রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৫২ পি.এম
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটি রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন, যা বাংলাদেশ-চীন সম্পর্ককে জোরদার করতে সহায়তা করেছে।
তিনি এ সময় উল্লেখ করেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মেয়াদকালে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি, প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ মেকানিজম চালু হতে যাচ্ছে বলেও তিনি জানান।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে তিন বছর নয় মাসের কার্যকালকে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিহিত করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।
সাক্ষাৎকালে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট। নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটাভুটিতে পিছিয়ে পড়ার পর তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
৭৪ বছর বয়সী বামপন্থী নেত্রী মিশেলকে গত ফেব্রুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের প্রশাসন এই পদের জন্য মনোনীত করে। তিনি ব্রাজিল ও মেক্সিকোর মতো লাতিন আমেরিকার বামপন্থী নেতাদের সমর্থনও লাভ করেছিলেন। কিন্তু পরবর্তীতে চিলির ক্ষমতার পরিবর্তনের ফলে নতুন কট্টর-ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্টের সরকার গত মার্চে তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। সম্প্রতি নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটাভুটিতে তিনি আটজন প্রার্থীর মধ্যে পেছনের সারিতে অবস্থান করছিলেন।
একটি ভিডিও বার্তায় প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বাশেলে বলেন, "কেউ কেউ মনে করতে পারেন এই পদটির জন্য এটি উপযুক্ত সময় ছিল না, তবে এই চ্যালেঞ্জটি নিতে পেরে আমার কোনো অনুশোচনা নেই।" তিনি মনে করেন, তার এই প্রার্থিতার মাধ্যমে অন্তত জাতিসংঘের পরবর্তী প্রধান হিসেবে লাতিন আমেরিকার কোনো নারীকে দায়িত্ব দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি বৈশ্বিক আলোচনায় এসেছে।
জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে এ পর্যন্ত কোনো নারী মহাসচিব পদে দায়িত্ব পাননি। ভৌগোলিক আবর্তনের প্রথা অনুযায়ী এবার শীর্ষ পদটিতে লাতিন আমেরিকার কারো আসার কথা রয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। মিশেল সরে দাঁড়ানোর পর বর্তমানে চারজন নারী ও তিনজন পুরুষ এই দৌড়ে রয়েছেন। নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটাভুটিতে এখন পর্যন্ত কোস্টারিকার সাবেক উপরাষ্ট্রপতি রেবেকা গ্রিনস্প্যান এবং গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বার্কেট এগিয়ে আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন।
আজ রবিবার ঢাকা মেডিক্যাল পলিসিসটিক সিনড্রোম সচেতনতা সপ্তাহের একটি সেমিনারে এই কথা বলেন তিনি।
মন্ত্রী এসময় আরও বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধাত্বের হার বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ সৃষ্টি হয়েছে।
মন্ত্রী জানান, দ্রুতই চীনসহ আধুনিক দেশগুলোর প্রযুক্তি দেশে আনার জন্য ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। আলোচনায় উঠে আসে যে, বাংলাদেশে প্রতি ১০০ জনে ৮ থেকে ১০ জন নারী এই সমস্যায় ভুগছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে জামায়াতের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান। এর আগে শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক, সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মৃত ইউনুছ আলীর ছেলে।
মামলা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মাথাব্যথা হওয়ায় সে বাবুনগর এলাকার হাসানহাট বাজারে আলমগীরের ওষুধের দোকানে যায়। আলমগীর ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করেন।
শিশুটির বাবার অভিযোগ, মাথাব্যথা ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যাবে বলে আলমগীর শিশুটিকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে জানালে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, ২০২২ সাল পর্যন্ত আলমগীর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।
তবে অভিযুক্ত আলমগীরের দাবি তুলে ধরে মোজাম্মেল হোসেন বলেন, ঝাড়ফুঁকের কাজ করতে গিয়ে রতনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। একটি চক্র টাকা দাবি করে না পাওয়ায় ভিকটিমকে দিয়ে তার বিরুদ্ধে কথা বলানো হয়েছে। পরে পরিবারকে উসকানি দিয়ে মামলা করানো হয়েছে বলে আলমগীর দাবি করেছেন।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ১৭৮তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৪ হাজার ৭৮৮ রানে পৌঁছে সুজি বেটসকে পেছনে ফেলেছেন।
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডটি তিনি রবিবার অর্জন করেন। নিউজিল্যান্ডের সুজি বেটসকে অতিক্রম করে মান্ধানা এই কৃতিত্ব অর্জন করেন।
ভারতের ইনিংসের তৃতীয় ওভারে এসে ৮ রান নিয়ে বেটসকে ছাড়িয়ে যান মান্ধানা। বেটস ১৭৮ ইনিংসে ৪ হাজার ৭৫৮ রান করেছিলেন। মান্ধানা সেই রান টপকাতে সক্ষম হন ১৭১তম ইনিংসে, যা ছিল তাঁর ১৭৮তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।
রবিবার মান্ধানা ১৯ বলে ৩৭ রান করেন। তাঁর ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা ছিল। দারুণ ছন্দে থাকা এই ওপেনারের ইনিংস পাওয়ারপ্লের শেষ ওভারে শেষ হয়। নাহিদা আক্তারের বলে স্লগ সুইপ করতে গিয়ে টাইমিং ঠিক রাখতে পারেননি তিনি এবং ডিপ মিডউইকেটে শোভনা মোস্তারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
তবে তার আগে তিনি ইতিহাসে নাম লেখাতে সক্ষম হন। সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি, একই ম্যাচে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় নারী হিসেবে ১০০ ছক্কার মাইলফলকও স্পর্শ করেন মান্ধানা।
সম্প্রতি, ভারতের এই ওপেনার একের পর এক রেকর্ড গড়েছেন। নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তাঁর দখলে রয়েছে। নারী আন্তর্জাতিক ক্রিকেটে মান্ধানার সেঞ্চুরির সংখ্যা এখন ১৮টি।
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় মান্ধানার পর দ্বিতীয় স্থানে আছেন বেটস। নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটার ১৮৬ ম্যাচে ৪ হাজার ৭৫৮ রান করেছেন। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর ২০৯ ম্যাচে ৪ হাজার ২৮৭ রান নিয়ে তৃতীয় স্থানে, শ্রীলঙ্কার চামারি আথাপাত্থু ১৭২ ম্যাচে ৪ হাজার ২৮২ রান নিয়ে চতুর্থ এবং নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ১৫৮ ম্যাচে ৩ হাজার ৮১৭ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
এশিয়ান গেমসের ব্যস্ত সূচির মধ্যে রয়েছে মান্ধানার ভারত। ১৮ সেপ্টেম্বর স্বাগতিক জাপানকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে তারা সেমিফাইনালে প্রবেশ করেছে। ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেমিফাইনালের ফল অনুযায়ী ২২ সেপ্টেম্বর হবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ