০৯:২৬ এম
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো অনুযায়ী, ১ নভেম্বর বেতন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। কিন্তু, বেতন নির্ধারণে বিভিন্ন জটিলতা ও অসংগতির কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী এবারও নতুন কাঠামোর বর্ধিত বেতন এবং বকেয়া পাচ্ছেন না। তাদের জন্য আপাতত পুরনো কাঠামোয় বেতন প্রদান করা হতে পারে।
অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাদের সবার বেতন নতুন কাঠামোয় নির্ধারণের কাজ এখনও সম্পন্ন হয়নি। এই কারণে নির্ধারিত সময়ে সবার বেতন কার্যকর করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে।
নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়ায় কোথাও জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়ে জুনিয়রের বেতন বেশি হচ্ছে, আবার পদোন্নতির পরও কারো মোট আয় কমে যাচ্ছে। উচ্চতর গ্রেড এবং বাড়িভাড়া ভাতা নির্ধারণেও অসংগতি দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আইবাস++ ব্যবস্থার জটিলতা।
আরও পড়ুন: বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না: ডা. জাহিদ হোসেন
গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। ৫ অক্টোবর থেকে বেতন নির্ধারণের কাজ শুরু হলেও অনেক মন্ত্রণালয় এবং বিভাগে তা শেষ হয়নি। এসব সমস্যা সমাধানে অর্থ বিভাগে আবেদন করেও অনেকে সুরাহা পাননি।
অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রজ্ঞাপন তৈরি এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতার অভাব থেকে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এগুলো সমাধানের কাজ চলছে এবং অভিজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। ফলে ১ নভেম্বর নতুন কাঠামোয় বেতন দেওয়ার প্রস্তুতি থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারীর বর্ধিত বেতন ও বকেয়া পাওয়ার বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন