০৫:১৭ পি.এম
দেশজুড়ে চলমান তীব্র গরমের মাঝেও রাজধানী ঢাকা সহ দেশের ১৪টি অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বাংলাদেশে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫) আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়াজ কবির এই পূর্বাভাস প্রদান করেছেন, যা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: হাসিনার কাছে জানতে চাইলেন রিজভী
এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার জন্য বলা হয়েছে।
এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এই প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
এ সময়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: যশোরে রঞ্জন মন্ডলকে ইঞ্জেকশন পুশ করে হত্যা, মরদেহ নদীতে ফেলা
বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে আজ কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন