনের সপ্তাহব্যাপী ‘সাংগঠনিক সপ্তাহ’ শুরু হয়েছে, যার মূল উদ্দেশ্য নতুন সদস্য সংগ্রহ করা।
এ আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ডি-বিল্ডিং পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন নকশা ও সাজে টেন্ট (তাঁবু) সাজিয়েছেন সংগঠনগুলোর সদস্যরা। রোববার সকাল থেকেই টেন্টগুলোতে নবীন শিক্ষার্থীরা ভিড় জমিয়ে সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করছেন। ক্যাম্পাসের পাশাপাশি নতুন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে সংগঠনগুলো তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও ব্যাপক প্রচারণা চালাচ্ছে।
আরও পড়ুন: সিনেটের মনোনয়ন ছাড়াই দুই বছর ধরে খুবির সিন্ডিকেট সদস্য নাজমুস সাদাত
সাংগঠনিক সপ্তাহ ছাড়া বছরের অন্য সময়ে নতুন সদস্য হওয়ার সুযোগ না থাকায় নবীন শিক্ষার্থীরা নিজেদের পছন্দের সংগঠনে যুক্ত হতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তারা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে মানবসেবার উদ্দেশ্যেই মূলত এসব সংগঠনে যুক্ত হচ্ছেন।
পরিসংখ্যান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামজা ইসলাম নিজের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘শরীরচর্চা ও খেলাধুলা জীবনে শৃঙ্খলা আনে। তাই এরকম একটি ক্লাবে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি আমাদের বিভাগের সিনিয়রদের অনেকেই ডাটা সায়েন্স ক্লাবে রয়েছেন, আমিও সেটির সদস্য হতে চাই। এ ছাড়া ক্যারিয়ারবিষয়ক একটি ক্লাবের সঙ্গেও যুক্ত হওয়ার ইচ্ছা আছে।’
সংগঠকরা নিজেদের কার্যক্রম, ইতিবাচক উদ্যোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরে নতুন শিক্ষার্থীদের সংগঠনে যুক্ত করতে ব্যস্ত সময় পার করছেন।
সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলন শিক্ষার্থীদের সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে অনেক শিক্ষার্থীর দেরিতে ঘুমানো, দেরিতে ঘুম থেকে ওঠা কিংবা মাদক সেবনের মতো বদভ্যাস তৈরি হয়। এসব ক্ষতিকর অভ্যাস থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে আমাদের সংগঠন সাপ্তাহিক ফিটনেস সেশন ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক জীবনধারায় অভ্যস্ত করাই ফিটনেস ক্লাবের লক্ষ্য।’
আরও পড়ুন: এইচএসসিতে ১-১০% পাস, ২২ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
সাস্ট স্পিকার্স ক্লাবের সহভাপতি আজিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার ভীতি ও সংকোচ দূর করতে আমরা কাজ করি। প্রতি সপ্তাহে স্পিকিং প্র্যাকটিস সেশন করি। এ ছাড়া ক্যারিয়ারবিষয়ক সেমিনার ও প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা চাই যেকোনো পরিস্থিতিতে একজন শিক্ষার্থী সাবলীলভাবে কথা বলবে।’
ছাত্রকল্যাণমূলক কাজ, মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম আয়োজন ও শিক্ষার্থীদের নৈতিকতা অর্জনের জন্য ‘স্টুডেন্ট এইড সাস্ট’ কাজ করে, জানান সংগঠনের সভাপতি শোয়াইব আহমদ চৌধুরী। তিনি আরও বলেন, ‘এ ছাড়া সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে ব্যবস্থাপনা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সক্ষম হবে।’
থিয়েটার সাস্টের সেক্রেটারি রেজওয়ানুল হক সাংস্কৃতিক চর্চার বিষয়ে বলেন, ‘থিয়েটার সাস্ট একটি সাংস্কৃতিক সংগঠন। অভিনয়, গান, কবিতা আবৃত্তি, কস্টিউম ডিজাইনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যাদের আগ্রহ রয়েছে, তারাই মূলত আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হন।’
প্রক্টর অফিস সূত্রে জানা যায়, এবারের সাংগঠনিক সপ্তাহে মোট ৪০টি সংগঠনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে— স্পোর্টস সাস্ট, ডিভাইন স্পেকট্রাম সোসাইটি (ডিএসএস), ক্যাম সাস্ট, জিডিএন সাস্ট, সাস্ট চেস ক্লাব, সাস্ট বিজনেস ক্লাব, টুরিস্ট ক্লাব, এসইউডিএস, নৃৎ, স্বপ্নোত্থান, চোখ-ফিল্ম সোসাইটি, স্টুডেন্ট এইড সাস্ট, কাইজেন সাস্ট, সুপা, কার্টুন ফ্যাক্টরি, সাস্ট ক্যারিয়ার ক্লাব, অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ, শিখড়, রিম মিউজিক্যাল ক্লাব, সাস্ট অটোফিউশন, সাস্ট আইআরএ, সাস্ট স্পিকার্স ক্লাব, আজ মুক্তমঞ্চ, সঞ্চালন, দিক থিয়েটার, মাভৈ আবৃত্তি সংসদ, সাস্ট ডাটা সায়েন্স, বাইনারি সাস্ট, সায়েন্স অ্যারেনা, নোঙর, কিন, সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক, ইনকিলাব মঞ্চ, থিয়েটার সাস্ট, সাস্ট মুনা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাস্ট ফিটনেস ক্লাব, সাস্ট স্কুল অব ডিবেট ও সাস্ট রিসার্চ সোসাইটি।
আরও পড়ুন: বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা ইডেন মহিলা কলেজে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন