ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

দুর্গাপুরে সম্ভাবনাময় পর্যটনে গতি আনতে প্রশাসনের উদ্যোগ


দুর্গাপুরে সম্ভাবনাময় পর্যটনে গতি আনতে প্রশাসনের উদ্যোগ

নেত্রকোণা, ৯ নভেম্বর, ২০২৬ : জেলার সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়, বহমান নদী এবং বিজয়পুরের চিনামাটি টিলার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে দুর্গাপুরকে জাতীয় পর্যায়ের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে রূপান্তরের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অবকাঠামোগত উন্নয়ন, দর্শনার্থীদের নিরাপত্তা এবং স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি পর্যটন এলাকায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুধীজন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন, "প্রকৃতির অপার রূপ আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় কৃষ্টি মিলিয়ে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা সুদূরপ্রসারী।" তিনি আরও উল্লেখ করেন, সুপরিকল্পিত বাস্তবায়ন ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পর্যটন খাতকে গতিশীল করা গেলে এটি স্থানীয় রাজস্ব ও জীবিকার প্রধান উৎসে পরিণত হবে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, "আগত পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ পরিবেশ নিশ্চিত করা পুলিশের অগ্রাধিকার।" তিনি বলেন, পর্যটন কেন্দ্রিক এই অর্থনৈতিক চাকা সচল হলে এলাকা থেকে মাদক, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

সভায় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাম্প্রতিক প্রশাসনিক উদ্যোগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

বিশেষ করে পর্যটন জোনে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে সরেজমিন সমীক্ষা পরিচালনার উদ্যোগকে স্বাগত জানানো হয়।

উন্মুক্ত সেশন শেষে আসন্ন শীতকালীন পর্যটন মৌসুমে বিজয়পুর এলাকায় হোটেল-মোটেলের আবাসন ব্যবস্থা, দূরপাল্লা ও স্থানীয় হালকা যানবাহনের যাতায়াত ভাড়া নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বিধানে একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নীপা বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিচাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বণিক সমিতির সভাপতি রণজিৎ সেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

আরও পড়ুন: শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো

সভায় স্থানীয় সাংবাদিক, সচেতন নাগরিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ৫টি ওষুধ দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ এম


ফেনীতে ৫টি ওষুধ দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা

ফেনী, ৯ নভেম্বর, ২০২৬ : শহরের ট্রাংক রোডে ৫টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ২৭ হাজার টাকা জরিমানা আরোপ করেছে।

আজ সোমবার দুপুরে এই অভিযানটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদপ্তর ফেনীর সহযোগিতায় অভিযানটি সম্পন্ন হয়।

অভিযানের সময়, ওষুধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয় এমন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে লিংক ফার্মেসিকে ১০ হাজার, ঢাকা ফার্মেসিকে ২ হাজার এবং এম রহমান মেডিকেল স্টোর, সোলেমান মেডিকেল হল ও দৌলত ট্রেডিং কর্পোরেশনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া, কিছু ওষুধের দোকানকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের আগ্রাবাদে ৫ জন আটক, ১৭০ ঘনফুট সেগুন কাঠ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ এম


চট্টগ্রামের আগ্রাবাদে ৫ জন আটক, ১৭০ ঘনফুট সেগুন কাঠ জব্দ

চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৬ : অভিযান চালিয়ে কোস্ট গার্ড চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় পাঁচজনকে আটক করেছে। আটককৃতদের সঙ্গে রয়েছে ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ ও দুটি ট্রাক। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।

আজ সোমবার (৯ নভেম্বর) কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সংলগ্ন বারেক বিল্ডিং এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ উদ্ধার করা হয়। একই সঙ্গে কাঠ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।

পরে, জব্দ করা কাঠ ও ট্রাক এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, বন ও পরিবেশ সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিটি সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের সোশ্যাল গার্ডেন-২-এ কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার। আইডিইবির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন সংগঠনের ছাত্রবিষয়ক সদস্য প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার উল্লেখ করেন, "স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগ একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তিনি আরও বলেন, আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে এ আয়োজন ডিপ্লোমা প্রকৌশলীদের সামাজিক দায়বদ্ধতারই প্রকাশ।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. কবীর হোসেন বলেন, "মানুষের জীবন রক্ষায় রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।" তিনি ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

স্বাগত বক্তব্যে প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন রক্তদানকারী সদস্য প্রকৌশলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মসূচিতে আইডিইবির নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শতাধিক ব্যাগ রক্ত সংগৃহীত হয়। সংগৃহীত রক্ত পরবর্তীতে আইডিইবির পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রকৌশলী মো. ইমাম উদ্দিন, প্রকৌশলী সেলিমুর রহমান, প্রকৌশলী এস এম ফিরোজ, প্রকৌশলী শাহাদাত জামিল চৌধুরী লিন্টন, প্রকৌশলী মো. জসিম সিকদার রানাসহ আইডিইবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্টেক হোল্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


খুলনায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্টেক হোল্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা, ৯ নভেম্বর, ২০২৬ : খুলনায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত স্টেক হোল্ডারদের জন্য একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মহানগরীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় মহানগরীর বর্তমান মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি, প্রত্যাশিত ফলাফল, বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং প্রধান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, অব্যবস্থাপনা ও বিদ্যমান ঘাটতি এবং প্রযোজ্য বিধিমালা অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

এছাড়া, উৎপত্তিস্থলেই সঠিকভাবে বর্জ্য পৃথকীকরণ, নির্ধারিত রঙের বিন ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ, বর্জ্য সংগ্রহ, অভ্যন্তরীণ পরিবহন, সংরণ ও নির্ধারিত স্থানে হস্তান্তর নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল নিয়োগের বিষয়টিও আলোচিত হয়।

সভায় কেসিসি প্রশাসক উল্লেখ করেন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাগুলো আরও ফলপ্রসূ করার জন্য একটি নীতিমালা প্রস্তুত করা হবে। তিনি বলেন, "বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা খুলনা সিটি কর্পোরেশনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।"

এই চ্যালেঞ্জ মোকাবিলায় সলুয়ায় ও মাথাভাঙ্গায় নির্মিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট দ্রুত চালু করা হচ্ছে। একই সাথে মেডিকেল বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টটিও চালু করা হবে।

তিনি আরও বলেন, পূর্বের ন্যায় গতানুগতিক ধারায় বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনার কোনো সুযোগ নেই। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে কেসিসি কর্তৃক গৃহীত কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রাতিষ্ঠানিক মালিকানা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা, প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, খুলনা সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, করণীয় ও দায়িত্ব বণ্টন, বর্জ্য পৃথকীকরণ ও দায়িত্বশীলভাবে হস্তান্তর নিশ্চিত করা, নিয়মিত সমন্বয় ও প্রতিবেদন প্রদানের বিষয়টি ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. মো. হোসেন আলী, খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, খুলনা শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সাজেদ আল ইসলাম, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম, ইউনিসেফ-এর ওয়াশ অফিসার নওশাদ আকরামসহ মহানগরীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%