ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সৌদিকে ফের হুঁশিয়ারি, এবার লক্ষ্য দুই জায়গা


সৌদিকে ফের হুঁশিয়ারি, এবার লক্ষ্য দুই জায়গা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে আবারও হুঁশিয়ারি দিয়েছে। নতুন করে দেওয়া সতর্ক বার্তায় তারা উল্লেখ করেছে যে, সৌদির বিমানবন্দর এবং তেল স্থাপনাগুলোতে হামলা অব্যাহত থাকবে।

গত মঙ্গলবার রাতে সৌদি আরামকোর ধাহরান কমপ্লেক্সে হামলার ঘটনার পর বুধবার (১৪ অক্টোবর) এই হুমকি দেয় হুথিরা। হামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থাপনাটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে।

হুথিদের দাবি, সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু। তারা জানায়, ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণগুলি চালানো হচ্ছে।

আরও পড়ুন: বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, আতঙ্ক ছড়ালো কলকাতার বিমানবন্দরে

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে সৌদি আরবে হুথিদের হামলা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত হন।

রয়টার্সকে তিনটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সৌদি আরামকোর স্থাপনায় হামলার পর আগুন কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলায় সীমিত পরিসরে আগুনের ঘটনা ঘটেছে।

সূত্রগুলোর মধ্যে দুজনের তথ্য অনুযায়ী, আরামকোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন। রয়টার্স কোম্পানিটির মন্তব্য জানতে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

এদিকে, বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই দিন সৌদি রাজধানীতে কয়েকটি বিকট শব্দ শোনা যায়। সম্ভাব্য আকাশপথের হুমকি নিয়ে সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। তবে শব্দগুলোর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাচ্ছে ভারতীয় পোশাক প্রস্তুতকারকরা: শুল্কের প্রভাব

হুথিরা জানিয়েছে, তারা ধাহরানে আরামকোর স্থাপনা, রিয়াদের বিমানবন্দর এবং রাজধানীতে আরামকোর একটি তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। তারা আন্তর্জাতিক নৌপরিবহন কোম্পানি, বেসামরিক নাগরিক ও কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর এবং তেল স্থাপনা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। সৌদি আরবগামী বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করেছে বিমান সংস্থাগুলো। তবে নতুন করে আসা হুথিদের হুঁশিয়ারি ইস্যুতে নিজেদের অবস্থান জানায়নি সৌদি আরব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ লিপ্ত হওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাজকীয় আদেশের মাধ্যমে মক্কা অঞ্চলে এই সাজা বাস্তবায়ন করা হয়, যা স্থানীয় বিচারিক আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর কার্যকর করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই দণ্ড কার্যকর হওয়ার তথ্য জানিয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম হল নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার।

প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, মক্কার একটি মসজিদে পবিত্রতা ও স্থান-কালের মর্যাদা লঙ্ঘন করে অনৈতিক কাজ করার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলাটি আদালতে স্থানান্তরিত হয়।

বিচারপ্রক্রিয়া শেষে আদালত জানায়, পবিত্র উপাসনালয়ের ভেতরে এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং স্থান ও সময়ের পবিত্রতার চরম লঙ্ঘন। অপরাধের ভয়াবহতা বিবেচনা করে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এবং আইনি এখতিয়ার অনুযায়ী তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করে।

উচ্চতর আদালত পরবর্তীতে এই রায়কে বহাল রাখে। রাজকীয় অনুমোদনের পর বুধবার মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ভারতীয় নাগরিক অভিজিৎ দাস গ্রেপ্তার, ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


ঢাকায় ভারতীয় নাগরিক অভিজিৎ দাস গ্রেপ্তার, ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির আড়ালে পাচার করে আনা ৪ কেজি ২৮০ গ্রাম ‘কুশ’ (উচ্চ ক্ষমতাসম্পন্ন একধরনের গাঁজা) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিজিৎ দাস (৪০) নামে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছানোর পর বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক রাজিউর রহমান।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় সংস্থাটির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল। সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে দলটি ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটের যাত্রী অভিজিৎকে সন্দেহভাজন হিসেবে আটক করে।

পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। ট্রলিতে মাদকের পাশাপাশি তিনটি ভারতীয় শভূষণ ও শাড়িও ছিল।

ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ রেলওয়ে স্টেশনের একজন কুলি বলে পরিচয় দিয়েছেন। তার দাবি, একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্র ভারতের নিম্ন আয়ের মানুষকে ব্যবহার করে এভাবে মাদক পাচার করে আসছে।

অভিজিৎ জানিয়েছেন, চক্রটি প্রথমে তাদের কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। এরপর ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামালের আড়ালে মাদক ঢুকিয়ে বাংলাদেশে পাঠানো হয়। দেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছে চক্রটি—এমন চাঞ্চল্যকর তথ্যও পেয়েছে ডিএনসি।

ডিএনসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে দুই-তিন দিন অবস্থান করে মাদকের চালানটি নির্ধারিত ব্যক্তির কাছে হস্তান্তর করার পরিকল্পনা ছিল অভিজিতের। পরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়ার কথা ছিল তার। তবে এই চক্রের দেশীয় ও আন্তর্জাতিক অন্য সদস্যদের পরিচয় এবং জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে।

অভিজিতের কাছ থেকে কুশের পাশাপাশি একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন ও একটি বোর্ডিং পাস জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মূল উৎস, বাংলাদেশে কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার (১৪ অক্টোবর) একটি রেকর্ড গড়ার অসাধারণ রাত ছিল, যেখানে কিলিয়ান এমবাপ্পে প্রতিযোগিতার ইতিহাসে নতুন একটি অধ্যায় রচনা করেছেন। এই ঘটনার মাধ্যমে লিওনেল মেসির একটি অনন্য রেকর্ড ভেঙে গেছে।

রোমার মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ৪-৩ গোলে জয়লাভ করেছে। এই ম্যাচে কোচ হোসে মরিনহোর শুরুর একাদশে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে মাঠে নেমে ক্যারিয়ারের শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

মাত্র ২৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন এমবাপ্পে, যা ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষে ২৮ বছর বয়সে গড়া লিওনেল মেসির আগের রেকর্ডকে ভেঙে দিয়েছে।

এই শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। ম্যাচটিতে এটি ছিল তার চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের ৭২তম গোল, যার ফলে তিনি রিয়ালের সাবেক তারকা রাউল গঞ্জালেজকে পিছনে ফেলে প্রতিযোগিতার সর্বকালের গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন।

এমবাপ্পে ২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর জার্সিতে ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ঘটান। গত মৌসুমে তিনি ১৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন এবং অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও গড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি গঠনের আলোচনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি গঠনের আলোচনা চলছে

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়, রাড্ডা সেন্টারের ঘটনাসহ বিভিন্ন ইস্যুর প্রেক্ষিতে। একই দিনে মহানগর উত্তর যুবদল ও পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এই কমিটিগুলো বিলুপ্ত হওয়ার পর উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা তীব্র হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক বা সভাপতি এবং সদস্যসচিব বা সাধারণ সম্পাদক পদে কারা আসতে পারেন, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় পুরোনো কমিটির পরিচিত নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখের নামও উঠে আসছে। কাঙ্ক্ষিত পদ পেতে ইতোমধ্যে বিএনপির নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ ও তদবির শুরু করেছেন কেউ কেউ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্ভাব্য নতুন কমিটির শীর্ষ পদে পুরোনো মুখ নিয়ে আলোচনা বেশি হচ্ছে। সভাপতি কিংবা আহ্বায়ক পদে আলোচনার কেন্দ্রে রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আমিনুল হক। ফলে পুরোনো নেতাকর্মীদের একটি অংশ তাকে ঘিরে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে। গত ৫ অক্টোবর গুলশানে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তাকে সভাপতি করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ এবং ১ নম্বর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ারও আমিনুল হকের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্য, "দলের কঠিন সময়ে মাঠে সক্রিয় ছিলেন আমিনুল হক। নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগও রয়েছে।" সভাপতি পদের আলোচনায় আরও রয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, মহানগর উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনের নামও।

অন্যদিকে সাধারণ সম্পাদক বা সদস্যসচিব পদের আলোচনায় এগিয়ে রয়েছেন বিলুপ্ত কমিটির সদস্যসচিব মোস্তফা জামান। তার সঙ্গে যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের নামও আলোচনায় রয়েছে। এছাড়া সাবেক কমিশনার ও বিলুপ্ত কমিটির ১ নম্বর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি ইউসুফ ও সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক এবং যুবদল মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের নামও আলোচনায় রয়েছে। এর বাইরে আরও অনেকে নতুন কমিটিতে জায়গা পেতে লবিং করছেন বলে জানা গেছে।

এস এম জাহাঙ্গীর যুগান্তরকে বলেন, "দলের নীতিনির্ধারকরাই সাংগঠনিক দক্ষতা ও অতীতের ভূমিকা মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত নেবেন।" এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সর্বোচ্চ শক্তি দিয়ে যথাযথভাবে পালন করেছি। প্রতিটি থানা ও ওয়ার্ড নেতাকর্মীদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%