০৬:৫৯ পি.এম
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ঐতিহ্যবাহী ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম আবার শুরু হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এলাকার মানুষের আধুনিক ডাকসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এই সাব-পোস্ট অফিসটির নবযাত্রা শুরু হলো।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডাকঘরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সিলেট বিভাগের প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দুপুর ১২টায় ‘বিরাহিমপুর ডাকঘর’ নামক এই টাউন সাব-পোস্ট অফিসের নব-কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিকটজন, ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
এর আগে সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং পোস্ট অফিস পরিদর্শক (শহর) রুনু চক্রবর্তীর পরিচালনায় একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিপিএমজি সুজিত চক্রবর্তী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্মানিত শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের দাদা মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী জীবদ্দশায় তার এই বাড়িতে ডাকবিভাগকে ১৬ শতক জমি দান করেছিলেন।’
‘সেখানে স্থাপন করা হয়েছিল শাখা ডাকঘর। কিন্তু ভবন পরিত্যক্ত হওয়ায় ২০১৩ সালে এ ডাকঘরের কার্যক্রম পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে স্থানান্তর করা হয়।’
তিনি আরও জানান, ২০২৪ সালে এ ডাকঘরকে টাউন সাব-পোস্ট অফিস হিসেবে উন্নীত করে পুনরায় কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলামের নির্দেশ এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) মো. আবু তালেবের সার্বিক তত্ত্বাবধানে ও সিলেট বিভাগের ডাকঘরের ব্যবস্থাপনায় ভবনের সংস্কারকাজ শেষ করা হয়।
আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন
মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলীসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ির সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সুজিত চক্রবর্তী বলেন, ‘স্থানীয় মানুষের ডাকসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যেই তারা বহু বছর আগে এই মহান উদ্যোগ নিয়েছিলেন। আজ আমরা সেই উদ্যোগকে সবাই এগিয়ে নিয়ে যাব এবং স্থানীয়দের সকল আধুনিক ডাকসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’
উক্ত সভায় বিশেষ অভিনন্দনের সাথে বক্তব্য রাখেন ‘খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী ওয়াকফ স্টেট’র মুতাওয়াল্লি বাবর আলী খাঁন, বিশিষ্ট সমাজসেবক আসাদ উদ্দিন, সিলেট প্রধান ডাকঘরের এপিএম লিপ্টন রঞ্জন রায় ও এপিএম মুজিবুর রহমান খান পাঠান।
সভায় শুরুতে স্থানীয় মসজিদের খতিব ও ইমাম মাওলানা আনোয়ার হোসেন পবিত্র কুরআন তিলাওয়াত করেন এবং ডাকবিভাগের কর্মকর্তা চুমকি রানী তালুকদার গীতা পাঠ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট প্রধান ডাকঘরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিরাহিমপুর ডাকঘরের পোস্টমাস্টার ও স্থায়ী কমিটির সদস্যদের সম্মাননা জানানো হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও প্রাণনাশের হুমকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন