১০:২৯ এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন
র্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় প্রায়ই বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে, যার মধ্যে ছিনতাইও রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কাঁচপুর ব্রিজ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সড়কের পাশের একটি ঝোপে তল্লাশি চালায় র্যাবের সদস্যরা। এ সময় সেখানে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
তবে এসব অস্ত্র সেখানে কারা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: পূর্বধলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন